’৬৯-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণ, কিংবা আমাদের মুক্তি সংগ্রাম। বাংলাদেশের এমন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে তাঁর আলোকচিত্র। অথচ এই মানুষটিই এককালে যাপন করেছেন ভবঘুরে এক জীবন। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ অলাভজনক বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আমাদের পথিকৃৎ এই আলোকচিত্রী পেয়েছেন ‘পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’। রশীদ তালুকদারের জীবন ও সাধনার গল্প নিয়ে এবারের মূল রচনা। আলুপট্টির এক পাশে কল্পনা সিনেমা হল। সিনেমা হলের উল্টো দিকেই তারাপদের বিখ্যাত চায়ের দোকান। তার ওপরের চিলেকোঠায় মোতাহার হোসেনের স্বনামধন্য স্টার স্টুডিও। এই পথ ধরে সামনে এগোলেই লোকনাথ হাইস্কুল। প্রতিদিনের মতো হেলেদুলে স্কুলে যাওয়ার পথে একদিন সেখানটায় এসে আচমকা দাঁড়িয়ে পড়ে এক দুরন্ত বালক—কাঞ্চন। দাঁড়ায় তো দাঁড়ায়, আর নড়াচড়ার নামটি নেই। বালকের কৌতূহলের বস্তুটি খুব আহামরি কিছু নয়—কাচের পিঠে ছোট ছোট ফটো সেঁটে সেগুলো শুকোতে দেওয়া হয়েছে রোদে। স্টার স্টুডিওতে তোলা ছবি। বেশ খানিক পর কাঞ্চন সেই রহস্যময় বস্তুটির কাছ থেকে সরে আসে বটে, কিন্তু তার মাথায় পাকাপাকিভাবে ভর করে বসে সেই সব আধভেজা ছবি। রহস্য ঘনিয়ে ওঠে। প্রশ্নের পর প্রশ্ন পাক খেতে থাকে ছোট্ট মাথায়। কেমন করে ঘটে এমন তেলেসমাতি কারবার? কেমন করে হুবহু মানুষের মুখচ্ছবি ফুটে ওঠে ওই মামুলি কাগজে? স্টার স্টুডিওর মোতাহার নামের লোকটা নিশ্চয়ই জাদু জানে। জাদু ছাড়া কি আর এমন কাজ হয়!সেই রহস্য উন্মোচনের বাসনা নিয়েই কাঞ্চন একদিন গুটিগুটি পায়ে হাজির হয় জাদু-দুনিয়ার একদম দোরগোড়ায়—মানে স্টার স্টুডিওর সেই চিলেকোঠায়। তারপর সাহস করে মোতাহার হোসেনকে বলেই ফেলে মনের কথাটা। সাহস পেলে হয়তো আরও কিছু বলত। এই যেমন—স্কুলের পড়াশোনায় তার জন্মের অরুচি। বিচ্ছিরি লাগে তার প্রতিদিন করে বই-খাতা ঘাড়ে নিয়ে স্কুলে যেতে—এই সব ম্যালা কিছু তার বলার ছিল। কিন্তু তার আগেই ‘যাও, বাড়ি যাও,’ স্টুডিওর মালিকের এক রামধমক। অগত্যা ধমক খেয়ে সে যাত্রা ফিরে আসে কাঞ্চন। তারপর ধরনা দেয় বড় বোনের কাছে। দীর্ঘক্ষণ ঘ্যানঘ্যান করার পর বোন শেষে রাজি হয় বাবার কাছে প্রস্তাবটা পেশ করতে। সকালে কাজে যাওয়ার আগে ভাত খেতে বসেছিলেন সেদিন স্টেশনমাস্টার আবদুল করিম তালুকদার। ছেলে