বড় আয়োজনে সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলা শেষেও আগারগাঁওয়ের রাস্তাটায় মানুষের ভিড় দেখা যায়। লাইন ধরে মানুষ যাচ্ছে আবার বের হচ্ছে নানা ধরনের প্রচারপত্র হাতে নিয়ে। এ আগ্রহও আরেকটি মেলা ঘিরে। মেলা প্রাঙ্গণের চারপাশ জুড়ে রয়েছে ফেস্টুন আর ব্যানার, যার মাধ্যমে কী হচ্ছে জেনে নিচ্ছে অনেকেই। মেলা থেকে বের হতে হতে নিজেদের মধ্যে নানা ধরনের সফটওয়্যার বিষয়ে আলোচনায় ব্যস্ত মানুষ। দৃশ্যপট এমনই দেশের সবচেয়ে বড় কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি মেলা ঘিরে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ‘বেসিস সফটএক্সপো ২০১০’ শিরোনামে সপ্তমবারের মতো হচ্ছে এ মেলা। পাঁচ দিনের এই মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলার স্লোগান ‘ডিজিটালবাংলাদেশ ইন অ্যাকশন।’তথ্যপ্রযুক্তি সবার জন্যসবার কাছে তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে নানা আয়োজনে চলছে সফটওয়্যার মেলা। দেশে বর্তমানে তথ্যপ্রযুক্তির বিশাল বাজার রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সফটওয়্যার বাজার। মেলায় দেশীয় বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার প্রচেষ্টা থাকবে, জানালেন বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম। তিনি জানান, শুরুর দিন থেকেই মেলায় দর্শকের সংখ্যা যথেষ্ট ভালো। গত বছরের চেয়ে এবারের মেলায় আরও বেশি প্রযুক্তিপণ্যের পাশাপাশি নানা ধরনের প্রযুক্তিসেবার প্রদর্শন চলছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শামিল হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস রয়েছে বেসিসের পক্ষ থেকে। মেলার স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন’, যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে নানা ধরনের কাজও চলছে। বেসিসের কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান জানান, ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা চলছে বছর জুড়ে। এরই মধ্যে নানা ধরনের কার্যক্রম ডিজিটালাইজড হয়েছে, সে বিষয়টি সবাইকে জানানো হচ্ছে মেলার মাধ্যমে। একই ছাদের নিচে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানকে পাওয়ার সুযোগ থাকছে মেলায়। মেলায় শুধু সফটওয়্যারই নয়, রয়েছে নানা ধরনের পণ্য।বড় আয়োজনে সফটওয়্যার মেলাএবারের মেলায় ৭৭টি প্রতিষ্ঠান ১১২টি স্টল ও প্যাভেলিয়নে নানা ধরনের প্রযুক্তি পণ্য ও সেবা দেখাচ্ছে। পুরো মেলা ভাগ করা হয়েছে বেশ কয়েকটি অঞ্চলে। যার মধ্যে রয়েছে আউটসোর্সিং, মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন; উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি শিক্ষা, বাংলা এবং ব্যবসায়িক সফটওয়্যার অঞ্চল। আলাদা আলাদা অঞ্চলে রয়েছে নানা ধরনের প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে সেবা আর পণ্যের সম্ভার। পুরো মেলা প্রাঙ্গণ তারহীন ওয়াইম্যাক্সের আওতায় এনেছে বাংলালায়ন, যার ফলে মেলার যেকোনো স্থান থেকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে দর্শক। উদ্বোধনের পরপরই মেলায় ঘুরতে আসা চাকরিজীবী মোরশেদ খান জানান, প্রযুক্তিপণ্য আর নানা ধরনের দেশীয় সফটওয়্যারের খোঁজখবর পেতে মেলায় আসা। এতে করে নিজের প্রয়োজনীয় সফটওয়্যারটি খুঁজে পেতে সহজ হবে। এবারের মেলার উল্লেখযোগ্য প্রতিটি অনুষ্ঠান সরাসরি ইন্টারনেটে প্রকাশ করছে কমজগত ডট কম। পুরো আয়োজন ইন্টারনেটে ভিডিও গ্যালারিতে যুক্ত হচ্ছে, যেখানে যে কেউ তা সংগ্রহ করতে পারবে। এবারের মেলায় তরুণদের আগমন অনেকটা উত্সাহব্যঞ্জক। এর মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে তরুণ উদ্যোক্তাও। সব মিলিয়ে মন্দার ব্যাপারটি কাটিয়ে জমে উঠেছে এবারের মেলা, জানালেন মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের পরিচালক ফখরুজ্জামান। প্রযুক্তিপণ্য আর সেবাসফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেম নিজেদের নানা ধরনের কার্যক্রম প্রদর্শন করছে মেলায়। প্রতিষ্ঠানটির পরিচালক মুন্নুজান নারগিস জানান, মন্দা কাটিয়ে বর্তমানে উন্নয়নশীল দেশগুলো এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। সব মিলিয়ে মেলায় দর্শকসমাগমও ভালো। বাংলাদেশি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস আন্তর্জাতিক বাজারের ইন্টারনেটভিত্তিক টেলিযোগযোগের বেশ কিছু সফটওয়্যার তৈরি করেছে। নতুন-পুরোনো সফটওয়্যারগুলো এনেছে মেলায়। মেলায় রয়েছে নানা ধরনের প্রযুক্তিপণ্য আর সেবা। শিশুদের জন্য মাল্টিমিডিয়া প্রযুক্তিসেবা নিয়ে এসেছে ত্রিমাত্রিক। