বড় আনন্দের দিন

ঘটনাটি দুই হাজার ষোলো বছর আগের। জোসেফ নামের এক কাঠমিস্ত্রি তাঁর গর্ভবতী স্ত্রী মারিয়াকে নিয়ে জেরুজালেমের বেথলেহেম শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। জোসেফ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অনুনয়-বিনয় করেন একটু আশ্রয়ের জন্য; কিন্তু কেউ তাঁদের আশ্রয় দেয় না। শেষে জোসেফ স্ত্রীকে একটি পরিত্যক্ত গোয়ালঘরে নিয়ে যান। সেখানেই মারিয়া একটি পুত্রসন্তান প্রসব করেন, যাঁর নাম রাখা হয় যিশু। যিশু নামের এই শিশুটির জন্মের পর সেই গোয়ালঘরের ওপরে আকাশে উদয় হলো একটি নতুন তারার, যেটি আগে ছিল না। মাঠে ভেড়া চরাচ্ছিল একদল রাখাল। স্বর্গের দূতেরা এসে তাদের বলল, ওই গোয়ালঘরে তোমাদের উদ্ধারকর্তা জন্মেছেন, যাও তাঁকে শ্রদ্ধা জানাও। রাখালেরা তাই করল। পূর্ব দেশের পণ্ডিতেরা ওই বিশেষ তারা দেখে বুঝতে পারলেন পৃথিবীতে সেই মহান রাজার জন্ম হয়েছে। তিন পণ্ডিত বহুদূর থেকে বেথলেহেমে রওনা হলেন তাঁদের রাজাধিরাজকে শ্রদ্ধা জানাতে। গোয়ালঘরে জন্ম নেওয়া যিশু নামের শিশুটি আসলে ঈশ্বরের পুত্র। যিশুখ্রিষ্ট কোনো মানুষের ঔরসজাত সন্তান নন, ঈশ্বরের আশীর্বাদে তিনি মারিয়ার গর্ভে এসেছেন। আর মারিয়ার স্বামী জোসেফ যিশুর পালক পিতা মাত্র। পৃথিবী যখন পাপে পরিপূর্ণ ঈশ্বর তখন তাঁর একমাত্র পুত্রকে মানুষরূপে পৃথিবীতে পাঠালেন মানবজাতিকে পাপের পথ থেকে উদ্ধার করতে।
যিশু নামের সেই শিশুটি বড় হয়ে পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে মুক্তির বাণী শোনালেন। তিনি বললেন, ঘৃণা নয়, ভালোবাসো। ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকে। মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। কেউ তোমার এক গালে চড় মারলে তার দিকে অপর গালটিও পেতে দাও। তিনি আরও বললেন, পাপীকে নয়, ঘৃণা করো পাপকে। গরিব-দুঃখীদের সাধ্যমতো সাহায্য করো। যিশুর কথা শুনে অনেকে তাদের মন ফেরাল। ঈশ্বরের নামে অসুস্থদের সুস্থ করে তুললেন তিনি, মৃত মানুষদের জীবিত করলেন। যিশুখ্রিষ্ট হয়ে উঠলেন মানুষের মনের রাজা।
রাষ্ট্রীয়, ধর্মীয় এবং সমাজ-নেতারা এসব সহ্য করতে পারল না। যিশুখ্রিষ্টকে তারা তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করল। তারা যিশুকে বন্দী করে সেই সময়ের সবচেয়ে লজ্জাজনক শাস্তি দিল, ক্রুশে বিদ্ধ করে তাঁকে হত্যা করল। মৃত্যুর তৃতীয় দিনে যিশু কবর থেকে উঠে প্রমাণ করলেন, তিনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন।
বড়দিন, যিশুখ্রিষ্টের জন্মদিন, মুক্তির দিন, মহা আনন্দের দিন। সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীদের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও দিনটি পালন করে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে।
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে আনন্দের দিন, আজ বড়দিন।