স্টুডিওতে কাজ করতে চায় শুনে রাগে, দুঃখে খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেল তাঁর। স্টুডিওর কাজ কি ভদ্র লোকের ছেলেরা করে? ও তো বেয়াড়া আর বখাটেদের কাজ (হ্যাঁ, সেই পঞ্চাশের দশকে এমনটাই ভাবত বটে সিংহ ভাগ মানুষ)। তিনি কিনা ভেবে বসে আছেন ছেলে কাপড়ের দোকান দেবে, বড় ব্যবসায়ী হবে। সেসব তবে চুলোয় গেল! রেগেমেগে ভাত মুখে না দিয়েই তিনি চলে গেলেন কাজে।একটা সময় বাবার রাগ খানিক কমে, ছবি তোলার পাশাপাশি ছেলে লেখাপড়াও চালিয়ে যাবে এই শর্তে। বোনকে আরেক দফা ‘ম্যানেজ’ করা গেল, তার সুবাদে মোতাহার হোসেন রাজি হলেন কাঞ্চনকে স্টুডিওতে নিতে। স্টুডিওর কাজে ডার্করুমে প্রচুর পানি দরকার হয়। বালতিতে করে সেই পানি টানার কাজ পড়ল কাঞ্চনের ঘাড়ে। ভদ্দরলোকের ছেলে, কদিন পানি টানাটানি করলে শখ মিটে যাবে—এই হয়তো ভেবেছিলেন স্টুডিওর মালিক। কিন্তু ছেলে তো কিছুতেই ছাড়ার পাত্র নয়। মাথায় রীতিমতো জেদ চেপে বসেছে তার। দাঁতে দাঁত চেপে কষ্টটা সহ্য করে গেল সে। টানা দুই বছর পর মিলল নিজেই জাদুকর হয়ে ওঠার, মানে সাদা কাগজের ওপর ছবি ফুটিয়ে তোলার সুবর্ণ সুযোগ। সেটা ১৯৫৪ সাল। অষ্টম শ্রেণীতে তখন সবে পা রেখেছে কিশোর কাঞ্চন। কিশোর ‘জাদুকর’দের হয়তো মনোযোগী ছাত্র হওয়াটা ঠিক মানায় না। সে কারণেই ইশকুলের পড়ালেখায় মোটামুটি বড় ধরনের ভাটা পড়ল।আমি এক যাযাবরকাঞ্চন জঙ্ঘার ওপর যখন সূর্যের আলো এসে পড়ে, তখন যেন ঝিকমিকিয়ে ওঠে চারপাশ। সেই অপূর্ব আলোকরশ্মি দেখেই বাবা ছেলের নাম রেখেছিলেন ‘কাঞ্চন’। ভালো নাম রশীদ তালুকদার। বাবার শখ ছিল এক টুকরো সূর্যরশ্মির মতোই ঝলমলে জীবন হবে ছেলের। কিন্তু মাঝপথে ভেস্তে যেতে বসল সব। ছবি তোলা শেখার সঙ্গে সঙ্গে কি বাউণ্ডুলেপনা পেয়ে বসল ছেলেকে? ঘোরাঘুরির জীবন স্টেশনমাস্টারদের। বাবার বদলির কারণে সবাই রাজশাহী থেকে যাবে ময়মনসিংহে। কাঞ্চন গোঁ ধরল। কিছুতেই যেতে রাজি হলো না ময়মনসিংহে। বাবার শাসন নেই, বোনের নজরদারি নেই—যেমন খুশি করে উচ্ছন্নে যাওয়ার অপূর্ব সুযোগ। কাঞ্চন সে সুযোগটাই লুফে নিল। স্টার স্টুডিওতে কাজ করে। খাওয়াদাওয়ার বন্দোবস্ত ওস্তাদ মোতাহার হোসেনের বাড়িতে। একদিন কী যেন ভূত চাপল মাথায়, চলে গেল সোজা সমুদ্রশহর কক্সবাজারে। সেখানে গিয়ে কীভাবে যেন খাতির হয়ে গেল এক দুধওয়ালার সঙ্গে। বাড়ির লোকজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। দুধওয়ালার বাড়িতে