বড় দুই দলেই একাধিক মনোনয়নপ্রত্যাশী
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই ফেনী পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা মেয়র পদে প্রার্থী হতে তৎপর হয়ে উঠেছেন। মনোনয়ন নিয়ে দুই দলেই মতবিরোধ রয়েছে। বিরোধ মিটিয়ে একক প্রার্থী মনোনয়নে কৌশল নির্ধারণের লক্ষ্যে আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে বৈঠক করেছেন। কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ফেনী পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় নেতা-কর্মীসহ ভোটারদের সঙ্গে নানাভাবে যোগাযোগ শুরু করেছেন তাঁরা। মেয়র পদপ্রার্থী হিসেবে এ পর্যন্ত যাঁদের নাম আলোচিত হচ্ছে তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ, অ্যাডভোকেট আক্রামুজ্জমান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিজাম হাজারী। অপরদিকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান মেয়র নূরুল আবসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন খান এবং ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফারুক হারুনের নাম আলোচনায় রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতা-কর্মী জানান, জেলা আওয়ামী লীগ ও বিএনপিতে নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন থেকে কোন্দল চলছে। মেয়র পদে মনোনয়নকে কেন্দ্র করে এ বিরোধ সামনে আরও বাড়তে পারে।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী প্রথম আলোর সঙ্গে আলাপকালে অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার করেন। তবে তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী মনোনয়নের জন্য সভা ডেকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ জানান, নেতা-কর্মীদের অনুরোধেই তিনি মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী হয়েছেন। তবে তিনি দলীয় সিদ্ধন্তের সঙ্গে একমত থাকবেন বলে জানান। সূত্র জানায়, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে কৌশল নির্ধারণের জন্য ৭ ডিসেম্বর জেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা বৈঠক করেন। এতে কোব্বাদ আহম্মদ ছাড়াও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মোশাররফ হোসেন হাজারী, নিজাম হাজারী, আইনুল কবির শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মেয়র পদে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে নেতারা একমত হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে। জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান মেয়র নূরুল আবসার জানান, তিনি অবশ্যই বিএনপির পক্ষে মেয়র পদে প্রার্থী হবেন। অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার বলেন, ‘নূরুল আবসার এখন বিএনপির কেউ নন। তাঁকে বাদ দিয়েই জেলা বিএনপির সভা করে একক প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হবে।’এ ছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য কোনো দলের পক্ষে মেয়র প্রার্থী হিসেবে কারও নাম আলোচনায় আসেনি।