বড়খোলার মানুষ বেঁচে আছে প্রকৃতির দয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেই চিকিত্সক। নেই স্বাস্থ্যকেন্দ্র। নেই শিশু ও মাতৃসদন। অসুখ হলে ভরসা পাহাড়ি লতাপাতা। পাহাড়ি কুয়া (স্থানীয় ভাষায় ওঁস) থেকে মেটান পানির অভাব। এর ওপর রয়েছে বন্য হাতি ও সন্ত্রাসীদের নিপীড়ন। এমনি নানা সমস্যায় জর্জরিত রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ বড়খোলা। বলা যায়, এখানকর ৩৮০টি পরিবার বেঁচে আছে প্রকৃতির দয়ায়। রাঙ্গুনিয়া সদর ইছাখালি থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বোয়ালখালী সীমান্ত এলাকায় অবস্থিত আদিবাসীপল্লি বড়খোলা। ছোট-বড় পাহাড়ে ঘেরা এ পল্লিতে যেতে কর্ণফুলী নদী পাড়ি দিয়ে সরফভাটা ইউনিয়নের চিরিঙা থেকে আট কিলোমিটার এবং পদুয়া নারিশ্চা থেকে প্রায় ছয় কিলোমিটার পাহাড়ি সরু পথ পাড়ি দিতে হয় হেঁটে । সরেজমিনে দেখা যায়, বড়খোলার পাহাড়ের ঢালুতে বরবটি, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া সহ নানান রকম ফলমূল ও শাক-সবজির চাষ করা হয়েছে। ফলমূলের মধ্যে রয়েছে আনারস, কলা, কামরাঙা, আখ, আমলকী, তেঁতুল, পেয়াদা গুলা, লেবু ও বিলম্বিবাগান। তা ছাড়া পাহাড়ি হ্রদে করা হয়েছে মাছের চাষ। এমন কোনো পরিবার নেই যারা গরু, ছাগল, হাঁস-মুরাগি পালন করে না। অনেকে পালন করেন শূকর। কিছু শাকসবজি, ফলমূল ও গবাদিপশু মাঝেমধ্যে পদুয়া নারিশ্চা বাজারে বিক্রির জন্য নিয়ে আসে গৃহস্থরা। আর এসব বিক্রির টাকা দিয়ে কিনে নিয়ে যায় লবণ, তেল ও সাবান। পল্লির কার্বারি মাস্টার অনন্ত মারমা জানান, বড়খোলা পল্লীর প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগব্যবস্থা। এখানকার উত্পাদিত ফসল বিক্রির জন্য বড়খোলা থেকে ছয় কিলোমিটার দূরে পাহাড়ি পথ বেয়ে হেঁটেই যেতে হয় নারিশ্চা বাজারে। এলাকায় আসা-যাওয়ার জন্য কোনো সড়ক নেই। পাহাড়ের গলিপথ আর ঝরনাধারাই যোগাযোগের একমাত্র মাধ্যম। শুষ্ক মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে এসব পথ দিয়ে চলাচল করা কঠিন। পিচ্ছিল পথে চলতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে আদিবাসীরা। বড়খোলা পল্লিতে কোনো নলকূপ নেই। পাহাড়ি ছড়ার কুয়াই খাবার পানি, স্নান এবং কাপড় ধোয়ার পানির একমাত্র উত্স। ওই পানি ব্যবহার করে এলাকার লোকজন ডায়রিয়া, কৃমি আমাশয়সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয় প্রায় সময়। এলাকার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার চিত্রও অত্যন্ত করুণ। ৩৮০ পরিবারের জন্য বড়খোলায় রয়েছে একটি মাত্র নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়। সেখানে রয়েছে শিক্ষক ও আসবাবপত্রসংকট। সচেতনতার অভাবে বিদ্যালয়ে যায় না অনেক ছেলেমেয়ে। চিকিত্সাসেবার জন্য এলাকায় নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বা চিকিত্সক। রোগ-শোকে একমাত্র ভরসা কবিরাজ। ওষুধ হচ্ছে গাছের লতাপাতা। বন্য হাতির উপদ্রবে আউশ, আমন ও ইরি-বোরো মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হয়। মারা যায় গবাদি পশু। সেই সঙ্গে রয়েছে রাউজান, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া থেকে আসা সন্ত্রাসীদের উত্পাত। পুলিশ প্রশাসনের তত্পরতা না থাকায় এলাকাটি সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে । স্থানীয় চ্যাচিংমাই মারমা (৫২) জানান, শিশুকাল থেকে এ পল্লিকে যেমন দেখে আসছি সে রকমই আছে এখনো। আধুনিকতা বা উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি এখানে। সরকারি কর্তৃপক্ষেরও নজর নেই। যেন প্রকৃতির দয়ায়ই বেঁচে আছে এখানকার মানুষ। প্রবীণ বাসিন্দা মনুচিং মারমা (৭৬) জানান, এলাকার অধিকাংশ লোক কোনো নির্বাচনে ভোট দেয়নি। তারা নির্বাচন কী জিনিস তাও জানে না। এলাকার মেম্বার চেয়ারম্যানেরাও কোনো সময় এ পল্লিতে আসেন না। এ ব্যাপারে সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বড়খোলা সরফভাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অন্য এলাকার সাধারণ মানুষ কিংবা সরকারি লোকজন সচরাচার সেখানে যান না। সে কারণে পল্লির উন্নয়নের দিকেও নজর পড়েনি কারো। যোগাযোগসহ সব মৌলিক অধিকার থেকে পিছিয়ে রয়েছে এলাকার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, বড়খোলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পল্লির মানুষগুলো এগিয়ে এলে উন্নয়নকাজ ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।