বয়স কোনো বাধা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুথ বেডার গিন্সবার্গকে হারাতে পারেনি বার্ধক্য বা ক্যানসারের মতো মরণব্যাধি, কাজ করছেন আগের মতোই
রুথ বেডার গিন্সবার্গকে হারাতে পারেনি বার্ধক্য বা ক্যানসারের মতো মরণব্যাধি, কাজ করছেন আগের মতোই

রুথ বেডার গিন্সবার্গের বয়স ৮৭ বছর। যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করতে তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে। তবু এখনো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রুথ বলছেন, কেমোথেরাপি নিয়ে তাঁর যকৃতের ক্ষত অনেকটাই সেরেছে। এখনো তিনি পুরোদমে কাজ করে যেতে সক্ষম।

ক্যানসারের সঙ্গে গিন্সবার্গের যুদ্ধটা নতুন নয়। গত ২০ বছরে চারবার তাঁকে এই কঠিন অসুখের চিকিৎসা নিতে হয়েছে। ২০১৯ সালেও দুই দফায় হাসপাতালে থেকেছেন। এ বছর ১৯ মে থেকে শুরু হয়েছে কেমোথেরাপি।

গত ২৫ বছরে বেশ কয়েকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবু রুথ বেডার গিন্সবার্গ এ বছর জানুয়ারি মাসের আগ পর্যন্ত একটি দিনের জন্যও আদালতের মৌখিক শুনানিতে অনুপস্থিত থাকেননি। হাসপাতালের বিছানায় শুয়েও কাজ করেছেন। এই তো কিছুদিন আগে, বাল্টিমোরের জনস হপকিনস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন। ১৭ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বলছে, গিন্সবার্গ ভালো আছেন। আর গিন্সবার্গ বলছেন, ‘যত দিন পুরোদমে কাজ করার সক্ষমতা থাকবে, তত দিন আমি আদালতের একজন সদস্য হয়ে থাকব।’

জীবনের দীর্ঘ সংগ্রাম থেকেই নিশ্চয় এই দৃঢ়তা তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে। ১৯৩৩ সালে নিউইয়র্কের ব্রুকলিনে গিন্সবার্গের জন্ম। বয়স যখন ১৭, ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মা মারা যান। কর্নেল ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে তাঁর পরিচয় হয়েছিল মার্টি গিন্সবার্গের সঙ্গে। দুজন বিয়ে করেছেন, একসঙ্গে থেকেছেন দীর্ঘ ৫৬ বছর। ২০১০ সালে মার্টি চলে গেছেন পৃথিবী ছেড়ে। রেখে গেছেন দুই সন্তান।

মগে রুথ বেডার গিন্সবার্গের ছবি। তরুণদেরও অনুপ্রেরণা তিনি
মগে রুথ বেডার গিন্সবার্গের ছবি। তরুণদেরও অনুপ্রেরণা তিনি

১৯৫৯ সালে রুথ বেডার গিন্সবার্গ ও মার্টি গিন্সবার্গ, দুজন হার্ভার্ড ল স্কুলে পড়েছেন। পুরো আইন বিভাগে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র নয়জন। স্কুলের ডিন নাকি বেশ কয়েকবার গিন্সবার্গকে ডেকে বলেছিলেন, ‘কেন তুমি অযথা একজন পুরুষের জায়গা দখল করে রেখেছ?’ গিন্সবার্গ অবশ্য কাজ দিয়েই প্রশ্নের জবাব দিয়েছেন। পরে কলম্বিয়া ল স্কুলে পড়েছেন। তিনিই প্রথম নারী, যিনি দুটি আইনবিষয়ক স্কুলের ল রিভিউ জার্নালে স্থান পেয়েছেন।

ভাবতে পারেন সিনেমার মতো যাঁর জীবনের গল্প, তাঁকে নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি? হয়েছে। ২০১৮ সালে মুক্তি পেয়েছে রুথ বেডার গিন্সবার্গের জীবন অবলম্বনে তৈরি চলচ্চিত্র, অন দ্য বেসিস অব সেক্স। যে পেশায় স্রেফ পুরুষদের আধিপত্য ছিল, সেখানে কীভাবে একজন নারী সফলভাবে নিজের জায়গা করে নিলেন, সেই গল্পই প্রাধান্য পেয়েছে ছবিতে।

সুপ্রিম কোর্টের একজন ৮৭ বছর বয়সী আইনজীবী হওয়া সত্ত্বেও, রুথ বেডার গিন্সবার্গ হয়ে উঠেছেন তারুণ্যের প্রতীক। তাঁর ছবি জায়গা করে নিয়েছে তরুণদের পছন্দের টি–শার্ট, মগ বা পোস্টারে। যুক্তরাষ্ট্রের প্রয়াত র‌্যাপার নটোরিয়াস বিআইজির নামের অনুকরণে গিন্সবার্গকে বলা হচ্ছে নটোরিয়াস আরবিজি (রুথ বেডার গিন্সবার্গের সংক্ষিপ্ত রূপ)।

২০১৮ সালে আরবিজি নামে নির্মিত একটি তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই বিচারক বলেছিলেন, ‘আমার বয়স ৮৪। আর সবাই আমার সঙ্গে ছবি তুলতে চায়।’

বিবিসি অবলম্বনে