ছোটবেলা থেকেই তানিয়ার লেখালেখির প্রতি ঝোঁক। কবিতা, ছোটগল্প—এমন সব লেখাতেই তার আগ্রহ। পত্রিকায় বারবার লেখা পাঠাতে মেলা হ্যাপা। যদি লেখা ছাপা হয়, প্রায় ক্ষেত্রে আত্মীয়স্বজন ছাড়া অন্যদের প্রতিক্রিয়াও জানা যায় না। তাই নিজের লেখা নিয়ে তানিয়া (ছদ্মনাম) একধরনের হতাশায় ভোগে। বার কয়েক লেখালেখি ছেড়ে দেওয়ার কথাও ভাবে সে। কিন্তু তানিয়া এসব চিন্তা থেকে এখন মুক্ত। নিজের ইচ্ছামতো সে এখন লিখতে পারে। লিখলেই প্রতিক্রিয়া জানা যায়। পাল্টা মত জানা যায়, তর্ক করতে করতে সময় কখন চলে যায় বুঝতেই পারে না তানিয়া। সে এখন ব্লগে লেখে। ব্লগের খোঁজ পাওয়ার পর থেকে তানিয়ার লেখা আর থেমে নেই। তার গল্প-কবিতার পাঠক এখন অনেক। ব্লগে কয়েক দিন না লিখলেই অন্য ব্লগাররা তার খোঁজখবর নিতে শুরু করে। নানা মন্তব্য, প্রতিক্রিয়া জানায় ব্লগের অন্য সদস্যরা। তানিয়া এখন একজন নিয়মিত লেখক।ব্লগ কীতথ্যপ্রযুক্তির আধুনিক যত মাধ্যম তৈরি হয়েছে, বৈশিষ্ট্যের দিক থেকে ইন্টারনেট এগুলোর মধ্যে আলাদা। রেডিও, টেলিভিশন বা সংবাদপত্র মাধ্যমে শ্রোতা বা দর্শক শুধুই গ্রহীতা বা রিসিভার। একটি খবর বা অনুষ্ঠানের প্রতিক্রিয়া তারা জানাতে পারে। কিন্তু সে কাজে সরাসরি ওই মাধ্যম ব্যবহার করতে পারে না। তাদের চিঠি লিখতে হয় অথবা প্রতিবাদ জানাতে বা দ্বিমত প্রকাশ করতে সশরীরে হাজিরা দিতে হয় ওই মাধ্যমের সম্প্রচারকেন্দ্রে। ব্যক্তিগতভাবে নিজের মত প্রকাশের জন্য আলাদা করে একটি ওয়েবসাইট খোলা ছিল কঠিন ব্যাপার। এই কষ্টকল্পনাকে সুখকল্পনায় পরিণত করল ব্লগ। শুরুতে এর নাম ছিল ওয়েবলগ। কাজ খানিকটা ব্যক্তিগত ডায়েরির মতো। একে পরিচয় করিয়ে দেওয়া হতো ব্যক্তিগত অনলাইন ডায়েরি হিসেবে। এ ধরনের অনলাইন ডায়েরির চল শুরু হয় ১৯৯৪-৯৫ সালে। ধীরে ধীরে এই অনলাইন ডায়েরি বা ওয়েবলগের পরিধি বেড়ে গেল। ওয়েবলগ নিজের ভারিক্কি নামটার খোলস পালটে নাম নিল ব্লগ। ব্লগ একটি আলাদা ওয়েবসাইট হতে পারে, আবার অন্য ব্লগ প্রোভাইডার বা ব্লগ সেবাদানকারী ওয়েবসাইটের একটি স্বাধীন পেজ বা অংশ হতে পারে। আকারে বা গঠনে যা-ই হোক, এর অন্যতম একটি বৈশিষ্ট্য ইন্টারঅ্যাকটিভিটি বা মতামত আদান-প্রদানের সুযোগ, কঠিন বাংলায় যাকে বলা যায় মিথস্ক্রিয়া।