ব্র্যান্ড উইৎজ-১৫ চ্যাম্পিয়ন ঢাবির আইবিএ

মাঠের লড়াই হলে হয়তো খালি চোখেই বলে দেওয়া যেত বিজয়ী দলের নাম। লড়াই যেহেতু সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা প্রকাশের, তাই ভরসা রাখতে হলো বিচারকদের সূক্ষ্ম বিচারের ওপর। বিজয়ীদের নাম ঘোষণার সময় যত ঘনিয়ে আসছিল প্রধানমান্ত্রী কার্যালয়ের শাপলা হলে ততই জেঁকে বসছিল চাপা উত্তেজনা। সে উত্তেজনা প্রতিযোগী ছাপিয়ে উপস্থিত অতিথিদের মধ্যেও কী ভর করেনি! সঞ্চালক সে উত্তেজনার ইতি টেনে একে একে ঘোষণা করলেন ‘ব্র্যান্ড উইৎজ-১৫’-এর বিজয়ী দলগুলোর নাম। ব্র্যান্ড উইৎজ হচ্ছে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ধ্যানধারণা প্রকাশের প্রতিযোগিতা। তবে এ বছর প্রতিযোগিতাটি হয় নাগরিক সেবা প্রদানে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে।
৭ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের দল ‘প্রজেক্ট ২২’, রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ‘আভান্ট গার্ড’ নামের আরেকটি দল। প্রথম রানারআপের পুরস্কার ওঠে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘৩৬০ ডিগ্রি’র হাতে। পুরস্কার হিসেবে বিজয়ী দলগুলো ক্রেস্ট ও সম্মাননা ছাড়াও পেয়েছে ৪ লাখ ৭৫ হাজার টাকার চেক।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন মাশরুর হোসেন, মিথি চৌধুরী, তুষার আহমেদ ও মুস্তাবিন উল বারী। তারা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রানারআপ আভান্ট গার্ড দলের সদস্যরা হলেন এম সামিউল হক, সায়েম ফারুক, জিসান আহমেদ ও আহমেদ নাজিব রহমান। তাঁরা আইবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রথম রানারআপ দল ৩৬০ ডিগ্রির সদস্যরা হলেন আজিজুল হাসান, সাবিহা সুলতানা, আসিফ আহমেদ ও সাফওয়াদ আহমেদ।
চ্যাম্পিয়ন দলের মাশরুর হোসেন বলেন, ‘চূড়ান্ত পর্বে আমরা একটি অ্যাপের ধারণা উপস্থাপন করেছি। যে অ্যাপের মাধ্যমে জনসাধারণ তার দরকারি সব সরকারি সেবা পবে। এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে মানব উন্নয়ন মিডিয়ার ওপর আমরা আইডিয়া দিয়েছি।’ সে দলেরই মিথি চৌধুরী বলেন, ‘মানবসেবা ও ব্যবসা একই সঙ্গে কীভাবে চলতে পারে, তারই মডেল আমাদের খুঁজে বের করতে হয়েছে। প্রতিযোগিতাটি আমাদের জন্য শেখার এক দারুণ উপলক্ষ ছিল।’
চূড়ান্ত পর্বে দলগুলো দুটি বিষয়ের ওপর ব্যবসায় মডেল উপস্থাপন করে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সাধারণ মানুষকে সম্পৃক্তকরণ বিষয়টি ছিল প্রতিটি দলের জন্য নির্ধারিত। এ ছাড়া জাতীয় তথ্য বাতায়ন, জাতীয় ই-তথ্যকোষ, গ্রামীণ ই-কমার্স, জয়িতা, স্মার্ট মাইগ্রেশন ও মানব উন্নয়ন মিডিয়া বিষয়ের যেকোনো একটি ওপর বিজনেস মডেল তৈরি করতে হয়েছে প্রতিযোগীদের।
প্রতিযোগিতার ধরন সম্পর্কে এটুআই প্রোগ্রামের ইনফরমেশন অ্যাসোসিয়েট তানজিনা শারমিন জানান, ‘অনলাইনে আবেদনের ভিত্তিতে সারা দেশের ২০টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৪৮টি দলকে প্রথম রাউন্ডে ইস্যুভিত্তিক সমস্যার সমাধান খুঁজে বের করতে বলা হয়। সেরা সমাধানের ভিত্তিতে বিচারক প্যানেল ২৪টি দলকে সুযোগ দেয় দ্বিতীয় রাউন্ডে ছয়টি বিষয়ে অভিনব বিপণন কার্যক্রমের ধারণা বিশ্লেষণের। তাদের মধ্যে থেকে সেরা ছয়টি দল আসে চূড়ান্ত পর্বে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প একসঙ্গে এই বড় আসরের আয়োজন করেছিল। প্রতিযোগিতার সহযোগী ছিল প্রথম আলো ও আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রেডিও সঙ্গী এবিসি রেডিও।