
বই মানে যেমন উপন্যাস থেকে শুরু করে ফোনবুকও বোঝাতে পারে, ব্লগও ঠিক তেমনি। কত বিষয় নিয়েই লেখা হতে পারে ব্লগ। নিজেকে প্রকাশ করার চমৎকার মাধ্যম এটি। ব্যক্তিগত ডায়েরিরই অনলাইন সংস্করণ যেন। সৌন্দর্যচর্চা, ফ্যাশন, সাজ—নানা বিষয় নিয়ে ব্লগ লিখতে পারেন আপনি। এমনকি খাওয়াদাওয়া, নিজের রান্না, ঘুরে বেড়ানো নিয়েও লিখতে পারেন। কেনাকাটা করা, মেকআপ করার মতোই যদি লেখালেখিও আপনার প্রিয় কাজ হয়, তবে আপনিও হতে পারেন ফ্যাশন ও বিউটি ব্লগার। আপনার ছবি, ভিডিও সংগ্রহে রেখে দেওয়ারও ভালো একটা উপায় ব্লগ। এ জন্য আপনার কোনো প্রাতিষ্ঠনিক শিক্ষা বা প্রশিক্ষণ থাকতে হবে তা নয়। স্রেফ শখ থেকেই কাজটি শুরু করে দিতে পারেন।
ব্লগ লিখবেন কীভাবে—শুরুতেই আসে এ প্রশ্ন। বিনা মূল্যে নিজের ব্লগ লেখার সুযোগ দেয় বিভিন্ন ওয়েবসাইট। যেমন ব্লগার ডট কম বা ওয়ার্ডপ্রেস। এসব সাইটে নিজের পছন্দের ব্লগ-নাম বেছে নিতে পারেন। সেখানেই ধারাবাহিক বর্ণনা পেয়ে যাবেন নতুন ব্লগ লেখা, ছবি বা ভিডিও যোগ করা সম্পর্কে। এ ছাড়া ইন্টারনেটে নিজস্ব ডোমেইন কিনেও ব্লগিং শুরু করতে পারেন।

এবার ভেবে দেখুন কী লিখতে চান আপনি। বিউটি ব্লগার হতে চাইলে আপনার ব্লগে তুলে ধরতে পারেন সাজগোজের নানা কথা। কোনো নতুন সাজের পণ্য ব্যবহার করলে সেটি নিয়ে লিখতে পারেন। পণ্যটি ভালো না লাগলে তা-ও জানাতে পারেন। যেসব পণ্য আপনি নিজে ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন এবং তা ব্যবহার করলে অন্যরাও উপকার পাবেন বলে যদি মনে করেন, তা নিয়েও লিখতে পারেন। সাজতে পছন্দ করলে নিজের করা মেকআপ তুলে ধরতে পারেন। ধাপে ধাপে সাজ সম্পর্কে লিখতে পারেন। ফ্যাশন নিয়েও ব্লগ পোস্ট দেওয়া যেতে পারে। নতুন কেনা পোশাক, পছন্দের কোনো ফ্যাশন হাউস সম্পর্কে তথ্য থাকতে পারে। এ ছাড়া পোশাক ও অনুষঙ্গ মিলিয়ে পরার ব্যাপারটাও আপনার লেখায় থাকতে পারে। আসলে সাজ বা ফ্যাশন নিয়ে যেকোনো কিছুই হতে পারে আপনার ব্লগের বিষয়।
যত বেশি ব্লগিং করবেন, ততই আপনার ব্লগটি পরিচিত হয়ে উঠবে। শুরুর দিকে খুব বেশি পোস্ট না দেওয়াই ভালো। কিছুদিন ব্লগিং করার পর বুঝতে পারবেন আপনি এটি চালিয়ে যেতে পারবেন কি না। আপনার ব্লগে পাঠকদের মন্তব্য দেওয়ার সুযোগ রাখুন।
তাঁদের মন্তব্য থেকে আপনি নতুন কোনো ভাবনাও পেয়ে যেতে পারেন। সবসময় যে ইতিবাচক মন্তব্য আসবে তা নয়। সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের জন্যেও তৈরি থাকুন।
কিছুদিন ব্লগিং করার পর এ থেকে আয় করারও সুযোগ আসবে। যেমন কোনো নির্দিষ্ট পণ্য নিয়ে লিখতে পারেন। সেই প্রতিষ্ঠান থেকে প্রচারণার জন্য কিছু কমিশন পেতে পারেন।
আন্তর্জতিকভাবে খ্যাতনামা কিছু ব্লগারের ওয়েবসাইট দেখে নিতে পারেন। ব্লগিংকেই পেশা হিসেবে নিয়ে আয় করছেন তাঁরা।
www.makeupandbeautyblog.com
www.allurabeauty.com
www.temptalia.com
www.missmaven.com
তানসিয়া মিথুন: তানসিয়াস ব্লগ নামের সৌন্দর্যবিষয়ক ব্লগ পরিচালনা করেন
ঠিকানা: www.tansiasblog.com