ভবন নির্মাণ শেষে উদ্বোধনও হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল অনুমোদন দেওয়া হয়নি। এ কারণে ছয় বছর তালাবদ্ধ হয়ে পড়ে আছে পানছড়ির লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। এখনো চালু হয়নি কার্যক্রম। কেন্দ্রটি চালু না হওয়ায় লোগাং ও চেঙ্গী ইউনিয়নের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। লোগাং বাজারের স্থায়ী বাসিন্দা মো. মিলন মিয়া জানান, এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫ কিলোমিটার দূরে। এ কারণে লোকজন অসুস্থ হয়ে পড়লে ভরসা গ্রাম্য হাতুড়ে চিকিৎসক ও কবিরাজ। তাঁদের ভুল চিকিৎসায় রোগ ভালো হওয়া তো দূরের কথা, উল্টো জাটিল রোগে আক্রান্ত হচ্ছে।উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনসাধারণের মানসম্মত স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সালে জুন মাসে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে দুই তলাবিশিষ্ট লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভবন নির্মাণ করা হয়। একই বছরের ৩০ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া ভবন উদ্বোধন করেন। কিন্তু জনবল দেওয়া হয়নি। তাই উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ রয়েছে ভবনটি। সরেজমিনে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি। একতলার অধিকাংশ জানালার কাচগুলো ভেঙে গেছে। আর দোতলায় অস্থায়ী হিসেবে লোগাং ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। বর্তমানে স্বাস্থ্য সহকারী বিজলী রানী সাহা সপ্তাহের প্রতি রোববার এসে চিকিৎসাসেবা দিচ্ছেন। লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, জনস্বার্থে জরুরি ভিত্তিতে লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি চালু করা দরকার। এটি চালু হলে দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা পাবে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণচন্দ্র দাশ এ প্রসঙ্গে জানান, ভবন উদ্বোধনের পরপরই মেডিকেল কর্মকর্তা (আবাসিক), সহকারী মেডিকেল কর্মকর্তা, ভিজিটর, আয়া, পিয়ন ও নৈশপ্রহরী নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে অনেকবার আবেদন করা হয়েছে। কোনো কাজ হয়নি।খাগড়াছড়ি সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী জানান, পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র চালুসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই জনবল নিয়োগ দেওয়া হবে।