বড় গাড়ি চলে না, বেড়েছে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুতে লোহার পাত লাগিয়ে বড় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে
সেতুতে লোহার পাত লাগিয়ে বড় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে

৩০ ফুটের বেইলি সেতু। প্রায় প্রতিটি পাটাতনেই ফুটো। ক্ষয়ে যাচ্ছে মরচে ধরা রেলিংও। আর গাড়ি উঠলেই দুলতে থাকে সেতু। এমন অবস্থায় ছোট গাড়ি পার হলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এ চিত্র ঝুঁকিপূর্ণ আনোয়ারা উপজেলার আন্নর আলী সিকদার সেতুর।
বটতলী ও রায়পুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সাপমরা খালের ওপর ২০০০ সালে নির্মিত হয় এই সেতু। এটি পার হয়ে রায়পুর ইউনিয়নের লোকজন বটতলীর ওপর দিয়ে বটতলী-রুস্তমহাট, আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগ রাখেন। এ ছাড়া সমুদ্র থেকে আহরণ করা মাছ পরিবহনেও ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এখন ভারী যানবাহন চলছে না। ফলে ভোগান্তি বেড়েছে চলাচলকারীদের।
স্থানীয় লোকজন জানান, বছরখানেক ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কয়েকবার মেরামত করা হয়েছে ফুটো হয়ে যাওয়া পাটাতন। এখন সেতুর ওপর দিয়ে রিকশা চলাচল করতেও কষ্ট হচ্ছে। তারপরও অটোরিকশা চলছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর রেলিংয়ের ওপর আড়াআড়িভাবে লোহার পাত দিয়ে বড় গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ছোট গাড়ি পার হওয়ার সময়ও ভয়ে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে সেতু পার হচ্ছেন।
রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গার বাসিন্দা আবুল কালাম বলেন, একমাত্র সেতুটি দিয়ে রিকশা ও অটোরিকশা ছাড়া বড় গাড়ি চলছে না। তাই এলাকায় বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে তিন থেকে চার কিলোমিটার হেঁটে আন্নর আলী সিকদারহাটে গিয়ে গাড়িতে উঠতে হয়।
রায়পুর এলাকার মাছ ব্যবসায়ী আবদুর রহিম বলেন, সেতু দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ থাকায় মাছ পরিবহন করতে হচ্ছে বিকল্প পথে। ফলে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ জন্য ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে ১৭ ফেব্রুয়ারি থেকে লোহার পাত দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন, বড় গাড়ি চলাচল করলে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা আছে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘আন্নর আলী সিকদার সেতুর সংস্কারের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাবনা পাঠিয়েছি, তবে এখনো অনুমোদন না হওয়ায় কাজ করা যাচ্ছে না।’