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পড়াশোনা শেখার কাজটি সহজে করার পাশাপাশি বিভিন্ন কার্টুনচিত্রের মাধ্যমে বিভিন্ন অক্ষর আর ছড়ার সম্ভার রয়েছে এই সিডিতে। ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে। মেলায় রয়েছে তরুণদের উদ্ভাবিত প্রযুক্তিকেন্দ্রিক প্রকল্পের প্রদর্শনী। এসবের মধ্যে আছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ, রোবট ইত্যাদি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী মেলায় এনেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কম্পিউটারের মাধ্যমে শব্দ চেনার একটি প্রযুক্তি। ‘সাধারণত দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই তৈরিতে খরচ বেশি হয়। সে কথা মাথায় রেখে আমরা কম খরচে সহজ পদ্ধতিতে এই প্রকল্প তৈরি করেছি’—বললেন দলের সদস্য মাহবুব কাউসার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ছবি থেকে লেখা সংশোধন করার প্রকল্প বাংলা ওসিআর প্রদর্শন করছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক পাঁচ দিনের মেলায় জনপ্রিয় মুক্ত সফটওয়্যার ওপেন অফিস ডট অর্গ, ফ্রিল্যান্সার, উবুন্টু, ফায়ারফক্স ও জুমলা—এই পাঁচটি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরছে। এ ছাড়া এই স্টলে জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণের সহায়িকা গাইড, ফ্রিল্যান্স আউটসোর্সিং-বিষয়ক বইও থাকছে। ডিকোড ম্যাপ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার পূর্ণাঙ্গ মানচিত্রের মাধ্যমে হিসেবের সহজ পদ্ধতি নিয়ে এসেছে দি ডিকোড লিমিটেড। মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্র, গল্প পাওয়া যাচ্ছে এসডব্লিউ মাল্টিমিডিয়া স্টলে। এসটিএম ভিশন ইনফোটেক লিমিটেড মেলায় বিশেষ ছাড়ে জনপ্রিয় হিসাবরক্ষণ সফটওয়্যার টালিতে বিশেষ ছাড় দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের নয়টি সফটওয়্যার প্রদর্শন করছে। অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এনেছে সম্পূর্ণ বাংলায় মুক্ত সফটওয়্যার ওপেন অফিস, ইন্টারনেট ব্যবহারের সফটওয়্যার ফায়ারফক্স, ই-মেইল ক্লায়েন্ট থান্ডারবার্ড, ভিএলসি মিডিয়া প্লেয়ারের একটি প্যাকেজ। এতে যুক্ত রয়েছে বাংলা বানান পরীক্ষক। অঙ্কুরের স্বেচ্ছাসেবক মাহে আলম খান জানান, কম্পিউটারের সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের বাংলা সংস্করণ যেমন তৈরি হয়েছে, তেমনি সহজে ব্যবহারের জন্য ম্যানুয়ালও রয়েছে। পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড নিজেদের তৈরি ইলেকট্রনিক ভোট গ্রহণ মেশিন, ওএমআর মেশিনসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করছে। ইন্টিগ্রেটেড বিজনেস সিস্টেম মেলায় নিয়ে এসেছে সুপার মাইক্রো ব্র্যান্ডের পরিবেশবান্ধব রেক সার্ভার। ডেটাবিজ সফটওয়্যার লিমিটেড হিসাবরক্ষণের বিভিন্ন সফটওয়্যার ছাড়াও পূর্ণাঙ্গ একাডেমিক সলিউশন, পরিবেশক ব্যবস্থাপনা, গার্মেন্টসের জন্য সফটওয়্যার এনেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামাল জানান, শিগগিরই সারা দেশে ৭৪টি সেবাকেন্দ্র করা হবে, যেখান থেকে গ্রাহকদের সফটওয়্যার-সংক্রান্ত সব ধরণের সেবা দেওয়া হবে। অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ মেলায় বিশেষ ধরণের তারহীন ইন্টারনেটের সুবিধা জানাচ্ছে গ্রাহকদের। আউটসোর্সিংবর্তমানে নানা ধরনের প্রযুক্তি কাজের মধ্যে উল্লেখযোগ্য একটি সম্ভাবনাময় খাত হচ্ছে আউটসোর্সিং। দক্ষ জনশক্তি দেশে বসেই সহজে কাজে লাগাতে এর বিকল্প নেই। আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসার অন্যতম মাধ্যম গার্মেন্টস-শিল্পের মতোই এ খাতেও রয়েছে যথেষ্ট সুযোগ। মেলায় আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরতে রাখা হয়েছে আলাদা আউটসোর্সিং জোন, যেখানে আউটসোর্সিং করা বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।বিভিন্ন আয়োজনে মেলামেলায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে নানা বিষয়ে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভা। এ ছাড়া অনুষ্ঠিত হয়েছে সেরা প্রযুক্তি ব্যবহারকারী ও তথ্যপ্রযুক্তি উদ্ভাবকের পুরস্কার এবং সিইও ইত্যাদি। বিভিন্ন বিষয়ে প্রায় ১০টি সেমিনার রয়েছে পুরো মেলায়। মাসিক কমপিউটার বিচিত্রা মেলায় পত্রিকা, বই আর সিডি বিক্রি করে একজন ক্যান্সার রোগীর জন্য তহবিল গঠন করছে।মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাচ্ছে। মেলা প্রতিদিন সকাল১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। বেসিস সফটএক্সপোর প্লাটিনাম ও গোল্ড পৃষ্ঠপোষক যথাক্রমে গ্রামীণফোন ও রিভ সিস্টেমস।সহ পৃষ্ঠপোষক বিজনেস প্রমোশন কাউন্সিল। কৌশলগত অংশীদার এফবিসিসিআই ও এমসিসিআই।