ভক্তির রসে ভজনের সুরে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভা উপলক্ষে পটিয়ার রামকৃষ্ণ সেবাশ্রমে হয়ে গেল দুদিনের ভজন সংগীতসন্ধ্যা। ১০ ও ১১ ফেব্রুয়ারি এ উপলক্ষে বসেছিল ভক্তদের মিলনমেলা। এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন পটিয়ার মেয়র হারুন অর রশিদ ও সীতাকুণ্ড তপোবন বিহারের অধ্যক্ষ ইকবাল আহমেদ সিদ্দিকী। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সবশেষে ছিল ‘প্রভু হে তুমি চন্দন আমি পানি’ শিরোনামে ভজন সংগীতের অনুষ্ঠান। ভজন ও গজল শিল্পী মোহাম্মদ হেলাল উদ্দিন পরিবেশনা শুরু করেন কাজী নজরুল ইসলামের ‘ব্রজগোপী খেলে হরি’ গানটি দিয়ে। এরপর তিনি একে একে পরিবেশন করেন শিরোনাম সংগীত ‘প্রভু হে তুমি চন্দন আমি পানি’, ‘হে গোবিন্দ রাখো চরণে’, ‘খেলিছ এ বিশ্বলয়ে’, ‘আজি মনে মনে লাগে’, ‘মন চল নিজ নিকেতনে’, ‘মেরে মনমে’সহ প্রায় ২০টি ধর্মীয় গজল। প্রতিটি গানই ছিল হূদয়গ্রাহী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন বলরাম চক্রবর্তী। গভীর রাত পর্যন্ত দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।