আমাদের জীবনের প্রধান লক্ষ্য—বড়াই করা।ছেলেবেলায় বালু নিয়ে খেলা করতে করতে আমার বাবা কোথায় কাজ করে বলে বড়াই করেছিলাম অন্যদের সামনে।১০ বছর বয়সে সিগারেট ফুঁকতে শুরু করে বড়াই করেছি সমবয়সীদের কাছে।বান্ধবীকে ফুল উপহার দিয়ে তার সামনে বড়াই করেছি।ভর্তি হলাম ইনস্টিটিউটে—বাবা-মা বড়াই করল প্রতিবেশীদের সামনে।চাকরিতে উঁচু পদে প্রমোশন পেলাম—আমার ছেলে বালু নিয়ে খেলা করতে করতে তার বন্ধুদের সামনে বড়াই করল।উন্নতির প্রধান চালিকাশক্তি—বড়াই করার স্পৃহা।একজন পুরুষ কেন রন্ধনপ্রণালির বই নিয়ে রান্নাঘরে ঢুকে দীর্ঘ সময় ধরে গভীর অভিনিবেশ সহকারে বিশেষ পদের খাবার রান্না করার চর্চা করে? কারণ শুধু একটাই—পরবর্তী পিকনিকে উপস্থিত সবার বিস্ময়মাখা দৃষ্টির সামনে খাবারটি প্রস্তুত করে বড়াই করা। শুধু কি তা-ই? বলা হবে যে এই পদটি রান্নায় সে বিশেষভাবে পটু। যদিও আসলে ডিম পোচ এবং প্যাকেটের স্যুপ রান্নায় যে সে সবচেয়ে দক্ষ, সে কথা কেউ জানবে না। কারণ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, বড়াই করা।কোনো মেয়ে কেন নানা কলাকৌশলে অর্থ সাশ্রয় করে, নিজেকে বঞ্চিত করে যাবতীয় অত্যাবশ্যকীয় জিনিস থেকে এবং তারপর অগ্নিমূল্যে কেনে ফারের ওভারকোট? কারণ একটাই, বান্ধবীদের সামনে বড়াই করা। কেন পারিবারিক পাঠাগারে সংগ্রহ করা হয় অজস্র বই এবং দেয়ালে টাঙানো হয় ছবি? কেন নির্মাণ করা হয় বহুতল কটেজ এবং কেনা হয় মার্সিডিজ? প্যারিস বা সাইপ্রাস ভ্রমণের কারণ কী? কেন শিখর জয় করা হয় এবং বদলে দেওয়া হয় নদীর গতিপথ? স্রেফ বড়াই করার জন্য।আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, লেখাটা আমি কেন লিখেছি, আমি নিঃসংকোচে উত্তর দেব: বড়াই করার জন্য। সবাই দেখুক, আমি শুধু পাঠক নই, লেখকও। লেখালেখির সম্মানী জমিয়ে পারিবারিক পাঠাগার গড়ে তুলব, ছবি কিনব দেয়ালে টাঙানোর জন্য, কটেজ নির্মাণ করব, মার্সিডিজ কিনব, প্যারিস যাব।(অনুবাদকের কথা: আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, লেখাটি আমি কেন অনুবাদ করেছি, আমি নিঃসংকোচে উত্তর দেব—বড়াই করার জন্য। সবাই দেখুক, আমি কেবল পাঠক নই, অনুবাদকও।) সোভিয়েতস্কায়া নস্টালজিয়া ব্রেজনেভ সরকারি সফরে এসেছেন পোল্যান্ডে। তোপধ্বনির ব্যবস্থা করা হয়েছে তাঁর সম্মানে। দ্বিতীয় তোপধ্বনির পর এক বৃদ্ধা প্রশ্ন করলেন রাস্তায় দাঁড়ানো পুলিশকে:‘গোলাগুলি কিসের?’‘ব্রেজনেভ বেড়াতে এসেছেন।’‘প্রথম গুলি মিস হয়েছে বুঝি?’ মৃত্যুর পর স্তালিনকে নরকে ঢুকিয়ে কার্ল মার্কসের সামনে গিয়ে বলা হলো:—আপনার ক্যাপিটালের সুদ গ্রহণ করুন। রাবিনোভিচ, আপনি পত্রিকা পড়েন?‘নিয়মিত পত্রিকা পড়ি, রেডিও শুনি, টিভি দেখি। নইলে কোত্থেকে জানতে পারতাম যে আমি এতটা সুখে আছি?’ আমি কমিউনিস্ট পার্টির সব সিদ্ধান্ত সমর্থন করি তিনটি কারণে।কী সেগুলো?স্ত্রী আর দুই সন্তান। টেলিগ্রাম: ‘কমরেড লেনিন, ক্রেমলিন, মস্কো। শ্রদ্ধেয় লেনিন, দরিদ্র ইহুদিকে সাহায্য করুন।’—রাবিনোভিচ।পরদিন রাবিনোভিচের ডাক পড়ল কেজিবি অফিসে। তাঁকে বলা হলো:আপনার মাথা ঠিক আছে তো? লেনিন অনেক বছর আগে মারা গেছেন, তা কি আপনার জানা নেই? রাবিনোভিচ বলল:এ দেশের কিছুই বুঝি না আমি! যখন আপনাদের প্রয়োজন, তখন আপনারা বলে বেড়ান ‘লেনিন অমর’। আর যেই আমি একটু সাহায্য চাইলাম, অমনি ‘লেনিন মারা গেছেন!’