বড় সহজেই রঙিন হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়া যখন ক্যাডেট কলেজ থেকে ঈদের ছুটিতে বাসায় আসতেন, তখন থেকেই শুরু হয়ে যেত আমাদের ঈদ। তখন আমি একটু একটু করে সেয়ানা হয়ে উঠছি। বন্ধুদের নিয়ে একটা পৃথিবী গড়ে উঠছে। হাঁটাচলা, ওঠাবসা সব বন্ধুদের সঙ্গে হলেও ঈদের নামাজ পড়তে যেতাম আব্বু আর ভাইয়ার সঙ্গে।

বন্ধুরা দল বেঁধে ঈদের নামাজে যেত, আমাকে ডাকত। লজ্জা লাগলেও আমি ঈদের নামাজ আব্বু আর ভাইয়ার সঙ্গেই পড়তাম। আব্বুর চাকরির সুবাদে আমরা থাকতাম ফায়ার সার্ভিস সদর দপ্তর কোয়ার্টারে। সেখানে বিশাল গ্যারেজ খালি করে ঈদের জামাতের ব্যবস্থা হতো। আগের রাতে যখন সব গাড়ি বের করে গ্যারেজ ধোয়ামোছা করা হতো তখন আমরা গাড়ির আশপাশে, ভেতরে, নিচে লুকিয়ে টিল্লো এক্সপ্রেস খেলতাম। ফায়ারম্যানদের ডাকতাম কাকু বলে। তাঁরা আদর মেশানো বকাও দিতেন।

ঈদের নামাজের ছয় তাকবির নিয়ে আমার সব সময় সমস্যা। হাত বাঁধব না ছাড়ব, গুলিয়ে ফেলি। খুব ধীরে ধীরে হাত ওঠাতাম যাতে আব্বুরটা দেখে করতে পারি।

মধ্যবিত্তের ঘরে যেভাবে ঈদের নাশতা হয় আমাদেরও তা–ই হতো। আম্মু আর আপা গভীর রাত পর্যন্ত নাশতা বানাতেন। আমার আর ভাইয়ার কাজ ছিল ঘুরে ঘুরে আধা প্রস্তুত নাশতা মুখে পোরা আর আম্মুর ঝাড়ি খাওয়া। আব্বু এক জন্মদিনে আপাকে ‘খাদ্য রান্না ও পরিপুষ্টি’ নামে এক বই দিয়েছিলেন। আপা মাঝে মাঝে সেই বই থেকে ঈদের নাশতা বানাতেন।

দাদি আমাদের সঙ্গেই থাকতেন। ঈদের নামাজের পর প্রথম কাজ ছিল তাঁকে সালাম করে আদর দেওয়া। দাদি তাঁর ছেলেমেয়েদের দেওয়া শুভ্র শাড়ি পরে পরিপাটি হয়ে বিছানায় বসে থাকতেন। আমরা দল বেঁধে গিয়ে সালাম করতাম।

আপা ততক্ষণে নতুন কাপড় পরে তাঁর দিঘল চুল আঁচড়িয়ে রেডি। আপা বা ভাইয়াকে কোনো ঈদেই পা ছুঁয়ে সালাম করা হতো না। তবে চুমু খেতাম। আম্মুর তখনো গোসল করার সময় হয়ে উঠত না। তিনি আমাদের জন্য পরোটা ভাজতেন। গরমের আঁচে তার ফরসা মুখ লাল হয়ে যেত। আর নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম জমত। ঈদের সকালে বেশির ভাগ দিন নাশতা হতো পরোটা আর মুরগির ঝোল।

সে সময় ঈদের অন্যতম আকর্ষণ ছিল ঈদসংখ্যা। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে ঈদসংখ্যা কেনা হতো। বলতাম, তুমি ‘রোববার’ কেনো। আমি ‘বিচিত্রা’ কিনছি। ঈদসংখ্যার দুই মলাটের মধ্যে আমাদের অর্ধেক আনন্দ লুকিয়ে থাকত।

ঈদের আরেকটা আনন্দ উপকরণ ছিল, বিটিভির ‘আনন্দমেলা’ আর নাটক। হুমায়ূন আহমেদ বা আমজাদ হোসেনের নাটক দেখে হেসে কুটিকুটি হওয়ার কথা আজও মনে পড়ে। আম্মু-আব্বুর নাটক দেখা হতো না প্রায়ই। কারণ, ঠিক ওই সময়ই আমাদের এক আত্মীয় আসতেন। এর কোনো অন্যথা হতো না। আমি আর ভাইয়া মজা পেতাম। আর আপা বিরক্ত হতেন। তিনি চাইতেন সবাইকে নিয়ে একসঙ্গে নাটক দেখতে।

আব্বু তাঁর সীমিত সাধ্যের মাঝে সবাইকে ঈদের কাপড় কিনে দিতেন। উনি বা আম্মু সব ঈদে নতুন কাপড় পড়েছেন কি না, আমার আজ ঠিক মনে নাই। কিন্তু আমরা নতুন কাপড় ছাড়া ঈদ করছি, এমনটি মনে পড়ে না। ঈদে আমাদের নতুন কাপড় নাই শুনলে আত্মীয়স্বজন অস্থির হয়ে উঠতেন। দেখা যেত, একসময় সবারই কিছু না কিছু হয়ে গেছে।

জীবনের পরিক্রমায় আজ আমরা তিন ভাইবোন তিন দেশে। দাদা আর আব্বু ঈদের মায়া কাটিয়েছেন অনেক আগে। এখনো আমাদের জীবনে ঈদ আসে। কিন্তু ঈদের আনন্দের সংজ্ঞাটা পাল্টে গেছে।