বড় গাঙের সৌন্দর্য টানছে পর্যটকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীল জলে ডুবে থাকা পাহাড়ের সারি আর তার চূড়ায় মেঘের মিতালি। বড় গাঙে এমন নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে নিতে পারেন পাহাড়ি রান্নার স্বাদ l সুপ্রিয় চাকমা
নীল জলে ডুবে থাকা পাহাড়ের সারি আর তার চূড়ায় মেঘের মিতালি। বড় গাঙে এমন নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে নিতে পারেন পাহাড়ি রান্নার স্বাদ l সুপ্রিয় চাকমা

রাঙামাটিতে পর্যটকদের বেড়ানোর জায়গা বলতে সুবলং ঝরনা, ঝুলন্ত সেতু কিংবা নৌকায় চড়ে কাপ্তাই লেকে এক চক্কর। এর বাইরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠছে বড় গাঙ। এটি রাঙামাটি শহর থেকে ১৪ কিলোমিটার দূরে রাঙামাটি-কাপ্তাই সড়কের পাশে। মগবান ইউনিয়নের বড়াদম এলাকার একটি স্থান এই বড় গাঙ।
এখানকার প্রাকৃতিক দৃশ্য কাছে টানছে পর্যটকদের। কাপ্তাই লেকের নীল জল আর দূরে সবুজ পাহাড়ের সারি অন্য রকম ভালো লাগা ছুঁয়ে যায়। এ ছাড়া স্থানটির এক থেকে দেড় কিলোমিটার আগে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তের) জন্মস্থান মোরঘোনা। তাঁর জন্মস্থান দেখতে প্রতিদিন শত শত ভক্ত সেখানে যান। তাঁরাও একবার ঢুঁ মেরে আসছেন বড় গাঙে।
বর্তমানে বড় গাঙে বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে নানা অবকাঠামো। এর মধ্যে অন্যতম বড় গাঙ রেস্তোরাঁ। অবকাঠামোর নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ না হলেও প্রতিদিন পর্যটকেরা ভিড় করছেন।
জানা গেছে, গত বছরের অক্টোবর মাসের শুরুতেই বড় গাঙ রেস্তোরাঁর অবকাঠামো নির্মাণ শুরু করা হয়। চার একর জায়গার ওপর এটি গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে খাবার রেস্তোরাঁ চালু হয়েছে জানুয়ারি মাস থেকে। এখন চলছে জুমঘর ও রাতযাপনের জন্য চারটি কটেজের নির্মাণকাজ। আগামী ১ এপ্রিল থেকে জুমঘর ও কটেজ চালু হবে।

কাপ্তাই হ্রদের নীল জল চিরে চলে যাচ্ছে বাহারি নৌকা। বড় গা​েঙ গেলে ঘোরা যাবে এমন নৌকায় l প্রথম আলো
কাপ্তাই হ্রদের নীল জল চিরে চলে যাচ্ছে বাহারি নৌকা। বড় গা​েঙ গেলে ঘোরা যাবে এমন নৌকায় l প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, রেস্তোরাঁর পাশে কাপ্তাই লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে রঙিন নৌকা। এ ছাড়া গাছের গুঁড়ি দিয়ে করা হয়েছে বসার স্থান। দেওয়া হয়েছে ছাতাও। সবুজ গাছের ফাঁকে তৈরি করা হয়েছে দোলনা। খাবার খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। রয়েছে আদিবাসীসহ সব ধরনের খাবার। পরিবেশনায় রয়েছে ভিন্নতা।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক মিলন ধর ও মো. আবদুল আলী প্রথম আলোকে বলেন, মানুষ এখন সবকিছুতে নতুনত্ব চায়। রাঙামাটিতে ঘুরতে এসে এই স্থানটির খোঁজ পেলাম। এসে ভালো লাগছে।
বড় গাঙ রেস্তোরাঁটি গড়ে তুলছেন রাঙামাটি শহরের সাতজন সমমনা ব্যক্তি। তাঁদের একজন সুমেধ চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, রাঙামাটিতে দীর্ঘদিন ধরে নতুন কোনো স্পট গড়ে ওঠেনি। সে জন্য দেশি-বিদেশি পর্যটক তেমন বাড়ছে না। সেই দৃষ্টিকোণ থেকে বড় গাঙ রেস্তোরাঁটি করা হচ্ছে। ১ জানুয়ারি থেকে বিনা টিকিটে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
এ ছাড়া আধা কিলোমিটার দূরে কাপ্তাই লেকের পাশে রয়েছে আরও একটি রেস্তোরাঁ। নাম ‘বেরান্যে’, অর্থাৎ বেড়ানো। এটি চালু হয়েছে গত বছরের ১৪ ডিসেম্বর। রেস্তোরাঁটিতেও আদিবাসীসহ নানা খাবারদাবার পাওয়া যায়। সেখানেও রাতযাপনের জন্য কটেজ নির্মাণ করা হচ্ছে।
মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, বড় গাঙ এলাকাটি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। এমনিতেই কাপ্তাই-রাঙামাটি সড়কের বিভিন্ন অংশে পর্যটন স্পট রয়েছে। প্রতিদিন পর্যটকেরা বেড়ানোর জন্য আসছেন। পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় বড়াদম এলাকায় অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হচ্ছে।