বড় দুই দলেই একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় পুরোদমে নেমে পড়েছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে সর্বস্তরের ভোটারের কাছে নানা রকম অনুনয়ের মাধ্যমে ভোট ও দোয়া চাইছেন তাঁরা। তবে ভোট কাকে দেবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কাউকে দিচ্ছেন না ভোটাররা।২৮ জুন প্রথম দফায় উপজেলার নবাবপুর, আমিরাবাদ, মতিগঞ্জ ও সোনাগাজী সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় ৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে চর মজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, চরদরবেশ ও চরচান্দিয়া ইউনিয়নে। বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বেশির ভাগ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন। নির্বাচনী লড়াই চলবে মূলত ওই দুই দলের মধ্যে। তবে দুই-একটি ইউনিয়নে জামায়াত প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ জন প্রার্থী। এর মধ্যে চর মজলিশপুর ইউনিয়নে ছয়জন, বগাদানা ইউনিয়নে সাতজন, মঙ্গলকান্দি ইউনিয়নে আটজন, চর দরবেশ ইউনিয়নে সাতজন, চর চান্দিয়া ইউনিয়নে ছয়জন, আমিরাবাদ ইউনিয়নে নয়জন, নবাবপুর ইউনিয়নে ১১ জন, মতিগঞ্জ ইউনিয়নে আটজন ও সোনাগাজী সদর ইউনিয়নে আটজন। চর চান্দিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. গিয়াস উদ্দিন ও সামছুদ্দিন খোকন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সেলিম জাহাঙ্গীর ও মোশারফ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহির উদ্দিন প্রচারণা চালাচ্ছেন। চর দরবেশ ইউনিয়নে বিএনপির আবদুর রহমান ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের মো. ইলিয়াছ ও নাফিজ উদ্দিন প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া মাঠে আছেন রফিকুল ইসলাম, জাহেদুল ইসলাম ও এম এম তালেব আলী। বগাদানা ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান হাবিব উল্যাহ্ পাটোয়ারী, মো. আবদুল হালিম ও মো. জহিরুল আলম, আওয়ামী লীগের নাছির উদ্দিন বাহার, কাজী মনছুর উদ্দিন ও সাখাওয়াতুল হক এবং জামায়াত ইসলামের আবু ছালেহ্ মোহাম্মদ বদরুদ্দৌজা মাঠে নেমেছেন।চর মজলিশপুর ইউনিয়নে মাঠে রয়েছেন বিএনপির রবিউল হক, মমিনুল হক, আওয়ামী লীগের এম এ হোসেন ও ইয়ার আহাম্মদ সাহাব উদ্দিন। এ ছাড়া রয়েছেন আবু জাফর ও মো. ফজলুল হক।মঙ্গলকান্দি ইউনিয়নে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান বিএনপির নুর ইসলাম, কামরুল ইসলাম, দাউদুল ইসলাম, আওয়ামী লীগের জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, স্বতন্ত্র নজরুল ইসলাম মো. হানিফ ও মো. আমিনুল ইসলাম। নবাবপুর ইউনিয়নের বিএনপির জহিরুল আলম, আওয়ামী লীগের দেলোয়ার হোসেন, আমজাদ হোসাইন, স্বতন্ত্র মো. জামশেদ আলম, জহিরউদ্দিন, মো. শাহ আলম, গিয়াসউদ্দিন ভূঁঞা, মো. মুছা খান শাহজাহান, মো. জাহাঙ্গীর আলম প্রচারণা চালাচ্ছেন। আমিরাবাদ ইউনিয়নে বিএনপির নিজাম উদ্দিন ও মো. নুরুল আনোয়ার, আওয়ামী লীগের জহিরুল আলম, মফিজুর রহমান ভূঁঞা, শেখ ইসমাইল হোসেন, জামায়াতের মো. ফখর উদ্দিন (বর্তমান চেয়ারম্যান) ও স্বতন্ত্র হিসেবে মো. শেখ ফরিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনাগাজী সদর ইউনিয়নে আওয়ামী লীগের সামছুল আরেফিন, বিএনপির বোরহানউদ্দিন, মো. মাঈন উদ্দিন খান, হুমায়ুন কবির খান, রফিক উদ্দিন সিদ্দিকী, নুর মোহাম্মদ আজাদ চৌধুরী প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র হিসেবে আছেন জসীম উদ্দিন। মতিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম সারোয়ার ও মো. ইসমাইল, সাইফুল ইসলাম রবিন, বিএনপির আমিনউদ্দিন দোলন ও জসিমউদ্দিন আহাম্মদ, জামায়াতের আবদুল কাইয়ুম ভূঁঞা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া রয়েছেন কামরুল ইসলাম চৌধুরী, মাহফুজ আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ হোসেন চৌধুরী জানান, ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে একাধিক সভা হয়েছে। তিনি আশা করেন উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।