বড়দিন উদ্যাপিত
চট্টগ্রামে উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন। দিনটির বিশেষ প্রার্থনায় খ্রিষ্টধর্মাবলম্বীরা দেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি বিশ্বশান্তি কামনা করেছেন। বড়দিনের মূল আয়োজনটি অনুষ্ঠিত হয় ২৫ ডিসেম্বর প্রথম প্রহর থেকে। তবে এর আগে থেকেই খ্রিষ্টধর্মাবলম্বীদের বাসায় বাসায় বড়দিন উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়। ক্রিসমাস ট্রি সাজানোর ধুম পড়ে যায়। শিশু থেকে শুরু করে সব বয়সী নরনারীর মধ্যে ছিল এ নিয়ে নানা উৎসাহ। বাড়ি বাড়ি গিয়ে সান্তা ক্লজ বিতরণ করেছে নানা উপহারসামগ্রী। সান্তা ক্লজের হাত থেকে উপহার নিতে সবচেয়ে বেশি উদগ্রীব ছিল শিশুরা। দিনটি উপলক্ষে গির্জাগুলো সেজেছিল বর্ণিল আলোকসজ্জায়। নগরের পাথরঘাটা গির্জায় ২৪ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় প্রথম বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় খ্রিষ্টধর্মাবলম্বীরা অংশ নেন। এতে দেশের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। প্রার্থনায় যোগ দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা জেমস গোমেজ বলেন, ‘বিশ্বশান্তি কামনায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিন প্রতিবারই আসে শান্তির বারতা নিয়ে।’ রাত ১২টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রার্থনা। নগরের জামালখানসহ অন্যান্য স্থানের গির্জায়ও অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনার পাশাপাশি ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় বড়দিনের কেক কাটা হয়। পাথরঘাটা গির্জায় প্রার্থনা পরিচালনা করেন বিশপ প্যাট্রিক ডি রোজারিও।