ব্লগে লিখতে হলেব্লগে লিখতে হলে প্রথমে আপনাকে সদস্য হতে হবে। ব্লগের ভাষায় বললে, রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য তেমন কিছুই দরকার নেই, শুধু আপনার একটি ই-মেইল অ্যাড্রেস থাকলেই চলবে। প্রথমে একটি ব্লগকে বাছাই করতে হবে। ব্লগের হোম পেজে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে চাপ দিলেই একটি ফর্ম আসবে। ফর্মটি যথাযথভাবে পূরণ করে পাঠিয়ে দিলেই ব্লগ কর্তৃপক্ষ আপনার ই-মেইলে পাসওয়ার্ডসহ একটি কনফার্মেশন মেইল পাঠিয়ে দেবে। ব্যস, আপনি হয়ে যাবেন একজন ব্লগার। এরপর ইচ্ছামতো সেখানে লিখতে, মন্তব্য করতে পারবেন। আপনার যেকোনো অনুভূতি শেয়ার করতে পারবেন অন্যান্য ব্লগারের সঙ্গে। আপনি হয়ে যাবেন একটি নতুন কমিউনিটির অংশ। ব্লগে ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে রাজনৈতিক মতমত, সাহিত্য, চিত্রকলা, ভিডিও—সবই প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে জায়গাটি অনেক বেশি বিস্তৃত। আপনি আপনার সব ধরনের কর্মকাণ্ডই শেয়ার করতে পারবেন ব্লগারদের সঙ্গে। তবে সব ব্লগ তাদের নিজেদের মতো নীতিমালা তৈরি করেছে। সেই নীতিমালায় সম্মত ব্যক্তিরাই কেবল লিখতে পারবেন। প্রায় সব ব্লগেই মডারেশন চালু আছে। দুর্বৃত্ত ব্লগারদের নিরস্ত করা বা তাঁদের নিষিদ্ধ করাসহ সঞ্চালনা পরিষদ ব্লগারদের ব্লগ ব্যবহারের নানা কাজের সমন্বয় করে থাকে।বাংলা ভাষার ব্লগবাংলা ভাষায় ব্লগিং শুরু হয় সামহয়ারইন ব্লগ দিয়ে। শুরুতেই অনলাইন ব্যবহারকারীদের কাছে ব্লগ আলাদা গুরুত্ব পায়। অনেক লেখক-বুদ্ধিজীবী জমায়েত হন বাংলা ব্লগগুলোতে। প্রথম আলো ব্লগ চালু হয় ২০০৯ সালের অক্টোবর মাসে। এ ছাড়া আমার ব্লগ, সচলায়তন, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, নাগরিক ব্লগ, মুক্তমনাসহ নানা ব্লগ চালু আছে। ব্লগস্পটে ঢুকে যে কেউ নিজস্ব ব্লগ খুলতে পারেন। তবে কমিউনিটি ব্লগে নানা মতের আর এলাকার লোকেরা সরাসরি লিখতে ও মত প্রকাশ করতে পারেন বলে কমিউনিটি ব্লগের জনপ্রিয়তাই বেশি। বর্তমানে এক লাখেরও বেশি ব্লগার বিভিন্ন ব্লগে লিখে থাকেন।প্রবাসী ব্লগারপ্রবাসীদের জন্য ব্লগ এক বিশাল জানালা। পরনিবাসে তাঁরা নিজের ভাষায় নিজের দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, নিজেদের অনুভূতি আদান-প্রদানে লম্বা সময় ব্যয় করেন। যেমন জোহরা। তিনি থাকেন কানাডায়। আগে যখন দেশে ছিলেন, কবিতা লিখতেন। দেশের বাইরে গিয়ে তাঁর আশপাশে সব ভিন্ন ভাষা। তাই তিনি ব্লগ খুলে বসে থাকেন। ব্লগ খুললেই একঝলক দেশি বাতাস তাঁর গায়ে লাগে। সৌদিতে থাকেন রাজীব। বারবারই তাঁর মনে পড়ে গ্রামের কথা, সবুজের কথা, ফেলে আসা দিনের কথা। কে শুনবে বৈদেশে তাঁর এসব নস্টালজি। ফলে তিনিও ব্লগে লেখেন, ব্লগে অনেকেই বসে থাকেন তাঁদের কথা শোনার জন্য। দেশের কোথায় কী হলো, সংবাদমাধ্যমগুলোতে তো আর নিজের উৎকণ্ঠা প্রকাশ করা যায় না। তাঁদের ভরসা তখন ব্লগ।