বড়দের সামনে ছোটদের সুষ্ঠু নির্বাচনের উদাহরণ

‘বড়দের নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই হয়। এ নিয়ে গোলাগুলি আর সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। কিন্তু আমাদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আমরা গণতান্ত্রিক পন্থায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করছি। বড়রা এই শিক্ষা কাজে লাগাতে পারেন।’
কক্সবাজারের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির দশম শ্রেণির ছাত্রী সাইরিন চৌধুরী তার বিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র প্রতিনিধি িনর্বাচন (স্টুডেন্টস কেবিনেট) নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানায়। সে এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছিল। ২১ মার্চ বায়তুশশরফ জব্বারিয়া একাডেমিসহ কক্সবাজার শহরের তিনটি বিদ্যালয়ে এমন নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য দুটি বিদ্যালয় হলো কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে ভোট দেয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোটদের এমন নির্বাচন দেখে মুগ্ধ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকেরাও।
বায়তুশশরফ জব্বারিয়া একাডেমিতে সকাল আটটায় শুরু হয় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয়ের ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত এই নির্বাচনে ভোট দিয়ে নেতা নির্বাচন করে।
সেখানে ছোটদের নির্বাচন দেখে মুগ্ধ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ খোরশেদ আরা হক। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও সুষ্ঠু ভোট গ্রহণ প্রক্রিয়া প্রশংসার দাবি রাখে। ছোটদের গণতন্ত্রের এই চর্চা থেকে বড়দেরও শেখার আছে অনেক।
বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম জানান, বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিদ্যালয়ের দিবা শাখায় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে তৌকির মাহমুদ, এনায়ত উল্লাহ, সাজেদুল করিম আল-ফুয়াদ, মোহাম্মদ আনোয়ার, নুসরাত জাহানা, চুইংক্রিমো চুচু, সাজ্জাতুল ইসলাম ও বায়জিদ হাসান। প্রভাতি শাখায় নির্বাচিতরা হলো আফরাজুল কামাল, তাসবিউল হাসান, রাহনুমা নুরাইয়া, জয়নব বেগম, সালাহ উদ্দিন, সাইমা সাকিয়া, ফারজানা ইয়াসমিন ও সাইফা সেলিম।
সকাল নয়টায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে পছন্দের প্রার্থীকে। ওই বিদ্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে দশম শ্রেণির ছাত্র জাওয়াদ তাহসিন। তার কথা, ‘২০ মার্চ মহেশখালী পৌরসভা নির্বাচনে সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছে একজন। আমাদের নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ। সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটাই আসল গণতন্ত্র।’ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, এই স্কুলে দিবা ও প্রভাতি শাখায় ১ হাজার ২১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। দিবা শাখার প্রার্থী ছিল ২৪ জন আর প্রভাতি শাখায় ২২ জন। এর মধ্যে প্রতি শাখায় নির্বাচিত হয় সাতজন করে। পাশের কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যায়েও একই রকম উৎসবমুখর দৃশ্য দেখা গেছে। বিপুলসংখ্যক ছাত্রী লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছিল।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং সৃজনশীল চেতনা জাগ্রত করতেই এই ভোটযুদ্ধ।