ভবন নির্মাণকাজ শেষ হলেও চালু হয়নি আনোয়ারার ফায়ার সার্ভিস স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেরও বেশি সময় আগে নির্মাণকাজ শেষ হলেও লোকবল নিয়োগ না হওয়ায় এখনো কার্যক্রম শুরু হয়নি আনোয়ারার নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের। ফলে আনোয়ারাবাসী এর সুফল ভোগ করতে পারছে না। কাছাকাছি কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় চট্টগ্রাম শহর ও পটিয়া থেকে গাড়ি এসে আনোয়ারার অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দেয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে উপজেলা সদরে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। ২০১৫ সালের শেষের দিকে এর কাজ শেষ হয়। মেসার্স হাওলাদার এজেন্সি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ করে। বছরখানেক আগে ভবনে রং করার কাজও শেষ হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা সদরে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই, ফটকে তালা লাগানো। কোনো গাড়ি বা আগুন নেভানোর সরঞ্জামও চোখে পড়েনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, তিনতলাবিশিষ্ট এ ফায়ার স্টেশনে দুটি গাড়ি ও ১৭টি পদে লোকবল থাকার কথা। এসব পদের মধ্যে রয়েছে দুজন চালক ও ১৫ জন ফায়ারম্যান। তবে এখনো এসব পদে লোকবল নিয়োগ হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় পরিচালক আবদুস সাত্তার মণ্ডল বলেন, আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপণ গাড়ি ও লোকবল নিয়োগ হয়নি এখনো। এটি প্রক্রিয়াধীন রয়েছে। লোকবল নিয়োগ হলেই স্টেশনটি চালু হবে।

এদিকে নগর ও পটিয়ার ফায়ার স্টেশন থেকে আনোয়ারায় আগুন নেভাতে গাড়ি আসাতে অনেক দেরি হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সূত্র জানায়, ৯ মার্চ উপজেলা সদরের সাদ-মুছা শিল্প পার্কের একটি টেক্সটাইল মিলে লাগা আগুনে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে শহরের তিনটি ও পটিয়ার একটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে। আগুন নেভাতে গাড়ি আসতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে কারখানার কর্মকর্তারা দাবি করেছেন। ৩০ লাখ মিটার কাপড় ও ২৪ টন সুতা, যন্ত্রপাতিসহ ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সাদ-মুছা শিল্পপার্কের উপমহাব্যবস্থাপক (টেক্সটাইল) কৌশিক চক্রবর্তী বলেন, ‘আমাদের কারখানায় আগুন লাগলে বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে কাজ করে। অথচ আমাদের কারখানার ২০০ মিটার দূরত্বেই ফায়ার সার্ভিস স্টেশন। এটির কার্যক্রম থাকলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসত।’

আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, আগুনে আনোয়ারায় প্রতিবছর গড়ে এক কোটি টাকার ওপরে ক্ষতি হয়। আনোয়ারার ফায়ার সার্ভিস স্টেশন কাজ শুরু করলে এ ক্ষতি কমে আসবে।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে, আশা করি খুব শিগগির এর কার্যক্রম শুরু হবে।’ তিনি আরও বলেন, আনোয়ারায় নির্মিত ফায়ার সার্ভিসের কার্যক্রম যাতে শুরু করা হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘একটি ফায়ার সার্ভিস স্টেশনের অভাবে আনোয়ারার অগ্নিদুর্যোগ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস স্টেশন চালু হলে আশা করি এখন সে কষ্ট দূর হবে।’