বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সাদামাটা কথায় বলতে গেলে সামাদ ছিল চাওয়ালার অ্যাসিসট্যান্ট। চায়ের দোকানটা খুপরির মতো। থানা ট্রাফিক মোড়ের এক কোনায় কোনোমতে এঁটে বসেছে। অনেক টি-স্টলের নাম থাকে—‘শরীফ টি-স্টল’, ‘নীহার টি-স্টল’। এই টি-স্টলের নাম নেই। কারণ অতি সহজ। বুলডোজার দিয়ে যেকোনো দিন ওটা গুঁড়িয়ে যাওয়ার আশঙ্কা।সেই টি-স্টলেরই ‘বয়’ সামাদ।তার কাজই ছোট। এই দোকান থেকে ওই দোকান। চা তো আর গরম থাকবে না।তার বাড়ি রেলওয়েপট্টি।চা-খাওয়ার সময় আমার আছে। কিন্তু সামাদের কথা বলার ‘টাইম’ নেই। তা-ও আধা খাবড়াভাবে জানতে পারি, সামাদের বাবা ক্রসফায়ারে মারা গেছেন। সামাদের দাবি, তার মা এই শোক ভুলতে তার গায়ে খুনতি দিয়ে ছ্যাঁকা দেন।‘স্কুলে যাস না?’ আমি বলি।সে স্কুলে যায় না। স্কুলে না গিয়েও সে অনেক কিছু জানে। সে জানে চীনামাটির মগের চা কাচের গ্লাসের চেয়ে বেশি গরম থাকে। পাতিলের দুধ নেড়ে দিলে তাড়াতাড়ি ফোটে। বালুর ভেতরে লাশ পুঁতলে পচতে সময় বেশি লাগে, মাটিতে কম সময় লাগে। আমি পা নাচানো থামিয়ে বলি, কীভাবে?সামাদ জানায়, তার আব্বার লাশ চরে বালুর নিচে পাওয়া গিয়েছিল। ‘“আব্বা” মানুষটা এক সপ্তাহ বাড়ি ফেরেনি। এক সপ্তাহ পর যখন লাশ মিলল, তখনো আব্বার মুখে খোঁচা খোঁচা দাড়ি।’আষাঢ়ের বৃষ্টির ভেতরে সামাদের চোখের পানি বোঝা যায় না। আমি কথা ঘোরানোর জন্যই বলি, বল, বৃষ্টি কেন হয়?সামাদ চোখ মটকে বলে, ‘মাইনষ্যের তেশ মারার জন্যি।’তারপর আমার আর ওর একপশলা হাসি।সামাদ ছোটে। জোয়ার্দার বাড়ির এক ছেলেও ছোটে। সামাদের গায়ে থাকে ফুটো স্যান্ডোগেঞ্জি। ছেলেটার গায়ে থাকে ছবি আঁকা রেইনকোট। একজন টাকার খোঁজে। আর একজন স্কুলে।আর ওপরে থাকে কালো মেঘ আর ‘ তেশ মারা’ বৃষ্টি। কোনো কারণ ছাড়াই এই স্কুলে ‘টম সয়ার’ আমার ডায়েরির পাতায় জায়গা করে নিল। মাঝেমধ্যে ব্যস্ত হয়ে পড়ি কাজ নিয়ে। কিন্তু সামাদকে দেখতে ভুল হয় না। কারণ, ক্লাসে স্যার যা দেখাতে চান, সামাদ নিজেই তা শিখছে। সে নিজেই নিজের টিচার। কিন্তু...আমি ব্যস্ত হয়ে পড়লাম। তিন-চারটি হরতাল গেল। প্রায় দুই মাস পর সেই টি-স্টলের বেঞ্চে গিয়ে বসলাম। তখন আষাঢ়ের শেষ বিকেল। আশপাশে সামাদকে দেখা যাচ্ছে না।আমি চা ঘুঁটতে থাকা চাচাকে বললাম, সামাদ কই, চাচা? চাচা চায়ের কাপটা সরালেন, নতুন কাপে চা ঢাললেন, চিনি দিলেন কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না।প্রশ্নের উত্তর না পেলে মানুষ ছেলেমানুষের মতো হয়ে যায়। চাচা এই ছেলেমানুষির কাছে হার মানলেন।বললেন, ‘সামাদ এক “বড় ভাই”য়ের উপদেশে হরতালে পিকেটিংয়ের কাজ নিয়েছিল। বড় ভাই প্রায়ই চা খেতে আসতেন। সামাদকে একদিন বললেন, “ছোট ভাই, সন্ধ্যাবেলা ১০০ টাকা পাবা। সকাল থেকে সারা দিন শুধু রোডে থাকা লাগবে”।সামাদ হরতালের দিন রোডেই ছিল।’আফসোস, দুপুরের দিকে ছেলেটা পুলিশের হাতে পড়ে। আর লাঠির বাড়িও খায়। বাড়ি গিয়ে বেকায়দায় জায়গায় লাগে। হয়তো বুকে, হয়তো মাথায়। গলগল করে লাল রক্ত বেরিয়ে আসে মুখ দিয়ে।চাচারই লোকজন ধরেটরে হাসপাতালে নিয়ে যায় সামাদকে। কয় দিন বেঁচে ছিল? ‘চার-পাঁচ দিন।’ বুঝতে হবে এটা সরকারি হাসপাতাল।‘ কী এমন দোষ হতো যদি সামাদ রেইনকোট পরে ছুটত?’ চাচা আবার কাপ নিলেন, চা ঢাললেন, চিনি দিলেন। প্রশ্নের উত্তর দিলেন না।জুবায়ের আলম, কুষ্টিয়া