বড় ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনি—আমার ছোট ভাই। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুষ্টু, ইঁচড়ে পাকা, অকাল কুষ্মাণ্ড, যন্ত্রণা-বিষফোড়া ইত্যাদি বিশেষণে বিশেষায়িত একটি ছেলে। বিষয়গুলোর ওপর যদি কোনো নোবেল প্রাইজ থাকত, তবে সে সেটা নিশ্চয়ই পেত। মা-বাবাকে জ্বালানো আর আমার সব জিনিস দখল করাই তার প্রধান কাজ। তার পরও মা-বাবা আমাকেই বকেন। বলেন, তুমি ছোট ভাইকে ছাড় দেবে না তো কে দেবে? অবশ্য আমি জানতাম না যে বড় ভাই হওয়া এত্তো ঝামেলার কাজ।ছোটবেলায় এক দিন আব্বু আমাকে নিয়ে একটি হাসপাতালে গেলেন, সেখানে আমার আম্মু একটি বিছানায় শুয়ে আছেন, তার পাশে একটি ছোট্ট লাল টুকটুকে বাবু।পরদিন মা তাকে বাড়ি নিয়ে এলেন, আর আমি হয়ে গেলাম বড় ভাই। যন্ত্রণার শুরুও সেখান থেকে। বাড়িতে মা সারাক্ষণই তাকে নিয়ে ব্যস্ত থাকেন। আমি না পারি টিভি দেখতে, না খেলতে; পাছে পাজিটার ঘুম নষ্ট হয়।আস্তে আস্তে অনি বড় হতে লাগল আর আমার যন্ত্রণাও বাড়তে লাগল। এক দিন বাবা দুটো ব্যাট এনেছেন আমাদের জন্য। আমারটা একটু ভারী, আর ওরটা হালকা। কিন্তু ও আমার ব্যাটটাই নেবে, ওরটা নাকি পচা। বাবাও অনিকে কিছু না বলে আমাকে বললেন, ব্যাটটা ওকে দিতে।এক দিন আমার এক বন্ধুর কাছ থেকে ভাইস সিটি গেমের পাসওয়ার্ড আর চিটকোড নিয়েছি। কিন্তু আমি যে-ই বাথরুমে গেছি, ও তখন কাগজটা ছিঁড়ে ফেলেছে; ওতে যে চিটকোড লেখা, ও নাকি সেটা দেখেইনি।টিভিতে আমার সবচেয়ে প্রিয় সিরিয়াল ‘সিআইডি’ও দেখতে পারি না ওর জন্য। কারণ, সে সময় মহারাজের ‘টম অ্যান্ড জেরি’ দেখার সময়।আমি বাসায় কিছু খরগোশ পুষি। ও পোষে একটা কুকুর, যার নাম আবার টাইগার। আমি ওকে বলি, তোমার কুকুরটাকে দিনে আটকে রাখো, রাতে ছেড়ে দাও। কারণ, খরগোশের প্রধান শত্রু কুকুর। কিন্তু অনি আমার কথাই শোনে না। এক দিন দেখি, টাইগার আমার সবচেয়ে প্রিয় খরগোশ ব্ল্যাককে মেরে ফেলেছে। আমি কেঁদে ফেলি। তারপর ঘোষণা দিলাম, আজ এই বাড়ি থেকে কুকুরের লাশ বের হবে। কিন্তু মা এসে দিলেন সেই চিরাচরিত উপদেশ—থাক বাবা, তোমারই তো ছোট ভাইয়ের কুকুর। তোমাকে না হয় আরও একটা খরগোশ কিনে দেব। ইচ্ছা করছিল, কুকুর আর কুকুরের মালিক—দুটোকেই এক হাত দেখে নিই। পারলাম না। ওই যে, ছোট ভাই।এক দিন আমার নানুর বাসায় গেছি। আমার নানুবাড়িতে একটি পুকুর আছে। যেহেতু অনি সাঁতার জানে না, তাই মা আমাকে অনিকে দেখে রাখতে বললেন। কিন্তু আমি আমার মামাতো ভাইদের সঙ্গে খেলছিলাম বলে ওর দিকে অত নজর দিইনি। হঠাৎ আমার খেয়াল হলো, অনি কোথায়? ওকে কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ দেখি পুকুরের পানিতে জামার মতো কী যেন ভাসছে। আমি সাঁতার জানি, তাই ‘অনি পুকুরে পড়ে গেছে’ চিৎকার দিয়ে জামা-প্যান্ট-জুতা পরা অবস্থায় পুকুরে ঝাঁপ দিলাম। গিয়ে দেখি, কোথায় অনি? এটা তো একটা ছেঁড়া কাপড়! আমার চিৎকারে ততক্ষণে সবাই পুকুরপাড়ে উপস্থিত। হঠাৎ কোথা থেকে অনি এসে বলে—ভাইয়া, তুমি জামা-প্যান্ট পরে পুকুরে নেমেছ কেন? আম্মু ওকে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? ‘আমি তো ফাইজার (আমার মামাতো বোন) সঙ্গে লুকোচুরি খেলছিলাম’—সরল জবাব অপরাধীর। আর কাদাপানিতে ভিজে আমার নতুন কেডস জোড়ার অবস্থা...। মনে মনে যে ওকে কত অভিশাপ দিয়েছিলাম।খোদা বোধ হয় তা শুনেও ছিলেন। বাড়িতে ফেরার কয়েক দিন পর ও হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। এক দিন তো বমিও করে। সেদিন খোদাকে খালি বলছিলাম, ‘আমি কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি অনিকে ভালো করে দাও।’ আমি কলেজ থেকে ফিরলে ও কীভাবে ‘ভাইয়া এসেছে’ বলে বাড়ি মাথায় তুলত। গেম খেলতে গিয়ে আটকে গেলে কীভাবে ‘প্লিজ ভাইয়া, দেখিয়ে দাও না’ বলত। আমার মনে হচ্ছিল, বড় ভাই হওয়া আসলেই মজার। সেদিন রাতে অনি একটু সুস্থ হলো। ছোট ভাইকে সুস্থ হতে দেখে আমারও খুব ভালো লাগল। পরিশিষ্ট: আমি দোতলায় আমার রুমে বসে পড়ছি, হঠাৎ আমাদের কাজের ছেলে ইসমাইলের চিৎকার—‘বড় ভাইয়া, ছোট ভাইয়ার টাইগার আপনার শালিমারকে মেরে ফেলেছে।’ শালিমার। হায় হায়, ওটা তো কয়েক দিন পর বাচ্চা দিত। ‘অনি-ই-ই-ই’ চিলের মতো চিৎকার দিয়ে ছুটলাম আমি।বিজয় মাহমুদখুলনা সিটি কলেজ, যশোর