আশ্রয় মিলল শেষে। আবার নতুন করে ভর্তি হলো স্কুলে। কক্সবাজার হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছিল কাঞ্চন, কিন্তু কপাল মন্দ—ফলাফল অকৃতকার্য। সমুদ্র ছেড়ে এবার এল পাহাড় আর জঙ্গলের ডাক। আবার খাতির জমল ‘ঠাকুর’ নামের এক দরদি ভদ্রলোকের সঙ্গে। তিনিই নিয়ে গেলেন সিলেটের বলদী গ্রামে। ম্যালা দিন গায়ে হাওয়া-বাতাস লাগিয়ে আবারও বসল পরীক্ষার টেবিলে। সব বিষয়ে পাস। কিন্তু গোল বাধল গণিতের খাতায়। পাস নম্বর জুটল না। পরের বার শুধু অঙ্ক পরীক্ষা দিয়ে মিলল তৃতীয় শ্রেণীতে মেট্রিক পাসের ‘সম্মান’। তত দিনে আবার মাথার মধ্যে সুড়সুড়ি দিতে শুরু করেছে দেশভ্রমণের খায়েশ। প্রায় হারিয়ে ফেলা মা-বাবা, ভাই-বোনদের জন্য আকুলি-বিকুলি শুরু হয়েছে মনে। কাউকে না বলেই সিলেট থেকে চম্পট। খুলনায় এসে খুঁজতে শুরু করল মা-বাবাকে। মাথায় বুদ্ধি আছে। বাবা স্টেশনমাস্টার যখন, স্টেশন কোয়ার্টারেই দেখা মিলতে পারে ফেলে আসা পরিবার-পরিজনের। হলোও তা-ই। দৃষ্টিহীন মা রহিমা খাতুন পড়িমরি করে ছুটে এলেন। ছেলের হাতে-মুখে হাত বোলালেন, হাতড়ে হাতড়ে পা জোড়ায় কী যেন খুঁজলেন খানিক। তারপর কান্নার রোল উঠল বাড়িতে। সুখের কান্না! দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী লাপাত্তা থাকার পর বুকের ধন, আদরের পুত্র ফিরে এসেছে মায়ের কোলে।‘আমাকে নিয়ে লিখবেন তো? লেখাটার শিরোনাম দেন “ভবঘুরে থেকে আলোকচিত্রী”। এর চেয়ে জুতসই শিরোনাম আর পাবেন না।’ শ্মশ্রুমণ্ডিত মুখে একচিলতে দুষ্টুমির হাসি। গল্পের এই জায়গায় এসে আবার দম নেন মানুষটা। মাথায় টুপি, চোখে ভারী কাচের চশমা। দেখে কে বিশ্বাস করবে, সামনের এই মানুষটাই সেই আজন্ম ভবঘুরে? খোদ ন্যাশনাল জিওগ্রাফিকের (অল রোডস ফিল্ম প্রজেক্টের আওতায়) পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড জেতার খবর পেয়েই তাঁর কাছে ছুটে এসেছি যে!পুরস্কার, সম্মাননা—এসব অবশ্য মোটেও নতুন কিছু নয় বর্ষীয়ান এই আলোকচিত্রীর জন্য। হিসাব-কিতাব ঘেঁটে দেখা যাচ্ছে, দেশ-বিদেশে আলোকচিত্রের জন্য তাঁর পাওয়া পুরস্কার ও সম্মাননার সংখ্যা মোট ৭৬। ‘ইতিহাসের অংশ’ কিংবা ‘ইতিহাসের সাক্ষী’ এসব বিশেষণও খুব খেলো শোনায় তাঁর বেলায়। