বড়দের মিথ্যা প্রভাব ফেলে ছোটদের সততায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সামনে মিথ্যা বলা ঠিক নয়
শিশুদের সামনে মিথ্যা বলা ঠিক নয়

গবেষকেরা বলছেন, সন্তানের সামনে মা-বাবার মিথ্যা বলাটা মোটেও উচিত নয়। কারণ বিষয়টি সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে।
সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের একটি গবেষণায় এ ধরনের প্রমাণ পেয়েছেন। তাঁদের দাবি, সন্তান যদি তাঁর অভিভাবকের মিথ্যার বিষয়টি ধরতে পারে তখন তারা অসত্ হয়ে পড়ে। সন্তান যত বেশি তার মা-বাবার মিথ্যা কথা বলার বিষয়টি ধরতে পারে সে তত বেশি প্রতারণা ও মিথ্যা কথা বলার বিষয়টি রপ্ত করে।

তবে এই ঘটনা কেন ঘটে সে বিষয়টি ধরতে পারেননি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তিন থেকে সাত বছর বয়সী ১৮৬টি শিশুকে নিয়ে গবেষণা করেন তাঁরা। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ‘ডেভেলপমেন্ট সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ।

গবেষক লেসলি কার্ভার এ প্রসঙ্গে জানিয়েছেন, বড়দের মিথ্যা ছোটদের সততার ওপর প্রভাব ফেলে। পাঁচ থেকে সাত বছর বয়সী শিশুরা বড়দের আচরণকে অনুকরণ করে অথবা বড়দের অনুকরণে মিথ্যা বললে কী হয় সেটা পরীক্ষা করে দেখে। এমনকি তাদের সামনে মিথ্যা বলায় তারা সত্য বলার মতো প্রয়োজনীয়তা অনুভব করে না।

গবেষক কার্ভার মনে করেন, শিশুর আবেগ নিয়ন্ত্রণের জন্য মিথ্যা বলার বিষয়টিও দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। অনেকেই মনে করেন, ছোটদের সামনে মিথ্যা বললে তারা ধরতে পারবে না বা তাদের সততার ওপর প্রভাব ফেলবে না। কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে এ ধারণা ভুল।