
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, এমন পরিকল্পনা থেকেই তিনতলা ভবন নির্মিত হয়েছিল ২০০৯ সালে। নতুন ভবনে প্রসূতি বিভাগ স্থানান্তর করা হলেও বাকি কক্ষগুলো খালি পড়ে আছে। রোগীদের চাপ বাড়ায় পুরোনো ভবনের বারান্দায় শয্যা পেতে চলছে চিকিৎসা। ৫০ শয্যার এই হাসপাতালের জন্য ২০ জন চিকিৎসকের পদ থাকলেও এখন কর্মরত আছেন মাত্র আটজন।
এভাবে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ২০০৯ সালে হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন ভবন বুঝিয়ে দিলেও সেটি ব্যবহৃত হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ১০০ শয্যার হাসপাতালের জন্য ওষুধ, খাদ্য ও অর্থ বরাদ্দ দিলেও শয্যা বাড়ানোর বিষয়ে এখনো সরকারের কোনো ঘোষণা আসেনি।
এ বিষয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার বলেন, জেলার স্বাস্থ্যসেবা ও নানা সমস্যার বিষয়ে আর কয়েক দিন পর মন্ত্রণালয়ে বৈঠক হবে। ওই বৈঠকে ১০০ শয্যার হাসপাতালের বিষয়টি উত্থাপন করা হবে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে বর্তমান ভবনের পাশে একটি তিনতলা ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। নির্মাণকাজ শেষ হলে ২০০৯ সালে তা খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের ছয় বছর পরও ১০০ শয্যা হাসপাতালের ঘোষণা আসেনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার খাগড়াছড়ি হাসপাতালের জন্য ২০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন আটজন। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের ১০ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র তিনজন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত দুই সপ্তাহে খাগড়াছড়ি হাসপাতালে দৈনিক গড়ে ৯০ জন রোগী হাসপাতালের অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছেন। আর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন গড়ে ৩০০ জন। চিকিৎসক–সংকট ছাড়াও হাসপাতালটিতে রয়েছে বহুবিধ সমস্যা। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্স প্রায় সময় বিকল থাকে। ইসিজি যন্ত্রটিও নষ্ট। এক্স-রে যন্ত্র থাকলেও রেডিওলজির চিকিৎসক না থাকায় এক্স-রে করা হয় না। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে।
সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনের মেঝেতে শয্যা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনতলা নতুন ভবনে প্রসূতি বিভাগ স্থানান্তর হলেও সেখানে সাধারণ রোগীদের জন্য কোনো শয্যা নেই।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সঞ্জীব ত্রিপুরা বলেন, চিকিৎসকের সংকট রয়েছে ঠিকই। তবে যাঁরা কর্মরত আছেন, তাঁরা পরিস্থিতি সামাল দিচ্ছেন। চিকিৎসাসেবার কোনো ঘাটতি নেই। হাসপাতালে আসা সব রোগীই সেবা পাচ্ছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক জাহেদুল আলম জানান, প্রধানমন্ত্রীর কাছে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানানো হয়েছে। ধাপে ধাপে হাসপাতালটির অবকাঠামো ও লোকবল বাড়ানো হচ্ছে।