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, ৭ মার্চের বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর ভাষণ, একাত্তরের যুদ্ধ, যুদ্ধ-পরবর্তী সময়—এমনতর সব ঐতিহাসিক সত্যকে ধারণ করার গৌরব নিয়ে অগণিত বার মুদ্রিত ও প্রচারিত হয়েছে তাঁর বহু ছবি। ‘বঙ্গবন্ধুর কথা যদি বলি, মওলানা ভাসানীর কথা যদি শোনাতে বসি; মনে হয়, মাস ছয়েক লেগে যাবে, কিন্তু গল্প ফুরোবে না।’ নিজেই সাবধান করলেন আলোকচিত্রী। তার চেয়ে বরং রশীদ তালুকদারের বিয়ের গল্পটাই শোনা যাক। সেটাও তাঁর জীবনকাহিনির মতোই অভাবনীয় মোচড়ে ভরপুর।বিয়ে নিয়ে ইয়েআবার ফিরে আসি ষাটের দশকের রাজশাহী শহরে। বহু ঘাটে ঘোরাঘুরি করে রশীদ তালুকদার তখন আবার থিতু হয়েছেন তাঁর পুরোনো শহর রাজশাহীতে। পোর্ট্রেট ছবি তোলেন অসাধারণ। দিলীপ কুমার স্টাইলের চুলের ভাঁজ। পরনে হাল-ফ্যাশনের টাইট প্যান্ট। কেতাদুরস্ত হাবভাব। ‘প্রিন্স রশীদ’ নামে তাঁকে চেনে গোটা রাজশাহী। সেই সুবাদে মেয়ে-মহলেও বেশ সুখ্যাতি ছড়িয়েছে তাঁর। ‘প্রেম করব, কিন্তু বিয়ে করব না’ এই ছিল তরুণ প্রিন্স রশীদের মূল মন্ত্র। সেই মূলমন্ত্রে ব্যাঘাত ঘটাল বাবার জোরাজুরি আর মায়ের রোগশয্যা। মৃত্যুর আগে পুত্রবধূর মুখ দেখে যেতে চান মা। অগত্যা রাজি হলেন মেয়ে দেখতে যেতে। গোটা দশেক মেয়ে দেখা হয়ে গেল। কিন্তু কাউকেই ঠিক ‘মনের মতো’ মনে হয় না। শেষমেশ বাবার নির্দেশে এক কাকার সঙ্গে গেলেন বরিশালে। মেয়েবাড়ির শানশওকত দেখে তো দুজনের চোখ ছানাবড়া। কিন্তু আসল জায়গায় আবারও বাধল গোল। মেয়ে পছন্দ হলো না। ভরপেট খেয়েদেয়ে চাচা-ভাতিজা নিরাশ হয়ে ফেরার পথ ধরেছেন। দূরের পথ। নদী-নালা পার হয়ে যেতে হয়। যেতে যেতে চাচা থামলেন এক বাড়িতে। ‘ঘরে কেউ আছেন নাকি। একটু পানি খাব’ বলতে বলতে দুজনে গিয়ে বসলেন বৈঠকখানায়। পানির অপেক্ষায় থাকতে থাকতেই হঠাৎ এক কাণ্ড! বাইরের অতিথি দেখে একছুটে একটা মেয়ে চলে গেল ভেতরের ঘরের দিকে। মেয়েটার মুখও ভালোমতো দেখার সময় পাননি। কিন্তু ওই যে ক্ষণিকের দেখা, তাতেই কী যে মহিমা লেখা ছিল। রশীদ চাচাকে ধরে বসলেন, বিয়ে করলে এই মেয়েকেই করবেন তিনি। চাচা মারফত বাবা হয়ে প্রস্তাব গেল মেয়ের ঘরে। তারপর কোনো এক শুক্রবার দিন হালিমার সঙ্গে বিয়ে হয়ে গেল রশীদের। বয়স তখন ২০ কি ২১ মোটে।