বয়সের কাঁধে জীবনের বোঝা
বয়স ৭০। মাথায় লাকড়ির বোঝা। কড়া রোদে তেতে ওঠা পিচঢালা পথ দিয়ে সোনাবি চাকমা চলেছেন বাড়ির পথে। ভৈরফা নোয়াপাড়া গ্রামের এই বৃদ্ধার বাড়ি থেকে জুমখেতের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। প্রতিদিন খেত থেকে শাকসবজি কিংবা জ্বালানি কাঠের বোঝা নিয়ে বাড়ি ফেরেন। স্বামী অসুস্থ। ছেলেরা বিয়ে করে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তাই সংসার টেনে নিতে হচ্ছে তাঁকেই।সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সুপারিবাগান এলাকায় কথা হয় এই বৃদ্ধার সঙ্গে। সোনাবি চাকমা জানান, প্রতিদিন সকালে জুমখেতে কাজ করতে যান। সেখান থেকে সংসারের রসদ নিয়ে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যায়। এরপর ঘরে ফিরে রান্নাবান্না ও সংসারের কাজকর্ম তো আছেই। স্বামী ভাল্লুক্যা চাকমা অসুস্থ, তেমন কাজকর্ম করতে পারেন না। তাঁর সেবা-শুশ্রূষাও করতে হয় সোনাবিকে। সারা দিনে বিছানায় একটু পিঠ লাগানোর সুযোগ মেলে না।আক্ষেপ করে সোনাবি বলেন, ‘এই বয়সে আমার নাতি-নাতনি নিয়ে বাড়িতে সময় কাটানোর কথা। কিন্তু সে সুখ আমার কপালে নেই। চার ছেলের সবাই বিয়েশাদি করে পৃথক হয়েছে। আমাদের বুড়া-বুড়ির খবর কেউ রাখে না। পেট তো বয়স মানে না। তাই এই বয়সে জুম চাষ করে দুজনের খাবার জোগাড় করতে হয়।’সরকার প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতা চালু করেছে, এই তথ্য জানেন সোনাবি চাকমা। বয়স্ক ভাতার জন্য একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনাও দিয়েছিলেন, কিন্তু পাননি। সোনাবি বলেন, ‘যদি একটা বুড়া ভাতার (বয়স্ক ভাতা) কার্ড থাকত, তাহলে অনেক সুবিধা হতো। মেম্বারকে (ইউনিয়ন পরিষদের সদস্য) অনেকবার বলেছি একটি বুড়া ভাতার কার্ড দেওয়ার জন্য, কিন্তু দেননি। ভাতা পেলে অন্তত কষ্টটা একটু কমবে।’এ প্রসঙ্গে উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য স্নেহাশীষ ত্রিপুরা বলেন, ‘আমি নতুন নির্বাচিত হয়েছি, তবে সোনাবি চাকমাকে চিনি। তিনি অনেক কষ্টে জীবন যাপন করছেন। শিগগিরই তাঁকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য চেষ্টা করব।’