বড়দিনে জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন অভিজাত হোটেল-রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপিত হয়। রেস্তোরাঁগুলোয় বড়দিন উপলক্ষে বিশেষ খাবারদাবার ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিশুদের জন্যও ছিল বিশেষ আনন্দ আয়োজন। পাশাপাশি আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় নানা উপহার, কাটা হয় বড়দিনের কেক।
বড়দিনে হোটেল পেনিনসুলাও সেজেছিল রঙিন সাজে। হোটেলের লেগুনা রেস্তোরাঁয় বসেছিল আনন্দ আসর। বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর রাতে ও ২৫ ডিসেম্বর দুপুরে বুফে ডিনার ও লাঞ্চের আয়োজন করা হয়েছিল। হালকা সংগীতের তালে তালে চলেছিল খাবার পরিবেশন। প্রতিবেলার বুফে আয়োজনে ছিল ১০১ পদের খাবার। ডিনারের বিশেষ আকর্ষণ ছিল বড়দিন উপলক্ষে তৈরি টার্কি মোরগের রোস্ট। পেনিনসুলায় শিশুদের স্বাগত জানান লাল পোশাকের সান্তা ক্লজ। সান্তা ক্লজকে পেয়ে শিশুরা যেমন আনন্দে মেতেছিল, ঠিক তেমনি সান্তাও উপহারে ভরিয়ে দিয়েছেন তাদের। কেবল শিশু নয়, উপহার পেয়েছেন বড়রাও। বড়দিনের আয়োজন নিয়ে পেনিনসুলার সহকারী বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক কামাল আহমেদ বলেন, ‘বড়দিনে প্রতিবছরের মতো এবারও আমাদের বিশেষ আয়োজন ছিল। দিনটাকে আমরা যতটা পারি সবার জন্য আনন্দময় করে তুলতে চেয়েছি।’
নগরের আগ্রাবাদ এলাকার হোটেল আগ্রাবাদে বড়দিন উপলক্ষে ছিল নানা আয়োজন। ২৪ ডিসেম্বর এই হোটেলের ইস্ট প্যান এশিয়ান কুইজিন রেস্তোরাঁয় বড়দিন উপলক্ষে দম্পতিদের জন্য আয়োজন করা হয় ক্যান্ডেল লাইট ডিনার। ২৫ ডিসেম্বর সকাল থেকেই সান্তা ক্লজ মাতিয়ে রাখেন হোটেলে আসা অতিথিদের। এ ছাড়া এখানকার সিনামন রেস্তোরাঁয় বড়দিন উদ্যাপন উপলক্ষে ছিল টার্কি বুফে ডিনারের আয়োজন। ডিনারের পাশাপাশি র‌্যাফেল ড্র এই আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।
নগরের জিইসি এলাকার ওয়েলপার্ক রেসিডেন্স হোটেলেও বড়দিন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে হোটেলের মোহরা গার্ডেন রেস্তোরাঁয় ৭৫ পদের বুফে খাবারের আয়োজন করা হয়। বিশেষ খাবারের মধ্যে ছিল হাঁস ও টার্কি মোরগের রোস্ট এবং বড়দিনের কেক। ওয়েলপার্ক রেসিডেন্সের সহকারী বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক নাইম উদ্দিন বলেন, সান্তা ক্লজ সকাল থেকেই এখানে ব্যস্ত ছিলেন সবাইকে উপহার বিতরণে।