ভক্তের ভিড়ে মুখর মাইজভান্ডার দরবার শরিফ
সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারির ১০৬তম বার্ষিক ওরস উপলক্ষে ফটিকছড়ির মাইজভান্ডার শরিফ জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষের মিলনমেলায় পরিণত হয়েছে। গত সোমবার গভীর রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার।আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম জাকেরিয়া বলেন, ওরসে তিন দিনব্যাপী চলেছে জিকির আসকার ও মিলাদ মাহফিল। গভীর রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় লাখ লাখ আশেক ভক্ত কান্নায় ভেঙে পড়েন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে ওরস সুসম্পন্ন হয়েছে। এখানকার একটি মনজিলের তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. মেজবাহ উদ্দিন বলেন, সহস্রাধিক গয়াল, গরু, মহিষ ও দুম্বা জবাই করা হয়েছে। দুই মণ ধারণক্ষমতার প্রায় আট হাজার ডেকচিতে হয়েছে এসব রান্না-বান্না। তিন শতাধিক বাবুর্চি ও ৯০০ জন কসাই নিয়োজিত ছিলেন এসব কাজে।ওরসে আসা ভক্ত মো. রফিকুল ইসলাম বলেন, টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে বাবার দরবারে আপ্যায়ন করেছে স্বেচ্ছাসেবক দল। কোনো হই-হুল্লোড় নেই। দেখে মন ভরে যায়। দরবার শরিফ সূত্রে জানা গেছে, ১৯০৭ সাল থেকে প্রতিবছর ১০ মাঘ (২৩ জানুয়ারি) ঐতিহ্যবাহী এই ওরস অনুষ্ঠিত হচ্ছে। দেশের কম-বেশি সব জেলা থেকেই ভক্তরা আসেন দরবারে। এ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ৯-১১ মাঘ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। সড়কপথে বাস, ট্রাক, কার, মাইক্রোবাস, মিনিবাস, টেম্পো ইত্যাদি নিয়েও এসেছে ভক্তরা। সোমবার রাতে দরবার শরিফ প্রাঙ্গণে দেখা গেছে, দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত শিল্পীরা ভান্ডারি-মারফতি গানে আসর জমিয়ে তুলেছেন। রাউজান থেকে আসা শিল্পী সেলিম চৌধুরী বলেন, ‘ওরসের সময় প্রত্যেকে ভেদাভেদ ভুলে যান। সবার সঙ্গে মিলে-মিশে গান গাওয়াতেই আমার সন্তুষ্টি।’ ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণে বসে বিশাল মেলা। সেখানে নান পণ্যের পসরা বসেছে। দরবারে মুলা সংস্কৃতি: দরবারে আগত ভক্তদের মুলা-গোশত দিয়ে তবররক দেওয়ার প্রথাটি অনেক পুরোনো। এ জন্য প্রতিবছর ওরসে বিক্রির জন্য বড় আকারের হাজার হাজার মুলার বাজার বসে। ব্যবসায়ীরা মাইজভান্ডার-নাজিরহাট সড়কের পাশেই বিক্রি করেন এসব মূল। এ জন্য তারা বছরজুড়ে মুলা মোটা তাজা করে থাকেন বলে জানা গেছে। প্রতিটি পাঁচ থেকে সাত কেজি ওজনের। দূর-দূরান্তের ভক্তরা যাওয়ার পথে হাতে করে মুলা কিনে নিয়ে যান। হাদিয়া মিছিল: লাখো আশেক ভক্ত বিচ্ছিন্নভাবে নয় থেকে ১০ মাঘ অবিরামভাবে দরবার শরিফ প্রবেশ মুখ থেকে দরবার শরিফ চত্বর পর্যন্ত মানত করা বিভিন্ন হাদিয়া উট, গয়াল, গরু, মহিষ, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে বাদ্যির তালে তালে মিছিলসহকারে দরবারে আসেন। তারা এ সময় কান্নায় ভেঙে পড়ে নিজের ভবিষ্যৎ কল্যাণ কামনা করেন। পরে সাজ্জাদানশীনদের হাতে হাদিয়া তুলে দিয়ে রওজা জেয়ারত করেন। লোকজপণ্যের মেলা: ওরস উপলক্ষে দরবার শরিফ ও আশপাশের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসে ছিল লোকজ পণ্যের মেলা। ১০ মাঘ ওরসের প্রধান দিবস হলেও এক সপ্তাহ আগেই দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা মাইজভান্ডার দরবারে আসতে শুরু করে। দুই-তিন দিন ধরে চলে প্যান্ডেল তৈরির কাজ। বাঁশ-বেত, তৈজসপত্র, মাটির পুতুল থেকে শুরু করে নানা পণ্য বিক্রি হয়েছে এই মেলায়। মেলায় লোকজ পণ্যের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, শীতের পোশাক, শিশুদের খেলনা, প্রসাধনী, চুড়ি, গয়না ইত্যাদি বিক্রি হয়েছে। এ ছাড়া শিশু-কিশোরদের আনন্দ দিতে মেলায় ছিল দোলনা, ঘোড়ার রাইডও।ছেমা মাহফিল: ওরসের আগের দিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মরমি শিল্পীরা মাইজভান্ডারে আসতে শুরু করেন। ভান্ডারি গানে ভক্তি মৌতাতে মেতে ওঠেন ভক্তরা। গাউসিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ মিলনায়তনে দরাজ গলায় সুর তুললেন পটিয়া থেকে আসা মরমি শিল্পী নেওয়াজ খান। তিনি গাইলেন ‘কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ...’। নেওয়াজ খান বলেন, ‘এখানকার এই প্রাণের মেলায় এলে আত্মশুদ্ধি হয়। নিজেকে মিলিয়ে দেওয়া যায় হাজারো মানুষের স্রোতে।’ দুই লাখ ভক্তকে আপ্যায়ন: আয়োজকেরা জানান, গাউসিয়া আহমদিয়া মঞ্জিল, গাউসিয়া রহমানিয়া মঞ্জিল ও গাউসিয়া হক মঞ্জিল, গাউসিয়া খালেক মঞ্জিল ও গাউসিয়া মঈনিয়া মঞ্জিলে এবার প্রায় দুই লাখ ভক্ত এসেছিলেন। ২৩ জানুয়ারি সকাল থেকে ২৪ জানুয়ারি ভোর পর্যন্ত ভক্তরা অবস্থান করে দরবারে। এ সময় বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে তাঁদের মধ্যে তবররক বিতরণ করা হয়। ভক্তদের আপ্যায়ন করতে ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে যায় গরু-মহিষ জবাই। ওরসের দিন রাতে আখেরি মোনাজাতের সময় পর্যন্ত বিভিন্ন মঞ্জিলে চলতে থাকে রান্না-বান্নার কাজ। রওজার গোসল ও গিলাপ পরানো: ২২ জানুয়ারি বেলা তিনটায় গাউসুল আজম মাইজভান্ডারির রওজা শরিফের গোসল ও গিলাপ পরানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের মূল আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন দরবারের আওলাদ যথাক্রমে সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি, সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারি , সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারি ও সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজভান্ডারি।