ফেনী শহরের বড় বাজার মুরগি, মাছ ও শুঁটকি বিক্রির দোতলা শেডটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের পাগলা মিয়ার মাজারের পাশে তাকিয়া সড়কসংলগ্ন ফেনী বড় বাজারটি শহরের একমাত্র বাজার। পৌরবাসী ছাড়াও আশপাশের গ্রামের লোকজনও বাজারটির ওপর নির্ভরশীল। বিশাল একটি টিনের ঘরের মধ্যে দীর্ঘদিন মাছ, শুঁটকি ও মুরগি বিক্রি করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়তে থাকে। ফলে ওই টিনের ঘরে স্থান সংকুলান হয় না। তা ছাড়া ওই টিনের ঘরটিও জরাজীর্ণ হয়ে পড়ে এবং টিন ফুটো হয়ে ভেতরে পানি পড়তে থাকে। এ অবস্থায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবির মুখে ফেনী পৌরসভা ১৯৯৬ সালে ওই টিনের ঘরটি ভেঙে সেখানে একটি দোতলা শেড নির্মাণ করে। দোতলা শেডের নিচতলায় মাছ, শুঁটকি ও ছাগলের মাংস এবং দোতলায় মুরগি বিক্রির ব্যবস্থা রাখা হয়। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হয়। কিন্তু নির্মাণের মাত্র ১৪ থেকে ১৫ বছরের মধ্যে দোতলা শেডটি আবারও জরাজীর্ণ হয়ে পড়ে। বর্তমানে শেডের বেশির ভাগ অংশের পলেস্তারা খসে পড়েছে এবং ছাদের মরচে ধরা রডগুলোও বেরিয়ে পড়েছে।ফেনী পৌরসভা বাজার শাখা সূত্রে জানা যায়, প্রতিবছর পৌর কর্তৃপক্ষ মাছ, শুঁটকি এবং মোরগ বাজার ইজারা দিয়ে থাকে। চলতি ১৪১৯ বাংলা সালে এ বাজারটি সাত লাখ টাকায় ইজারা দেওয়া হয়। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ প্রতিবছর বাজার ইজারার মাধ্যমে লাখ লাখ টাকা আয় করলেও দীর্ঘদিন এটির কোনো ধরনের সংস্কার বা মেরামত করেনি। তা ছাড়া এ বাজারের পাশের নালাগুলো সব সময় ভরাট হয়ে প্রতিনিয়ত উৎকট দুর্গন্ধ ছড়ায়। একজন স্বাস্থ্য পরিদর্শক (স্যানেটারি ইনস্পেক্টর) থাকলেও তিনি বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে তদারকি করেন না। ব্যবসায়ীরা জরাজীর্ণ মাছ ও মুরগি বাজারের শেডটি দ্রুতি সংস্কার এবং নালাগুলো নিয়মিত পরিচ্ছন্ন রাখার দাবি জানান। ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মানিক জানান, বাজারের করুণ অবস্থার বিষয় পৌর কর্তৃপক্ষ অবগত আছে। এটি ভেঙে সেখানে নতুন করে একটি শেড নির্মাণের পরিকল্পনা আছে।ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেন, ব্যবসায়ীদের অভিযোগ শুনে তিনি সরেজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। শিগগিরই নতুন ভবনের কাজ শুরু হবে।