বড় নিয়ামক ‘ওয়ালমার্ট মায়েরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরিল অ্যাবার্নোর ওবামা টি-শার্টটা থাকে তাঁর ওয়ার্ডরোবের কোনো একটা ড্রয়ারেই। কিন্তু সেটি এখন খুঁজে বের করতে কিছুটা সময় লাগবে তাঁর। ‘ইয়েস উই ডিড’ লেখা টি-শার্টটি গায়ে চড়ানো হয়নি বহুদিন। ২০০৮ সালে অনুষ্ঠিত গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার জয়ের ঠিক পরের দিনগুলোর স্মৃতিচারণা করে শেরিল বলেন, ‘আমি মনে হয় মাস খানেক গায়ে দিয়েছিলাম টি-শার্টটা। কারণ, সত্যিই বেশ খুশি হয়েছিলাম। কিন্তু সম্প্রতি তেমনটা পরা হয়নি।’ফ্লোরিডার অরল্যান্ডোর অদূরে অবস্থিত ক্লেরমন্টের বাসিন্দা দুই সন্তানের মা শেরিল অ্যাবার্নো। নির্বাচন প্রসঙ্গ নিয়ে শেরিল বলেন, ‘শেষ পর্যন্ত একজন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীকেই হয়তো ভোট দেব এমনটা ভাবতেই কেমন যেন লাগে। কারণ, মধ্যবিত্তের বিভিন্ন সংকটের ব্যাপারে তাঁদের আসলেই কোনো ধারণা আছে কি না, জানি না।’কিন্তু শেরিলের মনে হচ্ছে, বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে রয়েছে নেতৃত্বের অভাব। হতাশ হয়ে তাই বিকল্প খুঁজছেন তিনি। শেরিলের বড়সড় বাড়িটা দেখে তাঁর আর্থিক দৈন্যের ব্যাপারটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয় না। কিন্তু ২০০৪ সালে দুই লাখ ২০ হাজার ডলারে কেনা বাড়িটির দাম অর্থনৈতিক মন্দার কারণে মাত্র এক লাখ ৫৩ হাজারে নেমে এসেছে। অথচ বাড়ি কেনা আর সম্প্রসারণের খরচ মিলিয়ে অ্যাবার্নো দম্পতির ঘাড়ে ব্যাংকঋণ তিন লাখ ১৮ হাজার ডলার। শেরিল জানান, প্রতি মাসে ব্যাংকের কিস্তি শোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।আর্থিক দায়ের দুশ্চিন্তা, দুই বাচ্চার লালনপালনের ব্যয় আর পছন্দের প্রেসিডেন্টের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা—এসব নিয়ে সংকটে আছেন শেরিল। তিনি কার্যত পরিণত হয়েছেন আর ১০ জন ‘ওয়ালমার্ট মাম’ (ওয়ালমার্ট মা)-এর একজনে। ওয়ালমার্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের খুচরা পণ্য বিক্রির সবচেয়ে বড় চেইন সুপার মার্কেট। আর ওয়ালমার্ট থেকে মাসে অন্তত একবার কেনাকাটা করেন এবং ঘরে ১৮ বা তার কম বয়সী সন্তান আছে এমন নারীই জরিপকারীদের ভাষায় ‘ওয়ালমার্ট মাম’। ওয়ালমার্ট দেশজুড়ে তাদের বিপুলসংখ্যক বিক্রয়কেন্দ্রে সময় সময়, বিশেষ করে গৃহিণীদের সাংসারিক জিনিসপত্রের মূল্যহ্রাস দিয়ে থাকে। সীমিত আয়ের ‘ওয়ালমার্ট মায়েরা’ সারাক্ষণ সেসব মূল্যহ্রাসের খোঁজে থাকেন। ডেমোক্রেটিক পার্টির পক্ষে জনমত যাচাইকারী মার্গি ওমেরো গত অক্টোবরে ‘ওয়ালমার্ট মায়েদের’ নিয়ে একটি জরিপ চালান। মার্কিন ভোটারদের প্রায় ১৪ শতাংশ হচ্ছেন এই ওয়ালমার্ট মায়েরা। ২০০৮ সালের নির্বাচনে তাঁরা ছিলেন অন্যতম ‘দোদুল্যমান ভোটার’। সেই সময় তাঁরা ওবামাকে সমর্থন করেছিলেন। ২০১০ সালের কংগ্রেস নির্বাচনে তাঁরাই আবার রিপাবলিকানদের দিকে ঝুঁকে ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করেন। চরম আর্থিক টানাপোড়েনে থাকা এই নারীদের অনেকেই এখনো ঠিক করেননি কাকে ভোট দেবেন। আসলে তাঁরা দিনযাপন নিয়ে এতটাই ভারাক্রান্ত থাকেন যে জাতীয় রাজনীতি নিয়ে যথেষ্ট মনোযোগ দেওয়ার ফুরসত পান না। সংসার চালাতে কেনাকাটার জন্য আজকাল বিশেষ কৌশল অবলম্বন করতে হয় শেরিলকে। খোঁজখবর নিয়েতিনি ঠিক করেন, সস্তায় জিনিসপত্র কেনার জন্য কোথায় কোন দোকানে যেতে হবে। শেরিল বলেন, কোথায় মূল্যহ্রাস চলছে এবং কোন দোকানের কুপন সংগ্রহে আছে, তার ওপর ভিত্তি করে কেনাকাটার পরিকল্পনা করেন তিনি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা কৌশলে ‘ওয়ালমার্ট মায়েদের’ বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তাঁরা যেসব মধ্যবিত্ত পরিবার থেকে আসেন, সেসব পরিবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মধ্যবিত্তের মন জয় করতে পারলেই ফ্লোরিডা জয় সম্ভব হবে। আর ফ্লোরিডায় জেতা মানেই হোয়াইট হাউস জয় করা। আশিস আচার্য