বড়দিনের প্রার্থনাও এখন সোশ্যাল মিডিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন ঘিরে সোশ্যাল মিডিয়ার আইকন
বড়দিন ঘিরে সোশ্যাল মিডিয়ার আইকন

ব্যক্তিজীবন থেকে সামাজিক সম্পর্কে তো ছিলই, দুনিয়াজুড়ে হালের আন্দোলন-সংগ্রামেও ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো’ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন বড়দিনের প্রার্থনার মতো ধর্মীয় আচার অনুষ্ঠানও জাঁকিয়ে আসছে ইউটিউব, ইনস্টাগ্রামের মতো অনলাইন সাইটগুলোতে।
যুক্তরাষ্ট্রে এবারই সবচেয়ে বেশি গির্জা ও ধর্মীয় গোষ্ঠী বড়দিনে যাজকদের নানা প্রার্থনা আর ধর্মীয় সংগীত অনলাইনে সরাসরি সম্প্রচার ও পডকাস্ট করবে।
২০০৭ সালে হাতেগোনা কয়েকটি গির্জা বড়দিনের প্রার্থনা অনলাইনে সম্প্রচার করলেও এবার এ সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়া চার্চের হোস্ট ডি জে চুয়াং। অনলাইনে ধর্মচর্চা বাড়াতে কয়েক বছর আগে গড়ে ওঠে এই সোশ্যাল মিডিয়া চার্চ। পডকাস্টের মাধ্যমে গির্জার পুরোহিতদের বক্তব্য শোনার ব্যবস্থা রয়েছে সোশ্যাল মিডিয়া চার্চ ডট নেট নামে তাদের সাইটে।
চুয়াং জানিয়েছেন, ইউটিউবে সরাসরি অনলাইন স্ট্রিমিংয়ের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টের মতো সাইটগুলোতে ব্যাপ্টাইজ করার ছবি এবং বাইবেলের বাণীর পডকাস্ট থাকছে এবার। অনলাইনে ধর্মচর্চা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তার মতে, ‘আজকের দিনে ইনস্টাগ্রাম হলো গির্জার ধোঁয়াশা কাচের জানালার মতো।’ তিনি জানান, গির্জার ভেতরের গল্প বলার জন্য তাঁরা এটা ব্যবহার করছেন।
ভারচুয়াল গির্জা
এসব ‘অনলাইন গির্জার’ কার্যক্রম মূলত সেসব পুণ্যার্থীর উদ্দেশে পরিচালিত, যাঁরা নিজ শহর বা গ্রামের বাইরে অবস্থানের কারণে বা অন্য কোনো সমস্যায় সশরীরীরে গির্জায় হাজির হতে পারছেন না।

নিউ জার্সিভিত্তিক লিকুইড চার্চে ২০০৯ সাল থেকেই একজন অনলাইন প্যাস্টর রয়েছেন। গতবারের বড়দিনে ইউটিউবের মাধ্যমে এ গির্জার প্রায় ৫০০ সদস্য দূর-দূরান্ত থেকে ‘ভারচুয়াল সমবেত সংগীতে’ অংশ নেন।
লিকুইড চার্চের প্যাস্টর কেনি ঝাং জানান, সেবার একজন টেকনিশিয়ানের ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের কণ্ঠ সমবেতভাবে বাজানো হয় এবং যাঁর যাঁর ক্যামেরা থেকে ভিডিওগুলো একত্র করা হয়। গতবার তিন অন্তরার ‘নিস্তব্ধ রাত্রি’ প্রার্থনা সংগীতটিতে অংশ নিয়েছিলেন তাঁরা।
এবার আরও একধাপ এগিয়ে এ গির্জার আয়োজনে থাকছে ভারচুয়াল কমিউনিয়ন (আত্মিক সম্মেলন)। এই প্রার্থনাসভায় ‘লগ অন’ করার পর অংশগ্রহণকারীরা নিজ নিজ স্থানে থেকেই পুরোহিতের নির্দেশমতো একই সময়ে আঙুরের রস পান করবেন এবং রুটি খাবেন।
জনপ্রিয়তা বাড়ছে অনলাইনে ধর্মচর্চার
ক্যালিফোর্নিয়ার স্যাডলব্যাক চার্চের ইভানজেলিকাল প্যাস্টর রিক ওয়ারেন ভাবছেন কী করে নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমা দেখার মতো করে একটা প্লে স্টেশনের মাধ্যমে তার গির্জার ধর্মসভাগুলো সম্প্রচার করা যাবে।
অনলাইনে প্রার্থনার অন্যতম পথিকৃত্ ক্যালিফোর্নিয়ার মেগা চার্চ ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে সপ্তাহে ১৬৮টি প্রার্থনা প্রচার করে থাকে। এবার বড়দিনের সপ্তাহজুড়ে তারা প্রতি ঘণ্টার প্রার্থনাই অনলাইনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
স্বীকৃতি মেলেনি, আছে বিরোধিতাও
নানাভাবে জনপ্রিয়তা বাড়তে থাকলেও অনলাইনে এমন ধর্মচর্চার স্বীকৃতি মেলেনি সব গির্জা বা ধর্মীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে।
এ নভেম্বরেই দ্য ইউনাইটেড মেথডিস্ট চার্চ সব ধরনের অনলাইন ধর্মসভার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এক বিবৃতিতে তারা জানায় সব ধর্ম সম্মেলন অবশ্যই ‘একটি সম্প্রদায়ের শারীরিক উপস্থিতির’ মধ্য দিয়ে হতে হবে।