ভক্তির রসে পরিশুদ্ধ দর্শকহূদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফিবাদের মূলমন্ত্রই হলো অন্তর পরিশুদ্ধ করা। প্রেম ও ভালোবাসার বাণী নিয়ে সুফিসাধকেরা এ দেশে ইসলাম প্রচার করেছেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ১ ও ২ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক সুফি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মাইজভান্ডারি একাডেমি আয়োজিত সম্মেলনে ভারত, মিশর ও সুদান থেকে অংশ নিয়েছেন সূফিতত্ত্ববিদেরা। সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, মানুষের কল্যাণসাধনই মাইজভান্ডারি তরিকার লক্ষ্য। দুদিনের অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল ভক্তিমূলক গান। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মাইজভান্ডারি গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান। সম্মেলনে সুফিতত্ত্ব সম্পর্কে জানতে ও ভক্তিমূলক গান শুনতে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল ভক্তিমূলক ভান্ডারি গানের জলসা। মূলফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণের কোথাও ফাঁকা ছিল না। আলো-আঁধারিতে ঘেরা বিশাল মিলনায়তনটি ছিল দর্শকে ঠাসা। সামনের সারিতে বসেছেন দেশ-বিদেশের অসংখ্য সুফিসাধক। ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা। মিলনায়তন ভর্তি সাধু-ফকির, ভক্তদের অপেক্ষা আর বাঁধ মানছিল না। ঠিক তখনই উপস্থাপকের ঘোষণা শোনা গেল। ‘এখন হবে মাইজভান্ডারি গানের জলসা’। মঞ্চের পর্দা উঠল। শুরু হলো ভক্তির রসে জারিত গান। কাওয়াল আমিনুল ইসলামের দরাজ কণ্ঠে শোনা গেল ‘আল্লাহু আল্লাহু...’ গানটি। এরপর ফার্সি-উর্দু ভাষায় রচিত পর পর দুটি কাওয়ালি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন আরেক নামী কাওয়াল হাবিবুর রহমান। কবিয়াল রমেশ শীল রচিত ‘ওকি চমৎকার ভান্ডারেতে আজগবি কারবার...’ সৈয়দ আবু সালেহের কণ্ঠে গানটি ভক্ত-শ্রোতাদের অন্য এক রহস্যময় জগতে নিয়ে গেল। এরপর এই শিল্পী গাইলেন ‘কেন চিনলিনা রে মন গাউসুল আজম মাইজভান্ডারি মওলানা কেমন...।’ জাকির হোসেনের গাওয়া ‘আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে...’ ও ‘চলগো প্রেম সাধুগন প্রেমেরই বাজার...’ এই দুটি গান সবার হূদয় ছুঁয়ে গেল। সবশেষে সৈয়দ আদিল মাহবুব পরিবেশন করেন ‘মাইজভান্ডারে উঠেছে তাওহিদের নিশানা, ঘুমায়ও না মায়াঘুমে আখেরি জামানা...।’সুফি সম্মেলনের প্রথম দিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন কাশেম খান। বিশেষ অতিথি ছিলেন মিশরের জামেউল আজহার শরিফের সাবেক সচিব সৈয়দ সামির ইবনে মথর আশ্-শাজলি আল হুসাইনি, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াকত হুসেইন মঈনি, বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি শমসের আলী, অধ্যাপক কাওসার মুস্তাফা শাহ আবুল উলায়ি, অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, এম শফিকুল আলম।সম্মেলনের দ্বিতীয় দিন সভাপতিত্ব করেন অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফ হুসেইন শাহ কাজমি, সুদানের সুফিতত্ত্ববিদ সৈয়দ জিয়াউদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি, ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, শায়েস্তা খান ও সাইফুল্লাহ সুলতানপুরি।