বড়দুয়ারার বাতিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের নাম বড়দুয়ারা। বেশির ভাগ মানুষ অভাবী। কেউ খেতখামারে কাজ করেন, কেউ দিনমজুর। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। নিজেরা বিদ্যালয়মুখী হননি কখনো। ছেলেমেয়েদের লেখাপড়া করানোর কথাও ভাবেননি। দারিদ্র্য ছিল প্রধান অন্তরায়। কিন্তু একদিন বদলে গেল সব। বাতি জ্বলল শিক্ষার। সেই বাতিঘর পুলিনবিহারী-চুনুবালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটারের বেশি দূরে। মূল সড়কের হলুদিয়া বাজার থেকে উত্তরে কাঁচা রাস্তায় এক কিলোমিটারের মতো পেরুলেই বড়দুয়ারা গ্রাম। গ্রামে ছিল না কোনো বিদ্যালয়। সবচেয়ে কাছের প্রাথমিক বিদ্যালয়টির দূরত্বও তিন কিলোমিটারের বেশি। ছেলেমেয়েদের লেখাপড়া করানোর ইচ্ছা থাকলে পাঠাতে হতো উপজেলা সদরের আত্মীয়ের বাড়িতে। সেই সংখ্যাও একেবারেই নগণ্য। ফলে শিক্ষার দিক থেকে পিছিয়ে গ্রামটি। বিষয়টি বরাবরের মতো পীড়া দিত একজনকে। তিনি ব্যথিত হতেন। কিন্তু দিশা পেতেন না। অবশেষে সব বাধা পেরিয়ে নামলেন অসাধ্য সাধনে। সফলও হলেন। তিনি ওই গ্রামেরই বাসিন্দা বাদল বড়ুয়া। আক্ষেপ থেকে শুরু: বাদল বড়ুয়া লেখাপড়া খুব বেশি করতে পারেননি। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরুনোর পর পেটের দায়ে নামতে হয় কাজে। ছেদ পড়ে পড়ালেখায়। আর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়তেও থাকতে হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন। মামার বাড়ি ঢেমশায় থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাট চুকিয়েছেন। তবে পড়ালেখা করতে না পাড়ার আক্ষেপটা তাঁকে তাড়িয়ে বেড়াত সবসময়। পরে ব্যবসাপাতি করে সংসারে আসে সচ্ছলতা। তখন ডালপালা মেলে স্বপ্ন। সিদ্ধান্ত নেন গ্রামে প্রতিষ্ঠা করবেন একটি বিদ্যালয়। পড়শিদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা সবাই সায় দেন। আরও উদ্যমী হন বাদল। প্রথমে নিজের ৩৩ শতক জমি দান করে দেন বিদ্যালয়ের নামে। বিপত্তি বাধে বিদ্যালয়ঘর নির্মাণ নিয়ে। গ্রামের মানুষ শ্রম দিতে পারবে, কিন্তু টাকা কে দেবে। পরে হাত পাতলেন বন্ধুদের কাছে। তাঁরাও সহযোগিতা করলেন। ব্যস, দাঁড়িয়ে গেল বিদ্যালয়ঘর। স্বপ্নযাত্রা হলো ২০০৮ সালের ১ জানুয়ারি। পাঠদান শুরু হলো বিদ্যালয়ে। বাদল বড়ুয়া বলেন, ‘সেই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। গ্রামের শিশুদের শিক্ষার জন্য কিছু একটা করতে পারার আনন্দে আমার চোখে পানি চলে এসেছিল। গ্রামের ছেলেমেয়েরা হই-হুল্লোড় করে বিদ্যালয়ে যায় এই দৃশ্যের চেয়ে সুন্দর আর কী হতে পারে।’বিদ্যালয়ে একদিন: ৪ ফেব্রুয়ারি সাতকানিয়ার কেরানীহাট থেকে হলুদিয়া বাজার হয়ে পৌঁছালাম বড়দুয়ারা। বিদ্যালয়ে যখন পৌঁছি তখন প্রাত্যহিক সমাবেশ চলছিল। সমাবেশে শিশুরা নিচ্ছিল শপথ। শপথের সেই ধ্বনি ভেসে যাচ্ছিল অনেক দূর অবধি। স্কুলে নতুন মানুষ দেখে ওরা খুশি। ক্যামেরার দিকে ওরা তাকিয়ে ছিল কৌতূহল নিয়ে। ছবি তোলার সময় হেসে কুটি কুটি। অন্য রকম উচ্ছ্বাস তাদের চোখে।টিনের চালা। চার কক্ষের বেড়ার বিদ্যালয়ঘর। অনেকটাই জীর্ণ। বেড়ার ফাঁক গলে পড়ছে সূর্যের কিরণ, যার দ্যুতি কোমলমতি সব শিশুর চোখে। স্বপ্ন তাদের বাধা পেরোনোর। প্রত্যয় এগিয়ে যাওয়ার। দিনবদলের প্রতিধ্বনি পাহাড়ের কোলের প্রত্যন্ত গ্রাম বড়দুয়ারায়।বিদ্যালয়ের শিক্ষক বিজয় বড়ুয়া জানান, যে শিশু-কিশোরের দল আগে খেলে কিংবা খেতখামারে কাজ করে দিন পার করত। এখন তাদের গন্তব্য বিদ্যালয়। ফলাফলও ভালো করছে শিক্ষার্থীরা। শুরু থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস ছিল ৯০ শতাংশ। এবার একজন জিপিএ-৫ পেয়েছে, পাসও শতভাগ। জানা যায়, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। বর্তমানে শিক্ষার্থী ২২০ জন। বিনা মূল্যে তাদের বই দেওয়া হয়। শিক্ষক আছেন প্রধান শিক্ষকসহ চারজন। তাঁরা কেউই বেতন নেন না। অন্যান্য সব খরচ চালান বাদল বড়ুয়া।স্বপ্ন বহু দূর: বিদ্যালয় নিয়ে বাদল বড়ুয়ার স্বপ্ন অসীম। একদিন বিদ্যালয়ঘরের পাকা ভবন হবে। প্রাথমিক হবে মাধ্যমিক বিদ্যালয়। গ্রামে বাড়বে শিক্ষার হার। এই স্বপ্ন পূরণে তিনি সরকারের সাহায্য চাইলেন। শিক্ষকেরাও আশায় বুক বাঁধছেন এ বিদ্যালয় জাতীয়করণ হলে তাঁদের এত দিনের শ্রমের মূল্যায়ন হবে।