এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস হতে চাই পেতে চাই অনুষ্ঠানে ১৯ অক্টোবর এসেছিলেন বাজার গবেষণা প্রতিষ্ঠান কোয়ান্টাম মার্কেট রিসার্চ বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক রুহিনা হালিমকথাবন্ধু: কোয়ালিটিটিভ রিসার্চ কীভাবে করা হয়?রুহিনা হালিম: অনেক ধরনের স্টাডি (সমীক্ষা) আছে। কাজ কীভাবে করি, ওটা তো অনেক বড় একটা জিনিস। সাধারণত আমরা যেটা করি, বেশকিছু লোককে একটা দলগত আলোচনায় (গ্রুপ ডিসকাসন) ডাকি। কখনো বা একজন ভোক্তার কাছে যাই। ভোক্তার বাড়িতে গিয়ে পর্যবেক্ষণ করি। তাঁরা একটা পণ্য ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন। পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেখি,সেটা কীভাবে, কী উপাদান দিয়ে তৈরি হচ্ছে।সবকিছু আমরা দেখি। এটা বিভিন্নভাবে হয়, একভাবে তো হয় না। এটা নির্ভর করে আমরা কী জানতে চাচ্ছি তার ওপর। আমাদের উদ্দেশ্যটা কী এই জরিপ করার। সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা বিভিন্নভাবে ভোক্তাদের কাছে যাই এবং বিস্তারিত আলোচনা করি। কোয়ানটিটিভ রিসার্চে একটা প্রশ্নের গঠন থাকে। সেই প্রশ্নমালার হ্যাঁ বা না উত্তরের ওপর ভিত্তি করে ঠিক করা হয়। কিন্তু এখানে আমরা কোয়ানটিটিভ জরিপের ক্ষেত্রে খোলাখুলি প্রশ্ন করা হয়।কথাবন্ধু: এই গবেষণাগুলো পণ্যের ব্র্যান্ড পজিশনের সঙ্গে কতটা জড়িত?রুহিনা হালিম: ব্র্যান্ড পজিশনিং তো যেকোনো ব্র্যান্ডের একটা কর্মকাণ্ড। কিন্তু আমি মনে করি, প্রতিটি ব্র্যান্ডের শুরু থেকে গবেষণা প্রয়োজন। একটি ব্র্যান্ড যখন নতুন আসবে, কীভাবে আসবে, কীসের ওপর দাঁড়িয়ে কথা বলবে ওটা থেকে শুরু করে একটা ব্র্যান্ড যে বিজ্ঞাপন প্রচার করবে, সে বিজ্ঞাপনটি ভোক্তাদের কাছে কেমন লাগছে, এসব নিয়েও গবেষণা দরকার।ভোক্তা কী চাচ্ছে, তা না জানলে তো পণ্য চলবে না। আমি মনে করি, ব্র্যান্ডের প্রতিটি কর্মকাণ্ডেই জরিপ বা গবেষণা করা দরকার। কথাবন্ধু: পণ্য বাজারে আসার আগে থেকেই কি গবেষণা-প্রক্রিয়া চলমান থাকবে?রুহিনা হালিম: হ্যাঁ।একটা পণ্য বাজারে আসবে। তার মোড়ক কেমন হবে, পণ্যে কী গুণাগুণ থাকবে, বিজ্ঞাপন কী হবে, পণ্যের ধরনধারণ বা গন্ধ-বর্ণ-স্বাদ কেমন হবে, সবকিছু করা যায়। একটা ব্র্যান্ড নিজে কী করছে আর অন্য প্রতিযোগী ব্র্যান্ডগুলো কী করছে, তারা কোন দিকে যাচ্ছে, কী করলে অন্যগুলোর থেকে এগিয়ে যাওয়া সম্ভব—এসব নিয়ে কাজ করা দরকার। এই ব্র্যান্ডটা পিছিয়ে আছে, নাকি সামনে এগিয়ে যাচ্ছে কিংবা পণ্য না চললে কেন চলছে না, সব কিছু নিয়েই গবেষণা করা যায়।কথাবন্ধু: সামাজিক ও বাজার গবেষণার তফাত কী?রুহিনা হালিম: সামাজিক ও বাজার গবেষণার মূল জিনিসটা একই। কিন্তু সামাজিক গবেষণা অনেক বড় জায়গায় করতে হয়। বাজার গবেষণা একটা ছোট ভোক্তাগোষ্ঠীর মধ্যে করে ফেলা যায়। সামাজিক গবেষণা সব সময়ই অনেক বড় আকারের হয়। বিষয়টিও ভিন্ন। এই গবেষণায় তৃণমূল পর্যায়ে যেতে হয়। কিন্তু বাজার গবষেণাও বড় আকারের হতে পারে। কিছু কিছু পণ্যের জন্য মাঝেমধ্যে গ্রামে, কখনো শহরে যেতে হয়।কথাবন্ধু: যাঁরা এ বিষয়ে কাজ করতে চান, তাঁদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা প্রয়োজন।রুহিনা হালিম: আসলে গবেষণার জন্য ব্যবসায় প্রশাসন বা বিপণন থেকে আসতে হবে, তা কিন্তু নয়। অন্যান্য বিষয়ের মানুষেরাও গবেষণা করতে এসেছেন এবং খুব ভালো করেছেন। গবেষণার যে মূল বিষয় সেটা হচ্ছে শেখা ও জানার আগ্রহ।মানুষ ও পণ্যকে জানার আগ্রহ যদি কারও ভেতর থাকে, তবে আমি মনে করি না, এখানে বিষয় কোনো বাধা হতে পারে। ওই আগ্রহ আর ইচ্ছাটা জরুরি। আপনাকে দক্ষতা নিয়েই পেশাজীবনে প্রবেশ করতে হবে এমন কিছু নয়। দক্ষতা কাজের মধ্য দিয়ে অর্জন করতে হবে। সবকিছুই আমরা ধীরে ধীরে শিখি, অভিজ্ঞতা অর্জন করি। গবেষণাও সে রকম।আপনি যত করবেন, তত ভালো হবেন। পড়াশোনার কোনো নির্দিষ্ট বিষয় নেই। গবেষণার ধরনের ওপরও নির্ভর করে।কথাবন্ধু: গবেষণার ক্ষেত্রে কোন ধরনের গুণাবলি প্রয়োজন? রুহিনা হালিম: গবেষণার জন্য শহর বা গ্রামের সব ধরনের মানুষের সঙ্গে কথা বলতে হয়। এ ক্ষেত্রে সাধারণ যোগাযোগ ক্ষমতা থাকতে হবে। একজন একটা কথা বললে কোনো কিছু বিচার না করেই তা গ্রহণ করতে হবে। সে ভালো না খারাপ কিংবা ভুল না ঠিক, এসব ভাবা যাবে না। আমাদের দৃষ্টিতে কোনো ভোক্তা কখনো ভালো বা খারাপ হয় না। তিনি যা করছেন, তার পেছনে কোনো কারণ আছে। সেই কারণ খুঁজে বের করাই আমাদের কাজ। এ ছাড়া প্রতিটি চাকরিতেই যেটা জরুরি, তা হচ্ছে ইংরেজিতে দক্ষতা। গ্রন্থনা: সাইফ উদ্দিন