ব্র্যাকের সঙ্গে চব্বিশ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক থেকে প্রথম আলো অফিসে এলেন চিররঞ্জন সরকার ও মাহবুবুল আলম কবীর, একটি প্রস্তাব নিয়ে। প্রস্তাব দিলেন প্রথম আলো বন্ধুসভার সঙ্গে একটি কর্মসূচি পালন করতে চান। কর্মসূচির বিষয় মেয়েশিশুদের নিয়ে (অনূর্ধ্ব ১৮ বছর) সচেতনতামূলক একটি আয়োজন। পাশাপাশি তাদের তোলা আলোকচিত্র প্রতিযোগিতা। আমরা সানন্দে সে প্রস্তাব গ্রহণ করলাম।

গত ২৬ অক্টোবর প্রথম আলোর মূল কাগজে ছাপা হলো আলোকচিত্র প্রতিযোগিতার বিজ্ঞাপন। সারা দেশ থেকে ই-মেইলে আসা শুরু হলো মেয়েশিশুদের তোলা নানা বিষয়ের আলোকচিত্র। আমরা তাদের ছবি দেখে অবাক হলাম। বিস্ময় প্রকাশ করলেন কত রকম ছবি তোলার দৃষ্টিভঙ্গি তাদের। এর কয়েক দিন পর থেকে শুরু হলো সারা দেশে মেয়েশিশুদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান। ৯, ১০ ও ১১ নভেম্বর ২০ জেলায় হলো এই আয়োজন। মূল লক্ষ্য মেয়েশিশুদের নিরাপদ পরিবেশ তৈরির ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। তাদের নিরাপদ চলাফেরা, নিরাপদ জীবন চাই। মেয়েশিশুদের প্রতি অবহেলা-নির্যাতনের বিরুদ্ধে সবার প্রতিরোধ গড়ে তোলা। স্লোগান তৈরি হলো—‘মেয়েশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।’

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার এই আয়োজন। ২৬ অক্টোবর থেকে বারবার আমাদের যোগাযোগ হয়েছে ব্র্যাকের সঙ্গে। তাঁদের সঙ্গে নানা বিষয়ে আমাদের মত বিনিময় হয়েছে। কেমন করে আয়োজনটি সফল করা যায়। আমরা তাঁদের কথা শুনেছি, তাঁরাও আমাদের নানা সিদ্ধান্তে মত দিয়েছেন।

২০ জেলায় অনুষ্ঠান করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পেয়েছি এলাকার মানুষের অভিনন্দন। মেয়েশিশুদের নিয়ে আমাদের ভাবনা, তাদের কেন্দ্র করে আমাদের উদ্যোগ, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের উচ্চারণ—এসব কারণে এলাকার মানুষ ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়েছেন। উপস্থিত দর্শক-শ্রোতা একসঙ্গে হাত তুলে শপথ নিয়েছেন, মেয়েশিশুদের নিরাপদ পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন।

আমরা মনে করি, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারীর প্রতি সহিংসতা, মেয়েদের নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে মানুষের মনোযোগ আকৃষ্ট করা গেছে। তাঁরা সচেতন হচ্ছেন। সর্বোপরি মেয়েশিশুদের মধ্যে সঞ্চারিত হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার সাহস। ১৮ নভেম্বর আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের মধ্যে দেখা গেছে তারই উজ্জ্বল আভাস।

দেশের প্রতিটি আনাচকানাচে মেয়েদের নিরাপদ পরিবেশ গড়তে প্রথম আলো বন্ধুসভাও কাজ করে যাবে।

খুব অল্প সময়ে মাত্র ২৪ দিনে আমরা এ আয়োজন সফল করে তুলি। সে জন্য বন্ধুদের অভিনন্দন জানাই।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