বড় অর্জনের জন্য ছাড় দিতে হবে
এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ প্রথম আলো জবস ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা শফিউল মুয়ীদ। শ্রোতাবন্ধু হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কবির আবদুল্লাহ, ফৌজিয়া জাবিন ও তন্ময় কুমার। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।কথাবন্ধু: আপনার দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতা। বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু শুরুটা কীভাবে হয়েছিল?মুয়ীদ: আমি আমেরিকা থেকে পড়াশোনা করে দেশে ফিরে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তৈরি পোশাক রপ্তানি করি। তারপর আমি একটা সুযোগ পেয়েছি গ্রামীণফোনে। আমি শুরু করি পণ্য ও বাজার উন্নয়ন বিভাগে। সেখানে কাস্টমারকে নতুন একটি পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলা। কাস্টমারের চাহিদা সম্পর্কে বুঝে এগোতে হয়েছিল। সে এক বৈচিত্র্যময় জায়গা ছিল। কথাবন্ধু: আপনি নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করেছিলেন। কেউ যদি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে চায়, তবে কী ধরনের প্রতিষ্ঠান থেকে শুরু করা উচিত।মুয়ীদ: আমার মনে হয়, কেউ যদি এই বিভাগে কাজ করতে চান, তবে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে। কনজ্যুমার প্রতিষ্ঠান, আর্থিক বিভাগ, টেলিকম প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তির নানা খাতের প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে শুরু করতে পারে যে কেউ।কথাবন্ধু: আমরা যাঁরা ছাত্র, তাঁদের জন্য সিটিসেলে পার্টটাইম চাকরির কেমন সুযোগ আছে?মুয়ীদ: আসলে ইন্টার্নশিপই অনেকটা পার্টটাইম চাকরি। মার্কেটিং ফুলটাইম চাকরি। আমাদের এখানে এই ইন্টার্নশিপের সুযোগ আছে। মার্কেটিংয়ে কিন্তু পার্টটাইম চাকরি করা খুব কঠিন। তিন-চার মাস ইন্টার্ন করলে পার্টটাইম চাকরির অভিজ্ঞতা হয়ে যাবে।কথাবন্ধু: প্রোডাক্ট বিক্রির সঙ্গে সার্ভিসিংটা কি খুব জরুরি?মুয়ীদ: মার্কেটিংয়ে সার্ভিস কাস্টমারের সঙ্গে যোগাযোগটা নিয়মিত রাখে। আপনি একটা পণ্য বাজারজাত করলে খুব সহজেই বুঝতে পারেন কোনটা ভালো, মান কেমন। মার্কেটিং করলে ভোক্তার বিষয়টাও কিন্তু দেখতে হবে।কথাবন্ধু: আমাদের দেশে টেলিকমিউনিকেশন সেক্টরে আপনি অনেক দিন ধরে জড়িত? এই সেক্টরের অবস্থা কী? এ খাতে আরও অনেক বেশি উন্নয়ন সম্ভব কি না?মুয়ীদ: অবশ্যই। টেলিকম শিল্পে আমরা প্রথমে মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এরপর এসএমএস। এখন আসছে ইন্টারনেট ব্যবহার। অবশ্যই এ খাতে উন্নয়ন হচ্ছে। এরপর দেখবেন মোবাইলে ইন্টারনেটে ভিডিও দিয়ে আপনি যোগাযোগ করবেন। এটা খেয়াল করলেই বুঝবেন সামনে আরও উন্নতি হবে।শ্রোতাবন্ধু: আমি যদি টেলিকম প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে যোগ দিতে চাই, তাহলে আমার কি আলাদা যোগ্যতা প্রয়োজন? সেটা কোন ধরনের?মুয়ীদ: মার্কেটিং গ্র্যাজুয়েট হিসেবে খুব আপগোয়িং হতে হবে। যুক্তিশীল হতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে। প্রচণ্ড রকম আত্মবিশ্বাস থাকাটাও জরুরি।কথাবন্ধু: এ খাতে মেয়েদের অবস্থা কী?মুয়ীদ: আমার অভিজ্ঞতা বলছে, মেয়েরা মার্কেটিংয়ে বেশি ভালো করে। অনেক কাজে ওরা অনেক ভালো। আমি বিশ্বাস করি, তারা যেকোনো কাজেই উপযুক্ত। এনালাইসিস, রিসার্চে মেয়েরা অনেক ভালো। কথাবন্ধু: মার্কেটিংয়ে কেউ কাজ করতে চাইলে তাঁর বেসিক কোন জিনিসটা থাকা দরকার?মুয়ীদ: কাস্টমার ফোকাস থাকতে হবে, সততা থাকবে, কঠোর পরিশ্রমী হতে হবে। মার্কেটিংয়ে কিন্তু কোনো সময় নেই। যেকোনো সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। কাস্টমার সার্ভিস সেক্টরে কাস্টমারই সব। সে যখন যা চাইবে, তখন তা-ই দিতে হবে। কথাবন্ধু: একজন মার্কেটিং কর্মকর্তা হিসেবে আপনার কি মনে হয়, অনেক চাপের মধ্যে থাকতে হয়?মুয়ীদ: মার্কেটিংয়ে চাকরি করলে, দায়িত্ব নিলে অবশ্যই চাপের মধ্যে থাকতে হয়। কিন্তু এটাকে পছন্দও করতে হবে। আপনি যদি উপভোগ করেন কাজকে, তবে এটা কিছুই না। আপনার জব স্যাটিসফেকশনও আছে। যে অর্জনগুলো করেছেন, তা বুঝতেও পারছেন। জীবনে কিছু অর্জন করতে হলে ছাড় দিতে হবে। আমি আমার পরিবারকে সময় দিই। মাঝে মাঝে ছুটি নিই। তবে অনেক সময় পারিও না। তবে আমার পরিবারও বোঝে যে আমি কী করছি। সে ক্ষেত্রে আমি সুখী এমন কাজ করতে গিয়ে। চাপ থাকবে, তবে তা যে কাজই করি না কেন, সেই চাপের মধেই সেই কাজটাকে উপভোগ করাটা জরুরি।অনুলিখন: সাইফ উদ্দিন