
‘স্নেহ উপহার এনে দিতে চাই/ কী যে দেব তা–ই ভাবনা।’ এখন উপহার দেওয়া–নেওয়ার মৌসুম, তাই ভাবনার অন্ত নেই। কী দেব, কী দিলে তা হবে যথাযথ, এই সব নানা ভাবনায় কপালে ভাঁজ পড়াটা স্বাভাবিক।
বড়দিনকে ঘিরে সারা বিশ্বেই এখন কেনাকাটার মৌসুম। বিভিন্ন প্রতিষ্ঠান রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। আর মানুষেরা হুমড়ি খেয়ে পড়ছে বিপণিবিতানগুলোয়। অনলাইনে দেওয়া হচ্ছে হাজারটা অর্ডার।
কথা হচ্ছে বড়দিনকে ঘিরে এই উপহার দেওয়া–নেওয়ার সংস্কৃতিটা ঠিক কবে, কীভাবে গড়ে উঠল? এর উত্তর খুঁজতে হলে পেছন ফিরে তাকাতে হবে। খ্রিষ্টধর্মবিশারদেরা বলে থাকেন, যিশুখ্রিষ্টের জন্মের পর তাঁর জন্য তিন প্রাজ্ঞ ব্যক্তি তিনটি উপহার নিয়ে এসেছিলেন। ওই ঘটনার স্মরণেই বড়দিনে উপহার আদান–প্রদানের প্রচলন হয়। আবার অনেকে বলেন, ঈশ্বর তাঁর সন্তানকে উপহার দিয়েছেন পৃথিবীর জন্য। তাই তাঁর জন্মদিন উদ্যাপনে উপহারই মূল। ব্যাখ্যাটি সুন্দর, কিন্তু তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, খ্রিষ্টের জন্মদিন হিসেবে ২৫ ডিসেম্বর পালন যেমন বেশি আগের কথা নয়, তেমনি ক্রিসমাসে উপহার আদান–প্রদানের সংস্কৃতিও তত পুরোনো নয়, যতটা বলা হয়।
যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ২৫ ডিসেম্বর পালন শুরু হয় চতুর্থ শতাব্দী থেকে। রোমানরা খ্রিষ্টধর্ম প্রচারের অংশ হিসেবে স্থানীয় জনপ্রিয় কৃষি উৎসবের সঙ্গে একে একীভূত করে। সে অন্য প্রসঙ্গ। কৃষি উৎসবের সঙ্গে জুড়ে যাওয়ার কারণেই ক্রিসমাসের সঙ্গে দেওয়া–নেওয়ার একটি সংস্কৃতি যুক্ত হয়। তবে তা বর্তমানের রূপ ধারণ করতে অনেক সময় লেগেছিল।
বর্তমানে ক্রিসমাস ঘিরে যে উপহার দেওয়া–নেওয়ার সংস্কৃতি, তার শুরু উনিশ শতকের শুরুর দিকে। ১৮০০–১৮৫০ সালের মধ্যে এর ভিত তৈরি হয়, যা পরে বাজার অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে বিস্তৃতি পায়। এর আগে হই–হল্লা, বড়দিনের কীর্তন, মাধুকরী ইত্যাদিই ছিল উৎসবের প্রধান দিক। এই সময়টি ছিল আগের সমাজ ভেঙে নতুন পুঁজিবাদি সমাজ বিকাশের পর্যায়, যেখানে ক্রিসমাসের আবেদন বাড়তে থাকে শ্রমজীবীদের মধ্যে। কিন্তু উনিশ শতকে এসে ক্রিসমাসের উৎসব গণপরিসর ছেড়ে পরিবারের ক্ষুদ্র কাঠামোয় প্রবেশ করে, যার কেন্দ্রে চলে আসে শিশুরা। আর এই নতুন ধারার সূচনাটি হয় নিউইয়র্ক থেকে।
পুঁজির বিকাশের পর্যায়ে ক্রিসমাস ক্যারল ছিল সবচেয়ে জনপ্রিয়। শ্রমজীবী মানুষেরা দলবদ্ধ হয়ে গান গেয়ে চাঁদা তুলতে বের হতো। ভীষণ হই–হুল্লোড় ও প্রাণোচ্ছল এক আয়োজন ছিল এটি। সেন্ট নিকোলাস ডে (৬ ডিসেম্বর) থেকে শুরু করে মাসব্যাপী এ উৎসব চলত। শ্রমজীবীদের মধ্যে এ উৎসব দিন দিন বিস্তৃতি পাচ্ছিল, যা শঙ্কিত করে অভিজাতদের। এই একই সময়ে নব্য মধ্যবিত্তের উত্থান ও তার বিস্তার ঘটে। এই শ্রেণিটিরও চাওয়া অভিজাতদের সঙ্গে মিলে গেল। তারা চাইল এই উন্মাদনা থেকে নিজের সন্তানকে নিরাপদ রাখতে। এই সময়েই শিশুদের ‘সুবোধ হয়ে চলার’ পুরস্কার হিসেবে উপহার দেওয়ার বিষয়টির ব্যাপক প্রচলন হয়।
কাছাকাছি সময়ে ১৮২০ সালে যাত্রা করে যুক্তরাষ্ট্রের প্রথম খেলনা শিল্প। এই সময়েই বাজারে আসে শিশুদের জন্য বিশেষ প্রকাশনা। ১৮২৩–২৭ সময়ের মধ্যেই যাত্রা করে প্রথম তিনটি দীর্ঘস্থায়ী শিশু পত্রিকা। মূলত সেই অস্থির সময়ে শিশুদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তাকেই বাজার অর্থনীতি পুঁজি বানিয়েছিল। তারা শিশুদের ঘরে রাখার উপায় হিসেবে এই পত্রিকা ও খেলনাকে সামনে নিয়ে এসেছিল। মধ্যবিত্তের অনিরাপত্তাবোধ, অভিজাতের অবস্থান হারানোর শঙ্কা ও পুঁজির বাজার বিস্তৃতির অভিলাষ সম্মিলিতভাবে ক্রিসমাসকে গণপ্রাঙ্গণ থেকে উপহারের মোড়কে করে ব্যক্তিগত উঠোনে নিয়ে আসে।
বর্তমানে এই উপহার দেওয়া–নেওয়ার সংস্কৃতি এমন পর্যায়ে রয়েছে যে এর থেকে ক্রিসমাসকে আর পৃথক করা যায় না। এটি আর সান্তাক্লজের বিস্তৃত হাসিতে আটকে থাকছে না। সৃষ্টি হয়েছে ‘সিক্রেট সান্তা’র মতো নতুন ধারণারও। সে যা–ই হোক, সামাজিক জীব হিসেবে মানুষের সমাজে আদান–প্রদান ছিল, থাকবে। এই আদান–প্রদানের সঙ্গে লেপ্টে থাকবে সামাজিক–রাজনৈতিক–অর্থনৈতিক নানা সমীকরণও। সেসবকে পাশ কাটিয়ে এই শীতে প্রিয়জনের উপহার থেকে উষ্ণতা নিতে বাদ সাধছে কে! মুঠোভর্তি চকলেট হাতে শিশুটির মুখে যত দিন ভুবন ভোলানো হাসি থাকবে, তত দিন এর আবেদন থাকবেই।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য আটলান্টিক, প্রেস রাইজ