কাজের সন্ধানেবাউন্ডুলেপনা পর্যাপ্ত হয়েছে। বিয়েথা করে সংসারী হয়েছেন। এবার একটা চাকরি-বাকরি দরকার। পত্রিকায় বিজ্ঞাপন দেখে গেলেন ময়মনসিংহে। পরীক্ষায় প্রথমও হলেন। কিন্তু কোনো এক রহস্যময় কারণে কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্রীর কাজটা হলো না। আশা পূরণ হলো আরও কয়েক বছর পর। ১৯৫৯ সালে ফটো টেকনিশিয়ান হিসেবে যোগ দিলেন পিআইডিতে (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট)। বেতন সর্বসাকল্যে ৮০ টাকা। দুই বছর পর কর্মক্ষেত্র বদলালেন। যোগ দিলেন দৈনিক সংবাদ-এ। ফটোসাংবাদিক হিসেবে তাঁকে জীবনের প্রথম অ্যাসাইনমেন্টটি দিয়েছিলেন শহীদুল্লাহ কায়সার। এরপর সাংবাদিকের কর্তব্য আর নিষ্ঠা নিয়ে শুধুই এগিয়ে যাওয়া। এল ’৭১। পেশাগত জীবন থেকে কিছুটা সরে এসে রশীদ তালুকদার মিশে গেলেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। নানাভাবে সহযোগিতা করতে শুরু করলেন মুক্তিসেনানীদের। আর প্রিয় ক্যামেরাটা সঙ্গে থাকত সব সময়ই। এ দেশে ফটোসাংবাদিকদের মধ্যে ১৩৫ মি.মি. ক্যামেরা ব্যবহারকে জনপ্রিয় করে তোলেন মূলত রশীদ তালুকদার। আইস্যুলেট ক্যামেরা দিয়ে শুরু করেছিলেন ছবি তোলা। এরপর ব্যবহার করেছেন রোলিকর্ড, রোলিফ্লেক্স এবং নাইকন।আপন আলয়ফুলে ফুলে সাদা হয়ে আছে উঠোনের শেফালিগাছটা। ঘরের দেয়াল বেয়ে ছাদ অবধি ছুঁয়েছে মাধবী লতা। ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজছে বাতাবি লেবুর ডাল। ছিমছাম দোতলা বাড়ির বারান্দায় বসে সেসব দেখতে দেখতে রশীদ তালুকদার বলে যান, ‘জানেন, এ বাড়ির সমস্ত ফুল-ফলের গাছ ওর নিজের হাতে লাগানো। বিয়ের পর আমি জীবনে কোনো দিন নিজের হাতে কাপড় কাচিনি। বিছানা পরিষ্কার করিনি। সংসারের সবকিছু সামাল দিত ও। আমাকে কোনো কিচ্ছু নিয়ে ভাবনা করতে হয়নি।’বড় ছেলে মিজানুর রশীদ পুত্র রাইয়ান ও স্ত্রীকে নিয়ে থাকেন বাবার সঙ্গে, ঢাকার বাসাবোর এই বাড়িতেই। সেই কুড়ি বছর বয়সে এক অচেনা কিশোরী মুগ্ধ করেছিল তাঁকে, সেই মুগ্ধতা রশীত তালুকদারকে ছেড়ে যায়নি বাকি জীবন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বারবার তাগাদা আসছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সেখানকার ন্যাশনাল জিওগ্রাফিক সদর দপ্তরে শুরু হবে তাঁর আলোকচিত্র প্রদর্শনী। সেসব কোনো কিছুতেই আর খুব বেশি আগ্রহ নেই তাঁর। তাঁর আসল ‘প্রেরণাদায়িনী’ যে হারিয়ে গেছে (স্ত্রী হালিমা খাতুন মারা গেছেন ২০০৮ সালে)। আজকাল ‘ক্যামেরার ভিউ ফাইন্ডার’-এ চোখ রাখলেই বুকটা হু হু করে। দেখতে পান না কিছুই। শুধু তাঁর কথা খুব করে মনে আসে। তাঁকে একা ফেলে কেমন করে যেতে পারল মেয়েটা! এই সব ভাবতে ভাবতে কোন ফাঁকে জলে ঝাপসা হয়ে আসে দুই চোখ। ভেজা চোখে কিছু কি দেখা যায়?