ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য নতুন ভবন নির্মিত হয়েছে এক বছর আগে। কিন্তু পর্যাপ্ত জনবল নিয়োগ না দেওয়ায় এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করায় ভবনটি কাজে আসছে না। বর্তমানে এই হাসপাতালে মাত্র ছয়জন চিকিৎসক কর্মরত আছেন। অথচ ৩১ শয্যার হাসপাতালে নিয়ম অনুযায়ী চিকিৎসক থাকার কথা ১৮ জন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ৫০ শয্যার হাসপাতালে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসক থাকার কথা। অথচ স্বাস্থ্যকেন্দ্রে ৩১ শয্যার উপযোগী লোকবলও নেই। নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও। স্বাস্থ্যকেন্দ্রে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকলেও অবেদনবিদ (অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ) না থাকায় জরুরি প্রসূতি সেবা দেওয়া যাচ্ছে না। নেই দন্ত চিকিৎসকও। এ ছাড়া তিনজন অফিস সহকারীর মধ্যে দুটি পদ শূন্য। এক্স-রে টেকনিশিয়ান, স্টোরকিপার, ক্যাশিয়ার ও পরিসংখ্যানবিদের পদও শূন্য।জানা গেছে, সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য পাঁচ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ২০ শয্যার একটি নতুন ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের ১৮ মার্চ ভবনটি হস্তান্তর করা হয়। ভবন বুঝে নেওয়ার সময় কিছু কাজ অসম্পূর্ণ থাকায় আপত্তি তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তখন সংশ্লিষ্ট ঠিকাদার এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করার অঙ্গীকার করেন। অথচ গত এক বছরে সে সব কাজ শেষ হয়নি। এসব কারণে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়নি। জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের এক্সরে যন্ত্রটি গত প্রায় ছয় বছর নষ্ট হয়ে পড়ে রয়েছে। নেই অস্ত্রোপচার কক্ষ ও জেনারেটর। সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়ে দেখ যায় তিনজন চিকিৎসক একটি কক্ষে পাশাপাশি বসে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। দুজন চিকিৎসা সহকারীও রোগীদের সেবা দিচ্ছিলেন পাশের একটি কক্ষে। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারওয়ার জাহান জানান, বর্তমান ভবনে কক্ষ সংকট রয়েছে। নতুন ভবনে স্থানান্তরিত হলে এ সমস্যা থাকবে না। জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।দক্ষিণ পশ্চিম চর চান্দিয়া গ্রাম থেকে দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন আবুল হোসেন (২৭)। একজন চিকিৎসা সহকারী তাঁকে ব্যথার ওষুধ লিখে দিয়ে দন্ত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। আবুল হোসেন জানান, সোনাগাজীতে কোনো দাঁতের চিকিৎসক নেই। উপজেলায় গ্রাম্য চিকিৎসকই তাঁদের ভরসা।কেবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নয়, উপজেলার পাঁচটি স্বাস্থ্য উপকেন্দ্রে এবং চারটি পরিবারকল্যাণ কেন্দ্রেও পর্যাপ্ত জনবল নেই। এসব কেন্দ্রের প্রতিটিতে একজন করে চিকিৎসা কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে একজন কর্মকর্তাও নেই। এসব কেন্দ্র চলছে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অ্যাসিসটেন্ট) দিয়ে।