বড় পর্দায় বড় আনন্দ
পরনে লুঙ্গি আর ময়লা শার্ট, ডান হাতে সিগারেট। একটার পর একটা ফুঁকছেন। সমানে চলছে মুখ—‘আশরাফুল তুই আজ দেখিয়ে দে, আরেকটা উইকেট নে, আজ তুই ম্যান অব দ্য ম্যাচ।’একটু পর আক্রমণে এলেন সাকিব আল হাসান। এর আগে এক ওভার করে একটি উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। তিন বল করার পর আবার মুখ খুললেন সেই লোকটি—‘সাকিব কী বল করে? একটি উইকেট পেয়েছিল ব্রিটিশ আমলে!’ তামিম একটি কঠিন ক্যাচ ধরার পর লোকটির মুখে খই ফুটছে—‘চাটগাঁর ছেলে না! বাঘের বাচ্চা।’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্নায়ুক্ষয়ী ম্যাচটি জেতার পর সেই লোকটির, রিকশাওয়ালা আব্দুল বাসেতের চোখে জল, কণ্ঠে একটি শব্দ ‘বাংলাদেশ’।গত শুক্রবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেট খেলা উপভোগের খণ্ডচিত্র এটি।মাত্র ২০৫ রান! মাঝখানে ম্যাচ হাতছাড়া হওয়ার উপক্রম। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতেই পাল্টে গেল মাঠের রূপ। হু হু করে আসছে মানুষ। ব্যক্তিগত গাড়ি (কার), মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা নিয়ে অনেকে এলেন বড় পর্দার কাছাকাছি। হাজার হাজার মাথার ওপরে বড় পর্দায় চলছে বাংলার টাইগারদের দোর্দণ্ড প্রতাপ। বিজ্ঞাপন বিরতিতে চলছে শিল্পী আসিফের বিখ্যাত গান ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ’। দর্শকের রক্তে যেন আগুন ধরিয়ে দিচ্ছে গানটি। তাঁরাও স্লোগান দিচ্ছেন ‘বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।’ ইতিমধ্যে দর্শকের বিচার-বিশ্লেষণ, হিসাব-নিকাশ যেন পাল্টে গেল। রাত আটটা ১৩ মিনিটে আমরা পেলাম চতুর্থ উইকেট। আটটা ২৪ মিনিটে পঞ্চম উইকেট। এবার আর জয়ের আশা ক্ষীণ নয়, যদিও বল আর রানের ব্যবধান যোজন যোজন। তবুও দর্শকের বিশ্বাস দৃঢ়তর হচ্ছে, ‘বাংলাদেশ জিতবেই।’ এ সময় সবার মুঠোফোন জ্বলছে জোনাকি পোকার মতো। বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছেন বড় পর্দায় খেলা দেখতে আসার। কেউ ফোনেই বলে দিচ্ছেন, ‘তোরা মিছিল করার জন্য মহল্লার সবাইকে তৈরি হতে বলে দে, আমি পতাকা নিয়ে আসতেছি।’ দর্শকের উত্তেজনা বাড়ছে। আরও বাড়ছে উচ্ছ্বাস-উল্লাস। তাঁরা বলাবলি করছেন, ‘অবিস্মরণীয় খেলা’, ‘কী দুর্দান্ত ক্যাচ’, ‘বাপের বেটা সাকিব’, ‘আশরাফুল দেখিয়ে দে খেলা কাকে বলে!’, ‘আল্লাহ! প্লিজ আরেকটা আউট দাও’, ‘এই আম্পায়ার এলবি দিল না, আমি আম্পায়ার হলে দিতাম!’ ইত্যাদি। এ দলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী, শ্রমিক, মজুর, পথশিশু থেকে শুরু করে হাজারো মানুষ। আবেগ আর ভালোবাসা মেখে ছুড়ে দিচ্ছে বাক্যবাণ। ক্রিকেটপ্রেমী বলে কথা! এখানে এসে মনে হলো, ক্রিকেট বেশ ভালোই বোঝেন তাঁরা। অনেক হাঁড়ির খবর তাঁদের জানা।খেলা দেখতে দেখতে এখানে ভালো বিক্রি হচ্ছে সিলেটের হবিগঞ্জের মো. ইউনুচ মিয়ার গরম চা। প্রতিকাপ মাত্র তিন টাকা। বললাম, চাচা কেমন চলছে? তিনি উল্টো বলেন, ‘কোনটা—খেলা নাকি চা।’ আমরা অবাক! তিনি যোগ করলেন, ‘যখন বাংলাদেশ ভালো খেলে তখন চা-ও ভালো চলে। খুশি হয়ে সবাই চা খান। বন্ধুদেরও খাওয়ান।’ শুধু চা নয়, এখানে ঝালমুড়ি, সিদ্ধ ডিম, চানাচুর বিক্রেতা সবারই মুখে মধুর হাসি, সেই হাসি বলে দিচ্ছে ব্যবসা ভালোই হচ্ছে। এর কারণ বললেন খেলা দেখতে আসা অনন্য রবিন (২০)। তাঁর ভাষায়, ‘দূরে কোথাও নাশতা করতে গেলে তো খেলা মিস করব। আমরা চাই না, অবিস্মরণীয় সেই ক্যাচের মতো আর কিছু মিস করি।’জিমনেশিয়ামে খেলা দেখতে দেখতে একটু পা ব্যথা হতেই পারে। কিন্তু সিআরবির সাত রাস্তার মোড়ে সড়কের পাশের ঢালুতে, গাছের গোড়ায় কিংবা সড়কদ্বীপে বসে খেলা দেখা যাবে অনায়াসে, দেখে মনে হবে ছোটখাটো একটি স্টেডিয়াম। এখানেও হাজারো দর্শকের মেলা। ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। সবাই বাংলাদেশের ভক্ত। তাঁদের হূদয়ে, মননে, রক্তে বাংলাদেশ। আর তাই আয়ারল্যান্ডের একেকটি উইকেট পতনের পর যখন বিশ্বকাপের থিম সং ‘দে ঘুরিয়ে’ বাজানো হচ্ছিল তখন দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনির সঙ্গে লাল-সবুজের পতাকা নিয়ে নাচের দৃশ্য অনেক দিন মনে থাকবে। ‘জাতিধর্মবর্ণ-নির্বিশেষে, বয়সের ব্যবধান ভুলে সবাই একসঙ্গে যেভাবে বাংলাদেশের জন্য মরিয়া হয়ে উঠলেন, যেভাবে দেশপ্রেম জাগ্রত হলো—এটা কাজে লাগিয়ে আমরা চাইলে অনেকদূর এগিয়ে যেতে পারি।’ বললেন নগরের অভয়মিত্রঘাট এলাকা থেকে বন্ধুদের নিয়ে খেলা দেখতে আসা কলেজছাত্র দেলোয়ার হোসেন।এখানে গোয়ালপাড়ার ছেলেবুড়ো সব বয়সী মানুষ এসেছেন খেলাটি উপভোগ করতে। তাঁদেরই একজন মো. রাসেল। বললেন, ‘বাসায় টেলিভিশন আছে। কিন্তু বড় পর্দায় খেলা দেখার মজাটাই আলাদা। তাই এখানে এসেছি।’ রাত নয়টা ২৯ মিনিট। নবম উইকেট পেল বাংলাদেশ। এক দফা উল্লাস হয়ে গেল। কিন্তু প্রিভিউ বাকি! অবশেষে রায় গেল বাংলাদেশের পক্ষে। এরপর শুরু হলো বিজয়োল্লাস! নাচানাচিতে উড়ছে ধুলো তুলোর মতো। এ উল্লাস ছড়িয়ে পড়ল নগরজুড়ে। দেশ ছাপিয়ে বিশ্বজুড়ে।