
প্রতিটি দলের সামনে একটি করে কম্পিউটার। সবার পূর্ণ মনোযোগ মনিটরের দিকে। মুখে গভীর চিন্তার ছাপ। চলছে কোডিংয়ের জটিল হিসাবনিকাশ। প্রোগ্রামার মেয়েদের মধ্যে সেদিন দেখা হলো খোন্দকার জেবা রেজওয়ানা, নাফিজা ইসলাম ও ইপশিতা জাহানের সঙ্গে। তিনজনই এ বছর পিএসসি পরীক্ষা দিয়েছে। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে তিন স্কুলছাত্রী এসেছিল সুদূর নেত্রকোনা থেকে! প্রতিযোগী দলগুলোর মধ্যে এই তাঁদের দলটিই ছিল সর্বকনিষ্ঠ।
ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট (এনজিপিসি) নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনুষ্ঠানের সহযোগী ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। দেশে এর আগেও একবার শুধু মেয়েদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছিল। সেটি ২০১১ সালে। তবে স্কুল শিক্ষার্থীরা অংশ নিল এবারই প্রথম। এনজিপিসিতে অংশ নেওয়া ৬৩ দলের মধ্যে পাঁচটি দলের প্রতিযোগীরা ছিল স্কুল-কলেজের শিক্ষার্থী। বাকিরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
সকাল ১০টায় শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হয় দুই ঘণ্টা পর। বিকেলেই জানা হয়ে গেছে বিজয়ীদের নাম। ছয়টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে চারটি সমাধান করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট টুইঙ্কেল’ দল। এই দলের সদস্য হলেন সাদিয়া তাসনিম, নিশাত তাসনিম আহমেদ ও নাফিসা নওশিন।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট স্পার্কলেস’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ টিম-১’। চুয়েটের প্রোগ্রামাররা হলেন জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া আক্তার ও মিফতাহুল জান্নাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলের সদস্য ছিলেন সাবরিনা জামান, ফারিহা মুমতাহিন ও মালিহা তাশফিয়া। বিশেষ পুরস্কার দেওয়া হয় নেত্রকোনার ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলের ‘নাইট ফল’ দলকে। তারা একটি সমস্যার সমাধান করেছিল। ‘নাইট ফল’ দলের সদস্য নাফিজা ইসলাম জানাল, অনেকটা মজা করেই তারা অংশ নিয়েছে মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায়। ভবিষ্যতে কী হতে চায় জিজ্ঞেস করতেই চটপট বলল, ‘কম্পিউটার নিয়েই কাজ করতে চাই।’
এ তো গেল ছোটদের গল্প। আর প্রতিযোগিতায় সেরা হওয়া ‘সাস্ট টুইঙ্কেল’ দলের কী স্বপ্ন? জানা গেল, তাঁরা হতে চান দেশসেরা প্রোগ্রামার। দলটির সদস্য সাদিয়া তাসনিম বলছিলেন, ‘দেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে প্রোগ্রামার হতে চাই।’ নিয়মিত প্রোগ্রামিং চর্চা করে ‘এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’-এর আঞ্চলিক পর্বের পথ পাড়ি দেওয়া সাস্ট টুইঙ্কেলের পরবর্তী লক্ষ্য।
প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া ‘চুয়েট স্পার্কলেস’ দলের সদস্য সুমাইয়া আক্তারের কাছে জানতে চাইলাম, চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশা কাজ করছে কি না। বললেন, ‘প্রোগ্রামিংই আমাদের ধ্যান-জ্ঞান। এখন শুধু সামনের দিকে তাকাতে চাই।’।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহসভাপতি লাফিফা জামান বললেন, ‘মূল ধারার প্রতিযোগিতায় দেশের মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। আমরা চাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসির প্রতি আসরে বাংলাদেশ থেকে অন্তত একটি মেয়েদের দল অংশ নিক।’