বড় গৌরবে দেড় শ বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে ১৫৭ বছর আগে, ১৮৫৩ সালে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যরা এটি ব্যারাক হিসেবে ব্যবহার করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এসব ছিল সাময়িক সমস্যা, বড় গৌরবে মাথা উঁচু করে শিক্ষার আলো জ্বালছে সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়। ২০০৩ সালে জাঁকজমকভাবে পালিত হয়েছে বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উৎসব।জানা যায়, বেনেডিক্ট সংঘের পর্তুগিজ মিশনারিজরা খ্রিষ্টান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। শুরুতে লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি মাধ্যমে চলত শিক্ষাকার্যক্রম। ১৯২১ সালে হলিক্রস সংঘের ব্রাদারেরা বিদ্যালয়টির দায়িত্ব নেন। ওই সময় থেকে এটি সেন্ট প্ল্যাসিডস স্কুল নামে পরিচিতি পায়। তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ফাদার ক্লেমেট সিএসসি। ধীরে ধীরে বাঙালি ছেলেরাও এখানে পড়ার সুযোগ পায়। ১৯৭৮ সালে বাংলায় শিক্ষাকার্যক্রম শুরু হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে শিক্ষক আছেন ৫৩ জন, শিক্ষার্থী দুই হাজার ৬৬ জন। কৃতী ছাত্রদের মধ্যে আছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, প্রকৌশলী আলী আহমেদ, ব্যবসায়ী এম এ সালামসহ অনেকে।বিদ্যালয় সূত্রে জানা যায়, মূল ভবন ১৯২৬-২৮ সালের মধ্যে তৈরি হয়েছিল। ভবনের সামনে একটি প্রার্থনাঘর ছিল। ১৯৯৮ সালে সেটি ভেঙে ফেলা হয়। তার পরিবর্তে ২০০৩ সালের মে মাসে নতুন ভবন গড়ে ওঠে। মূল ভবনটিও ২০০৮ সালে সংস্কার করা হয়। নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র মান্না বৈদ্য ও পার্থ দাশ জানায়, ‘চট্টগ্রামে আমাদের বিদ্যালয়ের পরীক্ষাগারই সবচেয়ে বড়। তেমনি বড় এ বিদ্যালয়ের ঐতিহ্যও।’ বাণিজ্য শাখার ছাত্র শাওন কর্মকার বলেন, ‘বৃত্তি ও শিক্ষা সমাপনী কোচিংয়ের জন্য আমরাই সেরা। রমজানে বন্ধ ছিল বলে এখন শনিবারেও ক্লাস হচ্ছে।’ বিদ্যালয়ের ইতিহাস অনেকে শিক্ষার্থী জানে না। কেউ বলে ব্রাদার পল বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। আবার কারও মতে প্রতিষ্ঠাতা ব্রাদার প্ল্যাসিড। ছাত্র ফারহান রশিদ বলেন, ‘১৫৭ বছরের পুরোনো বিদ্যালয়। তাই এর ইতিহাস জানি না।’ প্রধান শিক্ষক প্রদীপ প্ল্যাসিড গোমেজ সিএসসি বলেন, ‘২০১০ সালে ১১৩ জন ছাত্র এসএসসি পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। সে হিসেবে পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।’ তিনি কিছু সমস্যার কথাও বললেন—‘বিদ্যালয়ের সামনের রাস্তাটা সরু। সব সময় যানজট লেগে থাকে। অভিভাবক ও বাচ্চাদের চলাচলে সমস্যা হয়। এ ছাড়া প্রায়ই দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে ট্রাক ও ভ্যানগাড়ির। এতে দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’