বড় হয়ে গান গাইব বিমানও চালাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক আগের কথা। পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাঠে তিল ধারণের জায়গা ছিল না। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণত এমন ভিড় দেখা যায় না। দর্শকদের বেশির ভাগই এসেছিলেন খুদে শিল্পী পায়েলের গান শুনতে। খুদে গানরাজের দ্বিতীয় রানারআপ পায়েল ত্রিপুরা খাগড়াছড়ির মানুষজনের কাছে এখন রীতিমতো তারকা।তবে রাতারাতি সেলিব্রেটি বনে যাওয়া পায়েলের সঙ্গে সেদিন অনুষ্ঠানের এক ফাঁকে কথা হয়। মাঠের পাশে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে বসে ল্যাপটপে গেম খেলছিল সে। হাসিখুশি প্রাণবন্ত পায়েল জানায়, লেখাপড়ার কারণে সে এখন ঢাকায় থাকে। পড়ছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে। খুদে গানরাজের দ্বিতীয় রানারআপ হওয়ায় এই বিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে তার।নিজের শহরের জন্য মন খারাপ করে না?—এমন প্রশ্নের উত্তরে পায়েলের সপ্রতিভ জবাব, ‘করবেই তো।’ একটু থেমে যোগ করল, ‘খুদে গানরাজে দ্বিতীয় রানারআপ হয়ে যখন খাগড়াছড়ি ফিরি, সেদিনের কথা কখনোই ভুলব না। ঢাকা থেকে এসে পৌঁছানোর পর আমাকে ফুল দিয়ে বরণ করেছিল শহরের লোকজন। সেনাবাহিনীর ব্যান্ড বাজিয়ে আমাকে পুরো শহর ঘুরিয়েছে। রাস্তার ধারে মানুষ হাত উঁচিয়ে ‘পায়েল পায়েল’ যখন আওয়াজ তুলছিল, তখন অন্য রকম অনুভূতি কাজ করেছিল।’কী হতে চাও পায়েল?—এমন প্রশ্ন করতেই পাশে বসা মা মৌসুমী ত্রিপুরার দিকে তাকাল সে। মিষ্টি হেসে জানাল, ‘মা চান আমি সেনাবাহিনীর অফিসার হই। তবে আমি চাই সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লার মতো শিল্পী হতে। পাশাপাশি পাইলটও হতে চাই। বড় হয়ে গান গাইব, বিমানও চালাব।’পায়েলের মা-ই তার সংগীত শিক্ষক। পায়েল জানায়, মা তাকে তালিম দিয়ে এ পর্যায়ে নিয়ে এসেছেন। ভোরে উঠেই রেওয়াজ করে সে। বড় শিল্পী হতে হলে এ কাজটি সারা জীবনই করে যেতে হবে, এ কথা বিলক্ষণ জানে সে। মঞ্চভীতি একদমই নেই পায়েলের। প্রথম মঞ্চে গান করেছিল দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়। তখন ওরা থাকত খাগড়াছড়ি শহরের খাগড়াপুরে। খাগড়াপুরে বৈসু উদ্যাপন অনুষ্ঠানে প্রথম মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা হয় তার। প্রথম যখন মেরিডিয়ান-চ্যানেল আই খুদে গানরাজ প্রতিযোগিতায় অংশ নিতে যায় তখনো ভয়ে বুক কেঁপেছিল। কিন্তু এখন মঞ্চভয়কে জয় করেছে সে। পায়েলের শেষ কথা, ‘এত মানুষ আমাকে ভালোবাসে, সেখানে ভয় কিসের!’