বড় সংসারের অনেক জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলি রানী
ডলি রানী

ঘরের বারান্দায় মাদুরে বসে পড়ছে দুই ভাই। মা ডলি রানী পাশে বসে কাঁথা সেলাই করছেন। কোন ক্লাসে পড়ে আপনার ছেলেরা? প্রশ্নটা করতেই মুখ ঘুরিয়ে তাকালেন মা। হেসে বললেন, ‘বড় ছেলে আনন্দ থিরিতে পড়ে। আর ছোট্টডার বয়স সাড়ে চার বছর। সামনের বছর ইসকুলে ভরতি করামু।’
কুমিল্লা জেলার চান্দিনা থানার কংগাই গ্রামে ২২ জুলাই বিকেলে কথা হয় ডলি রানীর সঙ্গে। বয়স ৩৫ বছর। স্বামী কাঠমিস্ত্রি। রোজগারও বেশ ভালোই। কথায় কথায় জানালেন ডলি।
আপনার সন্তান কি দুজনই? প্রশ্নটা করতেই ডলি হেসে জবাব দেন, ‘হ। দুই জন। আমরা স্বামী-স্ত্রী ঠিক করছি সংসার ছোড রাখমু। এই জন্য পরিবার পরিকল্পনা করছি।’
কেন সংসার ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছেন—এ প্রশ্নের জবাবে ডলি বলেন, ‘সংসার ছোডই ভালা। অভাবে কষ্ট করতে হয় না। খাওনের কষ্ট নাই। বড় সংসার হইলে সবারে খাওন-পরনের কষ্ট হয়। বড় সংসারের জ্বালা যে কী, আমার চেয়ে ভালা আর কে জানে!’ একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিজের অজান্তেই। তারপর বলেন বাবার বাড়ির কথা, ভাইবোনের কথা। বলেন বড় পরিবারের অসুখী জীবনের কথা।
ডলি রানীর বাবার বাড়ি চান্দিনা থানার খোববাড়িয়া গ্রামে। বাবা ছিলেন কৃষক। জমিজমা খুব বেশি ছিল না। সংসারে অভাব অনটন গেলেই থাকত। ডলিরা ছয় ভাইবোন। ডলি সবার ছোট। বড় পাঁচজনই ভাই। পরপর এতগুলো সন্তান জন্ম দেওয়ার পর ডলির মা অসুস্থ হয়ে পড়েন। সারা বছরই কোনো না কোনো রোগ লেগেই থাকত। সে কারণে ছেলেমেয়েদের দেখাশোনা করতে পারতেন না।
তাহলে আপনাদের দেখাশোনা করতেন কে? প্রশ্ন করি।
‘আমার জেঠিমা আমাগো দেখাশোনা করছে। মা তো অসুখ লইয়্যাও সারা দিন রানত। বড় সংসার। খাওয়ার মানুষ অনেক। সবারে তিন বেলা খাওন দেওয়া কি মুখের কথা! বাবায়ও কুলাইতে পারত না। আসলে তখন তো সংসার ছোড রাখনের চিন্তা আছিল না বাবা-মার!’
আপনারা ভাইবোন পড়ালেখা করেছেন কতদূর?
‘আমি পড়ছি ফাইভ পর্যন্ত। সবার বড় ভাই মেট্টিক পর্যন্ত পড়ছে। মেজো ভাই ফাইভে বৃত্তি পাইছিল। কিন্তু আর পড়তে পারে নাই। সিক্সে ওঠনের পর একদিন খাতা কিননের টেকা চাইছিল বাবার কাছে। বাবায় রাগ কইর্যান পড়ালেখা ছাইড়্যা দিতে কইছিল। তারপর মেজো ভাই আর পড়ে নাই।আমরা এত ভাই-বইন। বাবায় ঠিকমতো একটা জামাও কিনন্যা দিতে পারে নাই। জেঠায় দিত। আমার মা-ও অল্প বয়সে মইর্যাই গেছে।’
‘কী হয়েছিল আপনার মায়ের?’
‘লিভারের অসুখ। ঠিকমতো ডাক্তার দেখাইতে পারি নাই। আর শরীরও ভাইঙ্গা গেছিল। এতগুলা পোলাপাইনের মা, কত আর ভালা থাকত।’
এ জন্যই কি আপনি সংসার ছোট রাখতে চান?
‘হ। আমগো সংসার যদি ছোড হইত, তইলে আমি তো পড়তে পারতাম! আমি তো অশিক্ষিত থাকতাম না। সংসারটা ছোড হইলে তো এত কষ্ট হইত না।’