বয়স বাড়ায় মেকআপ!

মেকআপ ব্যবহার করা হয় নানান কারণে। সুন্দর দেখানোর জন্য তো বটেই, নিজের ভালো লাগা এবং চেহারায় সতেজ ভাব আনার জন্য মেকআপ ব্যবহার করি আমরা। তা ছাড়া বয়স কিছুটা হলেও আড়াল করার জন্য মেকআপ ব্যবহার করেন অনেকেই। উল্টো দিকটাও অবশ্য আছে। মেকআপের বেঠিক ব্যবহার চেহারায় বয়স বাড়িয়ে দেয় অনেকটাই। তেমনই ৫টি ভুল, যেগুলো আমরা বেশির ভাগ সময়ই করি, নিচে তুলে ধরা হলো। সেই সঙ্গে সেগুলোর সমাধানও।
চোখের ভারী মেকআপ
মোটা, ভারী করে দেওয়া কালো রঙের কাজল অনেকেরই পছন্দ। কিন্তু এটা অনেক সময় চেহারায় বয়স বাড়িয়ে দেয়। এতে চোখও কিন্তু অনেকটাই ছোট দেখায়। মোটা করে কাজল লাগাতে চাইলে কালোর বদলে গাঢ় চকলেট রঙের কাজল ও মাসকারা বেছে নিতে পারেন। দেখতে ভালো লাগবে। চোখের সাজটাও অতিরিক্ত মনে হবে না।
ভুলভাল ব্লাশ
শুধু গালের গোল জায়গাটার ওপর ব্লাশঅন লাগালে দেখতে অনেকটাই বয়সী লাগবে। বরং চিকবোনের ওপর ব্লাশঅন লাগান। এটা চেহারাকে ওপরের দিকে তুলে ধরে। ব্লাশঅনের ভুল শেড বেছে নিলেও কিন্তু দেখতে অনেকটাই বুড়ো দেখায়। বিশেষজ্ঞদের মতে গালের ওপর একটু চিমটি কেটে দেখুন কেমন রং আসছে। আপনার ত্বকের রঙের কাছাকাছি রঙের ব্লাশ বেছে নেওয়াই ভালো।
ভুরু আঁকা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুরুটাও কি একটু পাতলা হয়ে যায়? চোখের ওপর ঘন ভুরু কিন্তু চেহারায় তারুণ্য ধরে রাখে। ভুরু যদি পাতলা হয়ে থাকে তবে পেনসিল অথবা পাউডার দিয়ে ঘন করে এঁকে নিন।
ভারী ফাউন্ডেশন
ভারী করে দেওয়া ফাউন্ডেশন সৌন্দর্য বাড়ায় না বরং কমায়। তার ওপর যদি আবার ফেটে ফেটে থাকে, তবে তো কথাই নেই। ফাউন্ডেশন দেওয়ার সময় এটা অবশ্যই মসৃণ ও হালকা করে লাগাতে হবে। ফাউন্ডেশন লাগানোর আগে চেহারায় ভালো করে ক্রিম লাগিয়ে নেওয়া প্রয়োজন।
ভারী কনসিলার
মেকআপ দেওয়ার সময় ভারী করে কনসিলার দিলেও কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ভারী কনসিলার শুকিয়ে চোখের চারপাশের চামড়ার কোঁচকানো ভাব আরও বাড়িয়ে দেয়। চোখের চারপাশে ভালোমতো ক্রিম লাগিয়ে অল্প পরিমাণে কনসিলার লাগালেই হবে। এতে করে আপনার চেহারার ক্লান্ত ভাব কমিয়ে দেবে।