বড়দিনে বিশ্বের সবচেয়ে বড় বালুর যিশু

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালু-শিল্পী সুদর্শন পট্টনায়ক ভারতের পুরির সমুদ্রসৈকতে বানিয়েছেন বিশ্বের ‘সবচেয়ে বড়’ বালুর যিশু-মূর্তি। ‘বিশ্বশান্তি’ শিরোনামের এ ভাস্কর্যটি খ্রিষ্টানদের ধর্মীয় উত্সব বড়দিনের ঠিক আগে মঙ্গলবার দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।
৩৫ ফুট উঁচু এবং ৭৫ ফুট চওড়া বালুর এ ভাস্কর্যটিকে নথিভুক্ত করতে ‘লিমকা বুক অব রেকর্ডসে’র সঙ্গে যোগাযোগ করেছেন বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে জানিয়েছেন শিল্পী সুদর্শন। তিনি আশা করছেন লিমকার পরবর্তী সংখ্যায় এ ভাস্কর্যটির কথা উল্লেখ করা হবে।
উল্লেখ্য, ‘লিমকা বুক অব রেকর্ডস’ অনুযায়ী ২০০৭ সালে সুদর্শনেরই বানানো ২২ ফুট উচ্চতার বালুর যিশু মূর্তিটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ‘বালির যিশু মূর্তি’ হিসেবে স্বীকৃত। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত সুদর্শন। এ ছাড়া আরও ছয়টি লিমকা রেকর্ডের অধিকারী।

নিজের জন্ম-শহর পুরিতে নিজের নামে প্রতিষ্ঠিত সুদর্শন স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ২৫ জন শিক্ষার্থী বালুর এই ভাস্কর্য নির্মাণে সুদর্শনের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছেন।
ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের ৫৬ কিলোমিটার দূরের সৈকতে বিশাল আয়তনের এ ভাস্কর্যটি বানাতে ব্যবহার করা হয়েছে প্রায় এক হাজার টন বালু। এটি বানাতে তিন দিন সময় লেগেছে শিল্পীদের। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অস্থায়ী এ ভাস্কর্যটি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
‘বিশ্বশান্তি’ শিরোনামের এই যিশু মূর্তির পাশেই ‘মাতা মেরি’ ও সান্তা ক্লজের আরেকটি বালুর ভাস্কর্যও বানিয়েছেন সুদর্শন।