বড়দিনে বাড়িতেই বানান কেক কুকিজ রুটি

সামনেই বড়দিন। বাড়িতেই বানাতে পারেন কেক, কুকিজসহ নানা কিছু। রেসিপি দিয়েছেন কালিনারি আর্টিস্ট মো. মন্জুর রশিদ

বড়দিনের মিষ্টি রুটিছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিসমাস ফ্রুট কেক

ক্রিসমাস ফ্রুট কেক
ছবি: সুমন ইউসুফ

উপকরণ

মাখন ৫০০ গ্রাম, ব্রাউন সুগার ৫০০ গ্রাম, ডিম ১২টি, তরল দুধ ২৫০ গ্রাম, ভ্যানিলা অ্যাসেন্স ৫ মিলি লিটার, আপেলকুচি ২৫০ গ্রাম, গাজরকুচি ২৫০ গ্রাম, কমলাকুচি ১টা, কমলার রস ১০০ মিলি লিটার, নানা রকমের ড্রাই ফ্রুট ৭৫০ গ্রাম, ময়দা ৫০০ গ্রাম, জায়ফল পাউডার ১০ গ্রাম, দারুচিনি পাউডার ১৫ গ্রাম, বেকিং পাউডার ১০ গ্রাম, কিশমিশ ১০ গ্রাম, ফনডেন্ট পরিমাণমতো।

প্রণালি

প্রথমে মাখন ও ব্রাউন সুগার বিট করতে হবে। এবার ধীরে ধীরে ডিম ঢালুন। ময়দা ঢেলে গাজরকুচি, আপেলকুচি, কমলাকুচি, বেকিং পাউডার, দারুচিনি পাউডার, জায়ফল পাউডার, ড্রাই ফ্রুট ও কিশমিশ মেশাতে হবে। এরপর তরল দুধ ঢালুন। কমলার রস দিন। সবশেষে ভ্যানিলা অ্যাসেন্স দিন। এবার কেকের মল্ডে ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে ঠান্ডা করে নিন। ফনডেন্ট বা রয়েল আইসিং দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

ক্রিসমাস জিনজার কুকিজ

ক্রিসমাস জিনজার কুকিজ
ছবি: সুমন ইউসুফ

উপকরণ

মাখন ১৭৫০ গ্রাম, চিনি ৭৫০ গ্রাম, ডিম ৫টি, ময়দা ২২৫০ গ্রাম, লবণ ১ চিমটি, ভ্যানিলা অ্যাসেন্স পরিমাণমতো, আদা পাউডার ১০০ গ্রাম, জায়ফল পাউডার ৫০ গ্রাম, চকলেট পরিমাণমতো।

প্রণালি

প্রথমে মাখন, চিনি মেশাতে হবে। এরপর একটি একটি করে ডিম দিন। এবার ময়দা, লবণ, আদা পাউডার ও জায়ফল পাউডার মেশান। সবশেষে ভ্যানিলা অ্যাসেন্স দিন। তৈরি হয়ে গেল খামির। এই খামিরটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। এবার রোল করে বিভিন্ন নকশার কাটার দিয়ে কেটে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন। বেক হলে ঠান্ডা করে চকলেট দিয়ে ডিপ করুন। ডিজাইন করে নিন। এবার পরিবেশন করুন।

পানেটোনে ব্রেড

পানেটোনে ব্রেড
ছবি: সুমন ইউসুফ

উপকরণ

ময়দা ১ কেজি, ইষ্ট ৩০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, চিনি ১০০ গ্রাম, ব্রেড ইমপ্রুভার ৫০ গ্রাম, মাখন ৩০০ গ্রাম, ডিম ৬টি, তরল দুধ ২৫০ গ্রাম, কমলার জেস্ট ২টা, দারুচিনি পাউডার ৩০, মিক্সড ফ্রুট ৫০০ গ্রাম, জায়ফল পাউডার ২০ গ্রাম, কিশমিশ ১০ গ্রাম।

প্রণালি

প্রথমে ময়দা ছেঁকে ইস্ট, লবণ, চিনি, ব্রেড ইমপ্রুভার, মাখন, ডিম, কমলার জেস্ট, তরল দুধ, দারুচিনি পাউডার একসঙ্গে মেশাতে হবে। এরপর মিক্সড ফ্রুট একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে নিন জায়ফল পাউডার ও কিশমিশ। ঢেলে দিয়ে খামির তৈরি করুন। পরিমাণমতো খামির নিয়ে কমপক্ষে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন, ফোলার জন্য। অতঃপর খামিরের ওপর ডিম (এগ ওয়াশ) দিয়ে বা দুধ (মিল্ক ওয়াশ) ব্রাশ দিয়ে লাগিয়ে দিন ভালোভাবে। এগ ওয়াশ বা মিল্ক ওয়াশ করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩৫-৪০ মিনিট বেক করতে হবে। হয়ে গেলে পরিবেশন করুন।