বড়দের ছাপিয়ে শিশুদের ক্যাটওয়াক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরাবরের মতো এবারও আকর্ষণীয় ছিল শিশুদের ক্যাটওয়াক
বরাবরের মতো এবারও আকর্ষণীয় ছিল শিশুদের ক্যাটওয়াক

হেলেদুলে মঞ্চে এসে দাঁড়াল একটি ছোট্ট মেয়ে। কোমরে দুই হাত রেখে তাকাল দর্শকদের দিকে। দর্শক সারিতে ততক্ষণে হইহুল্লোড় শুরু হয়ে গেছে। মেয়েটির পেছনে লাল পাঞ্জাবি পরিহিত তারই বয়সী এক ছেলে। চোখে রোদচশমা। ক্যাটওয়াক করে মঞ্চের মাথায় এসে দাঁড়িয়ে রোদচশমাটি চোখ থেকে খুলে তাতে ফুঁ দিল সে।
শনিবার প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার শিশুদের ক্যাটওয়াকের এই দৃশ্য দারুণ আন্দোলিত করেছে উপস্থিত দর্শকদের। নয়জন মেয়ে ও ছেলে শিশু এই ফ্যাশন কিউতে অংশ নেয়। এদের মধ্যে তিনজন ছেলেশিশু ও ছয়জন ছিল মেয়েশিশু মডেল।
‘ভালো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে’ এই গানের সঙ্গে পেশাদার মডেলদের ভঙ্গিতে ক্যাটওয়াক করছিল শিশুরা। একে একে যখন নয় শিশু মডেল মঞ্চে প্রবেশ করছিল তখন তুমুল করতালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। তালি দিয়েই ক্ষান্ত হননি তাঁরা। শিশুদের ক্যাটওয়াক ক্যামেরাবন্দী করেছেন অনেকে।
কখনো একা, কখনো যুগলবন্দী হয়ে মঞ্চে হেঁটে বেড়িয়েছে শিশুরা। প্রত্যেকের ক্যাটওয়াকই ছিল নজরকাড়া। ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা ছেলেটি কিংবা ছাতা মাথায় দেওয়া মেয়েটির কথা উল্লেখ করতেই হয়। কাকে বাদ দিয়ে কার কথা বলব! টুপি মাথায় দেওয়া সবচেয়ে ছোট্ট মেয়েটির সাবলীল ভঙ্গির কথাও বাদ দিই কী করে!