ব্লগারদের আনন্দ সমাবেশ
শরতের বৃষ্টি মাথায় করে একে একে হাজির ব্লগাররা। সন্ধ্যা তখন ছুঁই ছুঁই। বৃষ্টিভেজা ব্লগাররা তার পরও একসঙ্গে মিলতে পেরে খুশি। মিরপুরের ব্যাপটিস্ট চার্চ সংঘ মিলনায়তনে প্রথম আলো ব্লগসাইটের (www.prothom-aloblog.com) ব্লগ লেখক, মানে ব্লগারদের সম্মিলন ঘটেছিল ঈদ পুনর্মিলনী এবং ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা শব্দতরীর প্রকাশনা উপলক্ষে। শব্দতরী নিয়মিত প্রকাশের উদ্যোগ নেন ব্লগাররা। ১২০ জন ব্লগারের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে শব্দতরী। অনুষ্ঠানটির আয়োজক ছিল ব্লগারস ফোরাম। মূলত প্রথম আলো ব্লগের ব্লগারদের উদ্যোগেই গঠিত হয়েছে এই ব্লগারস ফোরাম। ভারচুয়াল জগতের লেখকদের নিয়ে এ সংগঠনের কার্যক্রম। এই আনন্দঘন আয়োজন মুখরিত ছিল গান, আড্ডা আর কবিতায়—আর সবকিছুই করেছেন ব্লগাররা।সুদূর চট্টগ্রাম থেকে অনুষ্ঠানে এসেছিলেন ব্লগার আ শ ম এরশাদ। এসেছিলেন ব্লগার বইপাগল বান্দরবান থেকে। জেড এইচ সৈকত এসেছিলেন সিলেট থেকে। আরও ছিলেন ব্লগার রোদেলা, রাতের পাখি, কবির য়াহমদ, ইথার, এনরিকো ফারমি, অলিউর রহমান চৌধুরী, গোধূলির সূর্য, লুবনা, তুস, পর্ব, তুলা ভাবি, নাসরিন জুবায়ের, ছায়াবাজি, রুবিনা, শবনম, রাফেল, রাজিন, ফকির আবদুল মালেক, কাজলা দিদিসহ আরও অনেকে। সবাই বৃষ্টিস্নাত শরতের বিকেলে নিজেদের মেলে ধরেছিলেন, খুশির ফোয়ারা ছুটিয়েছেন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অলিউর রহমান বলেন, ‘আমি মুগ্ধ। এই সমাবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ বাংলা ব্লগ চর্চায় প্রথম আলো ব্লগের অনন্যতার কথা স্বীকার করেন ব্লগাররা। এই ব্লগকে আরও আধুনিক ও ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে সৃষ্টিশীল তারুণ্য নির্মাণে প্রথম আলো ব্লগ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ব্লগাররা মনে করেন। ব্লগার লুবনা বলেন, ‘আমাদের মতো অনেক নারী ব্লগে লিখতে পারেন নিজের ইচ্ছেমতো। ব্লগের এই দিকটা আমার খুব ভালো লাগে।’ খুলনা থেকে আসা ব্লগার সপ্তর্ষি বলেন, ‘আমি এত দূর থেকে ছুটে এসেছি কেবল অন্তর্জালের বন্ধুদের দেখব বলে। কষ্ট করলেও এখন বেশ ভালো লাগছে।’২৫ সেপ্টেম্বর ব্লগারস ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, আমাদের সময় -এর ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, প্রথম আলো ব্লগের সঞ্চালক সালাহ উদ্দিন, শব্দতরীর সম্পাদক রুদ্র অক্ষর এবং সম্পাদনা পরিষদের সভাপতি জিয়া রায়হান, সদস্য আজাদ কাশ্মীর জামান মুরুব্বী ও নীলসাধু। কবি আসাদ চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘ভাষার প্রতি দরদ আমাদের অফুরান।’ শফিকুল ইসলাম বলেন, শুভ উদ্যোগ সফল হবে। তিনি শব্দতরীর প্রকাশনাকে নিয়মিত করার বিষয়ে আহ্বান জানান। অনুষ্ঠানে ব্লগারস ফোরামের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ব্লগার হরবোলা সভাপতি এবং ব্লগার সাইক্লোনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।