বয়স্কভাতার কার্ড পাননি তিন হাজার প্রবীণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার অন্তত তিন হাজার প্রবীণ এখনো বয়স্কভাতার কার্ড পাননি। উপজেলায় কয়েকটি বেসরকারি সংস্থা প্রবীণ ব্যক্তিদের সহায়তা দিলেও সরকারিভাবে সহায়তা পান না বলে তাঁদের অভিযোগ। জানা গেছে, উপজেলায় প্রবীণ ব্যক্তিদের সংখ্যা ১২ হাজার নয় শ ২১ জন। তাঁদের মধ্যে বয়স্কভাতা পান প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যক্তি। তবে দরিদ্র ও অসহায় আরও তিন হাজার প্রবীণ এখনো বয়স্কভাতা পাননি। অসহায় প্রবীণ ব্যক্তিদের অভিযোগ, টাকা ছাড়া বয়স্কভাতার কার্ড পাওয়া যায় না। জানা গেছে, প্রবীণ নাগরিকদের অধিকার বিষয়ে কয়েকটি বেসরকারি সংস্থা উপজেলায় প্রচারণা চালিয়েছে। এর ফলে বেশির ভাগ প্রবীণ এখন বয়স্কভাতাসহ তাঁদের বিভিন্ন অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। ফলে প্রবীণ ব্যক্তিরা সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে গিয়ে তাঁদের অধিকার আদায়ের জন্য ধরনা দিচ্ছেন। কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার অসহায় বৃদ্ধ আব্দুল কাদের (৬৭) বলেন, ‘ভিক্ষা করে কোনো রকমে সংসার চালাচ্ছি। যেদিন ভিক্ষা করি না সেদিন উপাস থাকতে হয়।’ বয়স্কভাতার কার্ডের জন্য স্থানীয় মেম্বারের কাছে অনেকবার ধরনা দিলেও পাননি বলে তাঁরা জানান। মাতারবাড়ি ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি মাহবুব কামাল বলেন, ‘গ্রামে প্রবীণেরা এখন একতাবদ্ধ। তারা নিজেরাই অধিকার সম্বন্ধে জানেন এবং সচেতন হচ্ছেন। ফলে বয়স্কভাতার কার্ড নিয়ে কোনো দুর্নীতি হলে তা চাপা থাকবে না।’ বেসরকারি সংস্থা ‘রিক’ উপজেলার প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই সংস্থার উপজেলা প্রকল্প সমন্বয়কারী সৈকত সেন অভিযোগ করে বলেন, ‘মহেশখালীর অন্তত তিন হাজার প্রবীণ ব্যক্তি বয়স্কভাতার কার্ড পাওয়ার দাবিদার। কিন্তু অনেক অসহায় প্রবীণ ব্যক্তি এখনো বয়স্কভাতার কার্ড পাচ্ছে না।’এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত গোপাল কৃষ্ণ দাশ বলেন, ‘টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের বয়স্কভাতার কার্ড দেওয়ার বিষয়ে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকার থেকে বরাদ্দ না পাওয়ার কারণে গত বছরের ডিসেম্বর থেকে বয়স্কভাতা কার্ড দেওয়া বন্ধ রয়েছে।’