ব্লগে ‘মেঘবন্দী’
জানালার গরাদ ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখার দিন এল আবার। শহরে টিনের বাড়ি নেই, নূপুরের ঝমঝম শব্দ নেই, বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ পাওয়া যায় না—তবু বৃষ্টি ভালো লাগে। অফিস-ফেরত ক্লান্ত শরীর, জলকাদায় নাস্তানাবুদ, তবু বৃষ্টিতে শান্তি। ছাতাটা উড়ে যাবে হাওয়ায়, ভিজব তুমি আমি—সেই বৃষ্টি। বৃষ্টি এলে এই যান্ত্রিক শহরেও কদম ফুল ফোটে, বৃষ্টিভেজা কদম নিয়ে পথে ফুল বিক্রি করে যে মিষ্টি মেয়েটি তার হাসিতে মন সিক্ত হয় পথচারীর। জলডোবা হয়ে বাড়ি ফেরা, শর্ষে তেলে মুড়ি মাখিয়ে স্মৃতির ভেলায় ভেসে যাওয়ার বৃষ্টি এসেছে শহরে। বৃষ্টি কেবল একলা আসে না, সঙ্গে নিয়ে আসে স্মৃতির ঝাঁপি। অঝোর বৃষ্টি দেখতে দেখতে মনে পড়ে যায় সেই কতকালের পুরোনো সব কথা। আর মনে হয়, এমন দিনে তারে বলা যায়, এমন বরষার ঘনঘটায়।বৃষ্টি নিয়ে এমনি আনন্দবেদনার গল্পের ঝাঁপি নিয়ে এসেছে বাংলা ব্লগ সাইট আমরা বন্ধু (www.amrabondhu.com)। এই বর্ষায় মেঘন্দী নামের একটি ই-বুক প্রকাশ করেছে ব্লগসাইটটি। বইটি পড়া যাবে www.amrabondhu.com/russelacct/3416 ঠিকানার ব্লগে। আর নামিয়ে নেওয়ার ঠিকানা হলো: www.mediafire.com/?93dvw6cge9ivc9gযাঁরা অনলাইনে পড়তে চান তাঁদের জন্য নতুন এক ব্যবস্থা করা হয়েছে ব্লগসাইটটিতে। ঠিক পাতা উল্টিয়ে পড়া যাবে এটি http://data.axmag.com/data/201106/U18779^F40980/index.htmlঠিকানায়। ই-বুকটি সম্পাদনা করেছেন ব্লগার রাসেল আশরাফ, টুটুল এবং নজরুল ইসলাম। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন নজরুল ইসলাম। প্রচ্ছদের আলোকচিত্র তুলেছেন সাইফ তাহসিন। নাম দিয়েছেন ব্লগার একলব্যের পুনর্জন্ম। অলংকরণে ব্যবহূত হয়েছে আইরিন সুলতানার ব্যানার কৃষ্ণচূডা। আমার বন্ধু ব্লগ বর্ষার গান নিয়ে শিগগিরই একটি ই-বুক বের করবে। মো. শফিকুল ইসলাম চৌধুরী