ব্লগের সামাজিক কার্যক্রমসামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ব্লগ ইতিমধ্যে তার অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে। যেকোনো ধরনের সামাজিক সচেতনতা, যোগাযোগ এখন অনেকেই ব্লগের মাধ্যমে করছেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি ব্লগাররা লেখার মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসছেন। জনসচেতনতা, আইন ইত্যাদি ক্ষেত্রে তাঁরা তাঁদের নিজস্ব মতামত জানান দেওয়ার মাধ্যমে বিষয়গুলোকে বিশ্লেষণ করার প্রয়াস পাচ্ছেন।সর্বশেষ মিসর পরিস্থিতি, জাপান পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট জানিয়েছেন ব্লগাররা। ফলে ব্লগ বিকল্প মাধ্যম হিসেবে গড়ে ওঠার জানান দিয়ে যাচ্ছে নিয়মিত। নাইন-ইলেভেনের ঘটনা অনেক ব্লগের জন্ম দিয়েছিল। ইরাকযুদ্ধের সময় হাজার হাজার ব্লগের জন্ম হয়। যুদ্ধের বিপক্ষে শান্তিকামী মানুষ সাম্রাজ্যবাদী শক্তিকে চাপ দিতে থাকে। বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনায় পৃথিবীব্যাপী মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করে ব্লগের মাধ্যমে। মূলধারার মিডিয়াগুলোতে এই মিথস্ক্রিয়ার জায়গাটি প্রায় অনুপস্থিত। ফলে সাইবার পরিসরে গড়ে উঠছে এই কমিউনিটি, সারা বিশ্বে এই সময়ে যার প্রয়োজন অপরিহার্য। ব্লগের মাধ্যমে মানুষ নিজের মত প্রকাশ করছে স্বাধীনভাবে। সামাজিক পরিবর্তনের জন্য মতামত প্রদান করছে। ব্লগের শক্তির অন্যতম দিক হলো, যেকোনো ইস্যুতে এখানে আলোচনার সুযোগ অব্যাহত থাকে। প্রত্যেকে নিজের মতো করে মতামত ও পরামর্শ দিতে পারে। ব্লগের এই উদারনৈতিকতার জন্য এটি ক্রমবর্ধমান হারে জনপ্রিয়তা পাচ্ছে। প্রথম আলো ব্লগসহ সামহয়ারইন ব্লগের পক্ষ থেকেও ব্লগাররা নিমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থসহায়তা, ঈদ বা অন্য উৎসবে সহায়তা করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য প্রদানসহ নানা সামাজিক কাজে অংশ নিয়েছে।মূলধারার মুদ্রণ এবং ইলেকট্রনিক মাধ্যমের ব্যয়ের তুলনায় ব্লগ পরিচালনার খরচ অনেক কম। এর কারণে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ আত্মপ্রকাশ করছে। আধুনিক মানুষের বিচ্ছিন্নতাবোধ কমিয়ে আনতে ব্লগের ভূমিকা নেহাত কম নয়। ব্লগের মাধ্যমেই সে একটি নতুন কমিউনিটির অংশ হয়ে ওঠে। মানুষের সৃষ্টিশীলতা প্রকাশে এটি এখন অন্যতম মাধ্যম। মানুষ তার সুকুমারবৃত্তিগুলোর প্রকাশ ঘটাতে পারছে এখানে। পৃথিবীব্যাপী যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে ব্লগের মাধ্যমে। বিকল্প মিডিয়া হিসেবে এর প্রভাব উত্তরোত্তর বাড়ছে। আগামী দিনে প্রধান মিডিয়ার বিপরীতে বিকল্প মিডিয়া হিসেবে ব্লগ তার শক্তিমত্তাকে সুস্পষ্টভাবে জানান দিচ্ছে।