‘গাউসুল আজম জিয়া বাবা-গাউসুল আজম মাওলা বাবা।’ বহুদূর থেকে ভক্তদের এমন স্লোগান শোনা যাচ্ছিল। ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফের কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। রওজা শরিফ ও আশপাশের এলাকা হাজার হাজার ভক্ত-আশেকে ঠাসা।হাত তুলেছিলেন লাখো ভক্ত-আশেক। ভান্ডারি গান ও জিকির-আসকারের মধ্য দিয়ে ভক্তিরসে ডুবেছেন তাঁরা। আধ্যাত্মিক সুফিসাধক শাহানশাহ সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারির ২৩তম বার্ষিক ওরস শরিফের চিত্র ছিল এমনই।গত মঙ্গলবার ফটিকছড়ির মাইজভান্ডার গাউসিয়া হক মঞ্জিলে এ ওরস অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মাজারে ফুল ও গিলাপ ছড়ানো এবং তবারক বিতরণ।ওরস উপলক্ষে সকাল থেকেই গরু-মহিষ নিয়ে ভক্তদের একের পর এক মিছিল হক মঞ্জিলে আসতে থাকে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের অভিনন্দন জানান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। হক মঞ্জিল ও এর আশপাশের এলাকায় বসেছিল ভক্তদের মিলনমেলা। সারা দেশ থেকে বাউল, ফকিরেরা এসেছেন। ভক্তিরসে ডুবে গিয়ে রাতভর তাঁরা গাইলেন ভান্ডারি গান।ওরস উপলক্ষে হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের মেলাও বসেছিল। কর্তৃপক্ষের হিসাবে অন্তত সাড়ে তিন শ ভ্রাম্যমাণ বিক্রেতা ওরসে পণ্যের পসরা নিয়ে বসেন।রাত ১১টায় শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। বক্তব্য দেন গোলাম মো. খান সিরাজী, আহমেদুল হক, বাকি বিল্লাহ ও নিজাম উদ্দিন চিশতি। বক্তারা গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারির জীবনদর্শন নিয়ে আলোচনা করেন।আলোচনা সভা শেষে মরমি শিল্পী সৈয়দ নাসির উদ্দিন দরাজকণ্ঠে গাইলেন, ‘মাইজভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমাইও না মায়া ঘুমে আখেরি জামানা।’ এরপর আরেক শিল্পী সৈয়দ আবু সালেহ গাইলেন, ‘খালেক মালেক তুমি রহিম রব্বানা।’জানা গেছে, ওরসে ভক্তদের খাবারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক গরু-মহিষ জবাই করা হয়েছে। এ জন্য কাজ করেছেন ৩৫ জন কসাই। তাঁদের সহকারী ছিলেন আরও ৫০ জন। ওরসে আসা হাজার হাজার ভক্তের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।গভীর রাতে শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারি মানবজাতির সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাজার হাজার ভক্ত মোনাজাতে অংশ নেন।