আমাদের বড় খালা যে বেশ বড়লোক, তা আমি আগে থেকেই জানতাম। বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মায়ের অবধারিত ডায়ালগ ‘বড়বুর হেন আছে, তেন আছে। আর আমার? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কার ঘরে এসে পড়লাম?’ বাবা তখন গম্ভীর ভঙ্গিতে কান চুলকাতেন।বড় খালারা লন্ডনে থাকেন, সেখানে খালুর রেস্টুরেন্ট আছে শুনেছি। সিলেটের প্রতিটি পরিবারেই লন্ডনিদের আলাদা কদর। তাই ‘বড় খালা আসছেন’ এই খবর পেয়ে আমাদের বাড়িতে রীতিমতো হুলুস্থূল কাণ্ড বেঁধে গেল। বাবার সঙ্গে ঝগড়ায় ইস্তফা দিয়ে মা সপ্তাহব্যাপী বাড়ি পরিষ্কার অভিযানে লেগে গেলেন। লন্ডনিরা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন হয় কিনা।বড় খালারা এসে পৌঁছুলেন শুক্রবার দুপুরে। আমি তখন বাইরে ছিলাম। এসে শুনি তাঁরা সবাই ঘুমাচ্ছেন। জেট লেগ না কি একটা সমস্যার কারণে নাকি অমনটা হয়। পরদিন সকালে সবার সঙ্গে পরিচিত হলাম। বড় খালা, বড় খালু, নিতু আপু আর মন্টি। নিতু আপু বড় খালার বড় মেয়ে। খুব ভালো মানুষ। মন্টি, নিতু আপুর ছোট ভাই। সাড়ে তিন বছর বয়স। ছেলেটা ভালো, তবে কামড়াকামড়ির স্বভাব আছে। প্রথম পরিচয়েই আমার বুড়ো আঙুলে দাঁতের দাগ বসিয়ে দিল। সেই সকালে অবশ্য আরেকজনের সঙ্গে পরিচয় বাকি ছিল। বড় খালার ছোট মেয়ে। সে নাকি তখনো ঘুম থেকে ওঠেনি।সেদিন বিকেলে দোলনায় বসে দোল খাচ্ছি। অচেনা একটা কণ্ঠ শুনলাম ‘তুমি অপু ভাইয়া?’ তাকিয়ে দেখি লম্বাটে চেহারার ফরসা এক মেয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভ্যাবাচ্যাকা খেয়ে দোলনা থেকে পড়ে যাচ্ছিলাম। কোনোমতে তাল সামলে বললাম ‘অ্যাঁ, হ্যাঁ। তুমি?’ ‘আমি নিহা, তোমার কাজিন’। হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল সে। আমি ওর হাত ধরতেই জোরে জোরে ঝাঁকি দিল। বলল ‘ক্যান আই সিট’? আমি যন্ত্রের মতো মাথা নাড়লাম। তারপর মেয়েটা আমার পাশে বসে দোলনায় দোল খেতে লাগল!লন্ডনে বড় হওয়া নিহা খুব দ্রুতই বাঙালিপনা শিখে গেল। শাড়ি পরা থেকে শুরু করে শুঁটকি মাছের ভর্তা খাওয়া সব। লুডু খেলাতে বেশ আগ্রহ ছিল ওর। বিশেষ করে, ‘চিটিংবাজি’তে আমাকেও ছাড়িয়ে গেল দুদিন খেলেই। মায়ের কাছ থেকে রান্নাবান্নাও শিখতে চাইল। যদিও ঠিকভাবে কিছুই রান্না করতে পারত না। তবু অদ্ভুত সব জিনিস রান্না করে আমাদের খাওয়ানোর চেষ্টা করত। আরেকটা জিনিস সে শিখেছিল— বৃষ্টিতে ভেজা, ওরা আসার পর প্রথম যেদিন বৃষ্টি হয়, সব কাজিন মিলে বৃষ্টিতে ভিজেছিলাম আমরা। তার পর থেকে বৃষ্টি হলেই ভিজতে চাইত সে। কারও কথাই শুনত না। অনেকটা শিশুর মতো স্বভাব ছিল ওর। কথায় কথায় হাসত। কিছু বুঝুক বা না বুঝুক, হাসা তার লাগবেই। আর চান্স পেলেই। আমাকে বলত ‘অপু ভাই, ইউ আর সো ব্যাড।’ ব্যাড হওয়ার মতো কী করলাম বুঝতাম না আমি। শুধু ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম। খুব দ্রুত কেটে গেল দুটো রঙিন মাস। যাওয়ার সময় আমাকে একটা পারফিউম উপহার দিয়েছিল নিহা। বলেছিল, ‘ভাইয়া, আবার দেখা হবে।’প্রায় পাঁচ বছর নিহার সঙ্গে দেখা হয় না আমার। ওর কথা প্রায়ই মনে পড়ে। তখন ওর দেওয়া পারফিউমের গন্ধ নিই আমি। অদ্ভুত সুন্দর গন্ধ! তেরো বছরের সেই কিশোরী নিহা আজ কেমন হয়েছে দেখতে খুব ইচ্ছা হয়। অনুভূতিটা ঠিক ভালোবাসা নয়। সেটা কী—আমি নিজেও জানি না। ফারহান লিয়াকত ঢাকা মেডিকেল কলেজ